রাজনৈতিক বিবেচনায় দেওয়া হলো ১১টি বিমা কোম্পানি
নতুন ১১টি বিমা কোম্পানির লাইসেন্স দিয়েছে সরকার। এর মধ্যে নয়টি জীবনবিমা কোম্পানি ও দুটি সাধারণ বিমা (নন-লাইফ) কোম্পানি। এসব বিমার বেশির ভাগই দেওয়া হয়েছে রাজনৈতিক বিবেচনায়, সরকারদলীয় নেতা-সমর্থকদের নামে। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) গতকাল বৃহস্পতিবার নতুন বিমা কোম্পানিগুলোর চেয়ারম্যানদের চিঠি পাঠিয়ে তা জানিয়ে দিয়েছে। নতুন লাইসেন্স দেওয়া হয়েছে আওয়ামী লীগের বর্তমান মন্ত্রী, সাবেক মন্ত্রী, আঞ্চলিক ও বিদেশ শাখার নেতা ও সাবেক সেনা কর্মকর্তাদের।সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির অন্যতম উদ্যোক্তা রেলমন্ত্রী মুজিবুল হক। গতকাল রাতে সোনারগাঁও হোটেলে রূপালী ইনস্যুরেন্স কোম্পানির ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী। নতুন লাইসেন্স পাওয়া এই কোম্পানিতে রূপালী ইনস্যুরেন্সেরও মালিকানা রয়েছে। চার্টার্ড লাইফ ইনস্যুরেন্সের উদ্যোক্তাদের মধ্যে আছেন জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ। ইউনিক হোটেলের প্রতিনিধি হিসেবে এই বিমা কোম্পানিতে আরও আছেন ব্যবসায়ী নূর আলী। আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাংসদ ফরিদুন্নাহার লাইলী পেয়েছেন জেনিথ লাইফ ইন্স্যুরেন্সের লাইসেন্স। চট্টগ্রাম আওয়ামী লীগের নেতা এম. নাসির উদ্দিন নতুন অনুমোদন পাওয়া মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের অন্যতম উদ্যোক্তা। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তারা হচ্ছে ব্র্যাক ফাউন্ডেশন, আয়েশা আবেদ ফাউন্ডেশন, স্কয়ার গ্রুপ এবং এপেক্স গ্রুপ। পরিচালক হিসেবে রয়েছে সৈয়দ নাসিম মঞ্জুর ও স্যামুয়েল এইচ চৌধুরীর নাম।বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক। মোশাররফ হোসেন নামক একজন হিসাববিজ্ঞানী এই কোম্পানির পরিচালক। বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে আইডিআরএ জেনেছে তিনি একজন ঋণখেলাপি। প্রটেকটিভ লাইফ ইন্স্যুরেন্সের অন্যতম উদ্যোক্তা আওয়ামী লীগের নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলাম। পরিচালক রয়েছেন চট্টগ্রামভিত্তিক ক্রিস্টাল গ্রুপের মালিক ও চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি মোরশেদ মোরাদ ইব্রাহীমের ভাই রাশেদ মোরাদ ইব্রাহীম এবং ফুটবল ও ক্রিকেটের ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ শরাফত। জাপানি কোম্পানি তাইও এবং স্থানীয় সামিট গ্রুপকে যৌথভাবে লাইসেন্স দেওয়া হয়েছে তাইও-সামিট ইন্স্যুরেন্স কোম্পানি নামে। সামিট গ্রুপের তিনটি প্রতিষ্ঠান এবং এশিয়ান ফার্নিচারের মালিকানা রয়েছে এতে। এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্সের লাইসেন্স দেওয়া হয়েছে কানাডা আওয়ামী লীগের সভাপতি আবদুল আহাদকে। এতে পরিচালক রয়েছেন আওয়ামী লীগের নেতা মোস্তফা আজাদ চৌধুরী ও গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুল বারী চৌধুরী।নতুন অনুমোদন পাওয়া দুটি সাধারণ বিমা কোম্পানির মধ্যে একটিতে মালিকানা রয়েছে শিকদার গ্রুপের। মমতাজুল হক শিকদার ও জয়নুল হক শিকদারের পাশাপাশি মিরপুরের সাংসদ আসলামুল হক এবং মেজর জেনারেল (অব.) বিজয় কুমার সরকার এই কোম্পানির পরিচালক হিসেবে রয়েছেন। অন্যটি হচ্ছে সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি।দেশে বেসরকারি পর্যায়ে বর্তমানে ৪২টি সাধারণ বিমা কোম্পানি রয়েছে। জীবনবিমা কোম্পানি রয়েছে ১৭টি। মেটলাইফ অ্যালিকো নামে রয়েছে একটি বিদেশি জীবনবিমা কোম্পানি। এর বাইরে সরকারি সংস্থা রয়েছে দুটি—সাধারণ বীমা করপোরেশন ও জীবন বীমা করপোরেশন। দেশে যে কোম্পানিগুলোকে আগের বারের আওয়ামী লীগ সরকার লাইসেন্স দিয়েছিল, সেগুলোর বেশির ভাগেরই অবস্থা এখন খারাপ। তেমন কোনো ব্যবসা নেই। কোনো সুশাসনও নেই এগুলোতে। দেড় যুগ আগে লাইসেন্স পাওয়া বিমা কোম্পানির বেশির ভাগই নামকাওয়াস্তে টিকে আছে। বেশ কয়েকটি সাধারণ ও জীবনবিমা কোম্পানির লাইসেন্স বাতিলের মতো পরিস্থিতি রয়েছে বলে এর আগে মত দিয়েছিল আইডিআরএ। দেশে আর কোনো বিমা কোম্পানির লাইসেন্স দেওয়ার আদতেই বাস্তবতা রয়েছে কি না, আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদের কাছে গত বছর তাঁর একটি বিশ্লেষণমূলক সমীক্ষা চেয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শেফাক আহমেদ বিশ্লেষণ করে অর্থমন্ত্রীকে তখন জানিয়েও দিয়েছিলেন, আর বড়জোর দুই থেকে তিনটি জীবনবিমা কোম্পানির লাইসেন্স দেওয়া যেতে পারে। তবে কোনোভাবেই সাধারণ বিমা কোম্পানি নয়। বাংলাদেশ ইন্স্যুরেন্স কোম্পানির (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা শুরু থেকেই বলে আসছি, আর কোনো বিমা কোম্পানির লাইসেন্স দেওয়া উচিত হবে না। অন্তত সাধারণ বিমা কোম্পানির লাইসেন্স তো নয়ই। তার পরও সরকার দিয়েছে, সরকারের বিবেচনায়।’আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বিমা ব্যবসায়ের ভালো সম্ভাবনা রয়েছে বলেই নতুন লাইসেন্স দেওয়া হয়েছে।’