রাজনৈতিক বিবেচনায় নতুন ব্যাংক ও জীবন বিমা হচ্ছে
সরকারের রাজনৈতিক ইচ্ছা পূরণে নতুন ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারদলীয় লোকদের ব্যাংকের লাইসেন্স পাওয়ার আকাঙ্ক্ষা পূরণে বদলে গেছে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদও।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে গতকাল বুধবার পর্ষদের সভায় কিছু শর্ত সাপেক্ষে নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়ার এ সিদ্ধান্ত হয়।দেশের সীমিত বাজারে অধিক-সংখ্যক ব্যাংক থাকায় অসম প্রতিযোগিতা হচ্ছে, বাংলাদেশ ব্যাংক এর আগে এমন সিদ্ধান্তের কথা সরকারকে জানিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ওই জায়গা থেকে সরে এসে সরকারের রাজনৈতিক ইচ্ছার কাছে নতিস্বীকার করেছে কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ।এদিকে নতুন করে দু-তিনটি জীবন বিমা কোম্পানি প্রতিষ্ঠা করা যায়, এমন মত দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করে আইডিআরএ গতকাল তাদের এ মত দিয়েছে বলে জানা গেছে।পর্ষদ সভা: সূত্র জানায়, পর্ষদের সভায় বেসরকারি খাতে দেশে নতুন ব্যাংকের প্রয়োজনীয়তা আদৌ রয়েছে কি না, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। সেখানে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের অর্থনীতি ও ব্যাংক খাতের বিভিন্ন বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। এতে নতুন ব্যাংক প্রতিষ্ঠার বিপক্ষের শক্ত যুক্তিই প্রাধান্য পেয়েছে। আবার ব্যাংকের বিপুল পরিমাণ মুনাফা ও ব্যাংকিং সেবা থেকে অনেক মানুষ বঞ্চিত রয়েছে, নতুন ব্যাংক প্রতিষ্ঠার পক্ষে এ ধরনের যুক্তিও দেওয়া হয়েছে।সূত্র জানায়, পর্ষদও নতুন ব্যাংক নিয়ে পক্ষে-বিপক্ষে মতামত দিয়েছে। বিশ্ব অর্থনীতিতে মন্দা পরিস্থিতি বিবেচনায় এখনই ব্যাংকের লাইসেন্স না দেওয়ার প্রস্তাব এলেও শেষ পর্যন্ত সরকারের ইচ্ছারই জয় হয়। তবে কিছু শর্ত আরোপ করতে বলেছেন পর্ষদের সদস্যরা। কয়টি ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে, সে বিষয়ে পর্ষদে আলোচনা না হলেও সূত্রগুলো বলছে, দুই থেকে তিন অথবা চারটি ব্যাংকের লাইসেন্স দেওয়া হতে পারে।জানা গেছে, পর্ষদ বলেছে, বিগত পাঁচ বছরের মধ্যে কোনো সময় কর ও ঋণখেলাপি ছিল, এমন কোনো ব্যক্তির ব্যাংকের লাইসেন্স পাওয়ার আবেদন বিবেচনা করা যাবে না; ঋণ বা করখেলাপির মামলা থাকলেও আবেদন করা যাবে না।এ ছাড়া বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে নতুন ব্যাংক প্রতিষ্ঠার খসড়া দিকনির্দেশনা ওয়েবসাইটে প্রকাশ করেছে। এর শর্তগুলোও পর্ষদ অনুমোদন করেছে। এ ক্ষেত্রে নতুন ব্যাংকের আবেদনের সঙ্গে আট লাখ টাকা অফেরতযোগ্য অর্থ জমা দেওয়ার শর্ত ছিল, পর্ষদ এ টাকার পরিমাণ ১০ লাখ করার সিদ্ধান্ত দিয়েছে।জীবন বিমা: গত ৪ জুলাই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দেশের বিমা খাতের ওপর একটি পর্যালোচনা তৈরি করে দিতে বলেছিল আইডিআরএকে।সংস্থার চেয়ারম্যান এম শেফাক আহমেদ গতকাল অর্থমন্ত্রীর কাছে এ-সংক্রান্ত পর্যালোচনা উপস্থাপন করেছেন।পর্যালোচনায় বলা হয়েছে, জীবন বিমা করপোরেশন, মেটলাইফ-অ্যালিকো এবং আরও ১৬টি জীবন বিমা কোম্পানি রয়েছে। ১১টির লাইসেন্স দেওয়া হয় ২০০০ সালে। তবে বিমা খাতের আরও উন্নতি করার সুযোগ রয়েছে। সার্বিক বিবেচনায় আরও দুই থেকে তিনটি জীবন বিমা কোম্পানির লাইসেন্স দেওয়া যেতে পারে।অন্যদিকে সাধারণ বিমা কোম্পানি রয়েছে ৪৩টি। আইডিআরএ মনে করে, বেসরকারি খাতে আর কোনো সাধারণ বিমা কোম্পানির লাইসেন্স দেওয়ার দরকার নেই।অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমান সরকারের আমলে ৪০০টি বিমা কোম্পানির লাইসেন্সের জন্য আবেদন পড়েছে। এর মধ্যে ২৫০টি সাধারণ বিমা, আর ১৫০টি জীবন বিমা।