রাজনৈতিক বিবেচনায় প্রকল্প প্রণয়ন করে এলজিইডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকে রাজনৈতিক বিবেচনায়। তাদের কাজের দরপত্র ও কার্যাদেশ নিয়ন্ত্রণ করে থাকে ক্ষমতাসীন দল। যে কারণে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছেন। তাঁরা বিলের টাকা পরিশোধ করতে গিয়ে ঠিকাদারের কাছ থেকে সাড়ে আট থেকে সাড়ে ১০ শতাংশ টাকা ঘুষ নিয়ে থাকেন। ব্যক্তিগত কাজে ব্যবহার করেন অফিসের গাড়ি, সন্তুষ্ট রাখতে মন্ত্রী-সচিবদের দিয়ে থাকেন গাড়িসেবা। ফলে সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থ হচ্ছে প্রতিষ্ঠানটি।আজ রোববার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ‘স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর: সুশাসনের সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়।রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এই সেমিনারে স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলেন, এলজিইডির নেতিবাচক কাজের চেয়ে ইতিবাচক কাজের পরিমাণ বেশি। তাঁরা প্রতিষ্ঠানটির জন্য আলাদা আইনি কাঠামো গঠনের সুপারিশ করেন।তবে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি ও সেমিনারের সভাপতি হাফিজ উদ্দীন খান এলজিইডির জন্য আলাদা আইনি কাঠামোর বিরোধিতা করে বলেন, এলজিইডি গ্রামীণ উন্নয়নে যথেষ্ট অবদান রেখেছে। তাই প্রতিষ্ঠানটি যেভাবে চলছে, সেভাবে চলতে দেওয়া উচিত। সমস্যা যা আছে তা থেকে কীভাবে বেরিয়ে আসা যায়, সে ব্যাপারে চিন্তাভাবনা করা যেতে পারে। সেমিনারে প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির গবেষক নাহিদ শারমীন ও শাহজাদা এম আকরাম। এতে বলা হয়, এলজিইডির নিজস্ব কোনো আইনি কাঠামো নেই। নিয়োগ, পদোন্নতি, পদায়ন ও বদলির ক্ষেত্রে প্রধান প্রকৌশলী একচ্ছত্র ক্ষমতা প্রয়োগ করে থাকেন। বর্তমানে এলজিইডিতে রাজস্ব খাতের ১৫৬ এবং প্রকল্প খাতের ২০৯টি গাড়ি রয়েছে। কিন্তু বেশির ভাগ গাড়ি কোথায় কীভাবে, কে ব্যবহার করছেন, তার হিসাব এলজিইডিতে নেই। বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা ব্যক্তিগত কাজে এলজিইডির গাড়ি ঢাকার বাইরে নিয়ে যান। এজন্য চালকেরা এলজিইডি থেকে ওভারটাইম ভাতা নিয়ে থাকেন। আর্থিক ব্যবস্থাপনায়ও এলজিইডি স্বচ্ছ নয়। অডিট আপত্তি অনুযায়ী ২০১১-১২ সাল পর্যন্ত অনিষ্পন্ন টাকার পরিমাণ এক হাজার ৩৬৯ কোটি টাকা।এলজিইডির বিভিন্ন প্রকল্পের ঠিকাদারি ক্ষমতাসীন দলের মন্ত্রী-সাংসদেরা নিয়ন্ত্রণ করে থাকেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বলা হয়, এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের আগেই অনানুষ্ঠানিকভাবে কার্যাদেশ দেওয়া হয়ে যায়। কার্যাদেশ পাওয়ার পর তা নির্দিষ্ট পরিমাণ কমিশনের ভিত্তিতে অন্যের কাছে বিক্রি করে দেওয়া হয়। কাজ শেষে বিল তুলতে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে মোট টাকার সাড়ে আট থেকে সাড়ে ১০ শতাংশ পরিমাণ টাকা ঘুষ দিতে হয়। এ টাকা নিয়ে থাকেন নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, হিসাবরক্ষক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকল্প পরামর্শক, উপজেলা প্রকৌশলী, প্রকল্প পরিচালক ও কোষাধ্যক্ষ। প্রতিবছর এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সম্পদের হিসাব প্রকাশের সুপারিশ করে টিআইবির প্রতিবেদনে বলা হয়, জ্ঞাত আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পদের ক্ষেত্রে তদন্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, এলজিইডিকে লাল ফিতার দৌরাত্ম্যের সঙ্গে আপস করতে হয়েছে। তাদের কাজ করতে হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ এবং মহা হিসাব নিরীক্ষকের কার্যালয়ের সঙ্গে। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের টাকা দিয়ে, গাড়ি দিয়ে সন্তুষ্ট না করলে এলজিইডির প্রকল্প পাস হয় না। ১০ জন সচিব আর ১০ জন মন্ত্রীর দুর্নীতি বন্ধ হয়ে গেলে ৭০ শতাংশ দুর্নীতি কমে যাবে। মন্ত্রণালয়ের কোন কোন কর্মকর্তা ব্যক্তিগত কাজে এলজিইডির গাড়ি ব্যবহার করেন, গণমাধ্যমকে তার হিসাব বের করার আহ্বান জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, এলজিইডিকে তদবিরভিত্তিক প্রকল্প গ্রহণ না করে উপজেলা ও ইউনিয়ন কেন্দ্র করে পরিকল্পনা ভিত্তিক প্রকল্প গ্রহণ করতে হবে।স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক সালাউদ্দিন এম আমিনুজ্জামান বলেন, এলজিইডি সব সময় ক্ষমতাসীন দলের কর্মীদের কর্মসংস্থানের জায়গা। এই রাজনৈতিক সংস্কৃতির বাইরে গিয়ে কাজ করা সম্ভব নয়। তা সত্ত্বেও দক্ষিণ এশিয়ায় গ্রামীণ যোগাযোগ ও মানুষের উন্নয়নে এলজিইডি এগিয়ে। যার ফলে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির বিকাশ ঘটেছে। সমস্যা হচ্ছে, এলজিইডি যত শক্তিশালী হচ্ছে, দেশের স্থানীয় সরকারব্যবস্থা তত দুর্বল হচ্ছে। কারণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো এলজিইডির ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। অধ্যাপক সালাউদ্দিন এজন্য এলজিইডির নাম থেকে ‘স্থানীয় সরকার’ শব্দটি বাদ দিয়ে ‘স্থানীয় অবকাঠামো উন্নয়ন বিভাগ’ করে এর জন্য আলাদা আইনি কাঠামো গঠনের সুপারিশ করেন।সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের চেয়ে এলজিইডির ক্ষমতা বেশি। এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তিনি এলজিইডির কাজ স্থানীয় প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে ভাগ করে দেওয়ার পরামর্শ দেন।অনুষ্ঠানের সঞ্চালক টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এলজিইডিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করার আহ্বান জানান। টিআইবির সুপারিশের আলোকে এলজিইডি তাদের ভবিষ্যত্ পরিকল্পনা গ্রহণ করবে জানিয়ে প্রতিষ্ঠানটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, টিআইবির প্রতিবেদনে অনেক সমস্যা বেরিয়ে এসেছে। তবে তারা আরও গভীরে গিয়ে কাজ করলে এলজিইডির অনেক ইতিবাচক কাজ খুঁজে পেত। এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল্লাহ বলেন, বিচ্ছিন্নভাবে এলজিইডির কিছু লোকের অনৈতিক কাজের দায় সার্বিকভাবে প্রতিষ্ঠানটিকে বহন করতে হচ্ছে।