রাজনৈতিক বিভক্তি উন্নয়নে বাধা: আকবর আলি খান
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, দেশের রাজনীতি দুই দশক ধরে সংঘর্ষে আবর্তিত হচ্ছে। সবাই রাজনৈতিকভাবে দ্বিধাবিভক্ত। এ বিভক্তি উন্নয়নের ক্ষেত্রে বড় সমস্যা।আজ রোববার ডেভেলপমেন্ট অ্যান্ড ডেমোক্রেসি ইনস্টিটিউট (ডিডিআই) নামের নতুন একটি গবেষণা প্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আকবর আলি খান এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তন ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।সাবেক এই উপদেষ্টা বলেন, ‘উন্নয়নের মূল শর্ত গণতন্ত্র। গণতন্ত্র ছাড়া উন্নয়ন হবে না। আবার উন্নয়ন ছাড়া গণতন্ত্র হবে না। কিন্তু উন্নয়ন শুধু সংখ্যা বা পরিমাণ দিয়ে বিচার করলে হবে না। গুণগত উন্নয়নের বিষয়টিও দেখতে হবে। যেমন: বলা হয় আমাদের শিক্ষার্থী সংখ্যায় এত বেড়েছে, এত কমেছে—পরিমাণগতভাবে এটি উন্নয়ন। কিন্তু দেখতে হবে আসলে শিক্ষার গুণগত মান কতটুকু উন্নত হয়েছে।’বাংলাদেশের মতো ‘সমরূপ’ রাষ্ট্র বিশ্বে খুব কম উল্লেখ করে আকবর আলি খান বলেন, বাংলাদেশে অনেক প্রাকৃতিক সম্পদ আছে। কিন্তু সামাজিক সম্পদের অভাব আছে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, বিশ্বাস এসবের ঘাটতি আছে।চলমান ধারার রাজনীতির সমালোচনা করে আকবর আলি বলেন, রাজনীতিকেরা একে অপরের সঙ্গে ভালোভাবে কথা বলেন না। পরমতসহিষ্ণুতা নেই। এখন সবকিছুই রাজনৈতিকভাবে বিভক্ত। সব শ্রেণী-পেশার মানুষও রাজনৈতিকভাবে বিভক্ত। সামনে কোনো আদর্শ নেই। এমন কোনো প্রশ্ন নেই, যেখানে মতবিরোধ নেই।অনুষ্ঠানে ডিডিআইয়ের সভাপতি আবদুর রব খান, এলজিআরডি সচিব মিহিরকান্তি মজুমদার অন্যদের মধ্যে বক্তব্য দেন।