চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ১১ জনকে পুড়িয়ে হত্যার মামলা থেকে রাজনৈতিক বিবেচনায় মো. নজরুল ইসলাম নামের এক আসামির নাম বাদ দেওয়া হয়েছে। তিনি বাঁশখালী উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে চট্টগ্রামের জেলা প্রশাসক তাঁর নাম প্রত্যাহার করেন।২০০৩ সালের ১৮ নভেম্বর গভীর রাতে বাঁশখালীর সাধনপুরের শীলপাড়ার তেজেন্দ্র শীলের বাড়িতে আগুন লাগিয়ে দুর্বৃত্তরা সংখ্যালঘু পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করে। পরে ওই নাশকতা থেকে বেঁচে যাওয়া বিমল চন্দ্র শীল বাঁশখালী থানায় মামলা করেন। এ ঘটনায় ওই সময় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।আদালত সূত্র জানায়, নজরুল ইসলামের বিরুদ্ধে সরকার মামলা না চালানোর সিদ্ধান্ত নেয়। গত বছরের ৮ ডিসেম্বর জেলা প্রশাসককে দেওয়া চিঠিতে আসামির নাম প্রত্যাহারের জন্য চট্টগ্রাম জেলার সরকারি কৌঁসুলিকে (পিপি) প্রয়োজনীয় পরামর্শ দিতে মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়। সরকারি আদেশসংক্রান্ত প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখার সহকারী সচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা।অব্যাহতি পাওয়া আসামি মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ঘটনার সময় আমি পটিয়ায় ছিলাম। রাজনৈতিক কারণে জোট সরকারের আমলে আমাকে এ মামলায় ফাঁসানো হয়।’আদালত সূত্র জানায়, মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মোহাম্মদ আবুল হাশেম গত ৫ এপ্রিল আদালতে আবেদন করেন।মোহাম্মদ আবুল হাশেম এ প্রসঙ্গে প্রথম আলোকে জানান, নজরুল ইসলাম স্থানীয় উপজেলা যুবলীগের নেতা। রাজনৈতিক কারণে তাঁকে বিগত জোট সরকারের আমলে আসামি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি বিবেচনা করে তাঁর নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। তিনি আরও জানান, তবে এ মামলার অন্য ৩৮ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলবে।উল্লেখ্য, বাঁশখালী উপজেলা বিএনপির সহসভাপতি আমিনুুর রহমান চৌধুরী ওরফে আমিন চেয়ারম্যানসহ ৩৮ জনের বিরুদ্ধে ১২ সেপ্টেম্বর অভিযোগ গঠন করা হয়। আগামী ১৭ অক্টোবর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।৩৮ জন আসামির আটজন হাজতে আছেন। বাকিদের মধ্যে আমিন চেয়ারম্যানসহ ১৫ জন উচ্চ আদালতের রায়ে জামিনে আছেন। এ ছাড়া অন্য ১৫ জন আসামি পলাতক রয়েছেন।