সংসদে প্রশ্নোত্তর দুর্নীতি দমন কমিশন দণ্ডবিধি এবং অন্যান্য আইনে থাকা এসব মামলা এখন প্রত্যাহারের প্রক্রিয়া চলছে
রাজনৈতিক বিবেচনায় দেড় বছরে ৬৩৯২ মামলা প্রত্যাহারের সুপারিশ
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত দেড় বছরে রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় ছয় হাজার ৩৯২টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।দুর্নীতি দমন কমিশন দণ্ডবিধি এবং অন্যান্য আইনে থাকা এসব মামলা এখন প্রত্যাহারের প্রক্রিয়া চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত বিশেষ কমিটি যাচাই-বাছাই করে এসব মামলা প্রত্যাহারের সুপারিশ করতে বলেছে। প্রত্যাহারের জন্য বিরোধীদলীয় নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা রয়েছে দুটি। এসব মামলা প্রত্যাহারে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি।গতকাল সোমবার বিকেলে জাতীয় সংসদে হারুনুর রশীদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ তথ্য জানান। এর আগে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রধান বিরোধী দল তাদের টানা সংসদ বর্জন অব্যাহত রেখেছে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এসব মামলা হয়েছিল, সে জন্য ওই সময় তাদের বিরুদ্ধে মামলা হওয়ার সুযোগ ছিল না। ওই সময়ের বিরোধী দল আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছিল।ছয় মাসে ১৭ হাজার অপরাধ: চলতি বছরের প্রথম ছয় মাসে হত্যাকাণ্ড, ডাকাতিসহ সারা দেশে ১১ ধরনের ১৭ হাজারের বেশি অপরাধ সংঘটিত হয়েছে। আর বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত ৪০ হাজারের বেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জয়নাল আবদিনের প্রশ্নের জবাবে জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গত ৩০ জুন পর্যন্ত সারা দেশে ১৭ হাজার ৫৭৭টি অপরাধের ঘটনা ঘটেছে। এসব অপরাধের মধ্যে রয়েছে হত্যাকাণ্ড, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, শিশু ও নারী নির্যাতন, অপহরণ, এসিড নিক্ষেপ, দাঙ্গা ইত্যাদি। মন্ত্রী জানান, সর্বাধিকসংখ্যক অপরাধ সংঘটিত হয়েছে নারী নির্যাতন। এর সংখ্যা সাত হাজার ২৮৫। দ্বিতীয় স্থানে রয়েছে চুরি, চার হাজার ১৩৩টি আর হত্যাকাণ্ড ঘটেছে এক হাজার ৯৫১টি।অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ দমনে সরকার আট ধরনের পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে থানায় ওপেন হাউস ডে, কমিউনিটি পুলিশি কার্যক্রম, জনসচেতনতামূলক কার্যক্রম, চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার, সন্দেহভাজন পলাতক আসামিদের ব্যাপারে নজরদারি জোরদার, পুলিশি টহল বৃদ্ধি, ছোটখাটো অপরাধ স্থানীয়ভাবে সমাধান করা এবং অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়েরসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া।তালুকদার মো. ইউনুসের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিদেশে পাচার হয়েছে এক হাজার ৬০৭ জন নারী ও শিশু। আর পাচারের সঙ্গে জড়িত থাকার অপরাধে ৩০৮ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে আটজনের মৃত্যুদণ্ড ও ২২৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।বেনজীর আহমদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত দেড় বছরে পুলিশ বাহিনীতে এসআই ও কনস্টেবল পদে চার দফায় চার হাজার ২৭৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে পুলিশের জনবল হচ্ছে এক লাখ ৩৭ হাজার ৯২৭ জন। বিদেশে আড়াই হাজার বন্দী: বিদেশের কারাগারে দুই হাজার ৪৫৯ জন বাংলাদেশি নাগরিক আটক রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি বন্দী রয়েছেন মালয়েশিয়ার কারাগারে। সেখানে বাংলাদেশের বন্দীর সংখ্যা ৮৪৩ জন। এর বাইরে আরব আমিরাতে ৩৭৫ জন, যুক্তরাজ্যে ১৮৮ জন, সিঙ্গাপুরে ১৮০ জন, আলজেরিয়ায় ১৭৩ জন, ওমানে ১৬১ জন, কাতারে ১২৫, গ্রিসে ৭৮ জন আটক রয়েছেন।গতকাল জাতীয় সংসদে শাহ জিকরুল আহমেদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে লিখিতভাবে উত্তরটি দেওয়া হয়। অপর এক প্রশ্নের জবাবে জানানো হয়, কারাবন্দী এসব বাংলাদেশিকে মুক্ত করার জন্য সংশ্লিষ্ট দেশগুলোতে থাকা দূতাবাস ও কনস্যুলেট নিয়মিত খোঁজখবর নিচ্ছে। আটক ব্যক্তিদের প্রতি কারাগারে যথাযথ আচরণ করা হচ্ছে কি না, তা-ও সরেজমিন পরিদর্শন করা হয়। তিনি বলেন, বিদেশের কারাগারে আটক বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।