থাই প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়া বলেছেন, ব্যাংককসহ সারা দেশে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠিত করা হয়েছে। আপিসিত আরও বলেন, খুব দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হবে। তিনি এক টেলিভিশন ভাষণে বলেন, রাজনৈতিক বিভাজন দূর করার সব প্রচেষ্টাই অব্যাহত থাকবে। গত সপ্তাহে ‘রেড শার্ট’ বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভেঙে দেওয়ার দাবিতে ব্যাংককের মূল বাণিজ্য কেন্দ্র দখল করে। তাদের সরানোর জন্য সেনাবাহিনী ডাকা হয়। আপিসিত বলেন, তিনি সম্যকভাবে অবহিত যে তাঁর দেশ একটি মারাত্মক প্রতিকূল অবস্থার সম্মুখীন; বিশেষ করে রাজনৈতিক বিভক্তির সমস্যা। এ সমস্যা থেকে বের হয়ে আসার সব প্রচেষ্টাই নেওয়া হবে। তিনি বলেন, একটি নিরপেক্ষ কমিটি সব সহিংস ঘটনা তদন্ত করে দেখবে।গত বুধবার সেনাবাহিনী ব্যাংককের কেন্দ্রে রেড শার্টদের সরিয়ে দেওয়ার সর্বাত্মক আক্রমণ চালায়। রেড শার্টরা গত মার্চ থেকে আপিসিতের পদত্যাগ দাবি করে আসছিল। তাদের বক্তব্য হলো আপিসিতের নিয়োগ অবৈধ। গত বুধবারের সহিংসতায় ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় রেড শার্ট নেতাদের গ্রেপ্তার করা হয়। পরে ব্যাংককের কয়েকটি বড় বড় ভবনে বিশেষ করে ব্যাংক, স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। দেশের উত্তর দিকের প্রদেশেও কিছু কিছু বিক্ষিপ্ত সহিংসতার ঘটনা ঘটে। গত দুই মাসে সহিংসতায় প্রায় ৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।ব্যাংককসহ দেশটির ২৩টি প্রদেশে এখনো নৈশকালীন কারফিউ বজায় আছে।