রাজনৈতিক ভূমিকা থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা করছেন দালাই লামা
তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামা তাঁর রাজনৈতিক ভূমিকা থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা করছেন।১৯৫৯ সালে চীনের শাসনের বিরুদ্ধে তিব্বতের জনগণের অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে ভারতের ধর্মশালায় আজ বৃহস্পতিবার দালাই লামা তাঁর এ পরিকল্পনার কথা জানান। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়েছে।দালাই লামা বলেছেন, চলতি মাসে তিনি তিব্বতে একটি নির্বাচিত কর্তৃপক্ষ গঠনের কাজ শুরু করবেন। তবে তিনি তিব্বতের স্বাধীনতা নয়, অর্থপূর্ণ স্বায়ত্তশাসন চান বলেও জানিয়েছেন।দালাই লামা বলেন, ‘১৯৬০ সালের শুরুর দিকে আমি বলেছিলাম, তিব্বতে জনগণের ভোটে নির্বাচিত একজন নেতা দরকার। যাঁর মাধ্যমে আমি ক্ষমতার বাস্তবায়ন করতে পারি। এখন আমরা সেই সময়ে পৌঁছে গেছি।’তিব্বতের নির্বাসিত ধর্মীয় নেতা দালাই লামা চীনে বৃহত্তর স্বাধীনতা নিশ্চিত করার জন্য দেশটির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বলে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে। চীনা নেতাদের প্রতি তিনি বৃহত্তর স্বচ্ছতা দেখানোরও আহ্বান জানিয়েছেন।তিব্বতের নির্বাসিত এই ধর্মীয় নেতা বলেছেন, বিশ্বের কাছ থেকে সম্মান ও বিশ্বাস অর্জন করার জন্য চীনের উচিত মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা।দালাই লামা বলেন, ‘চীন বিশ্বের সবচেয়ে বড় জনসংখ্যার দেশ ও একটি উদীয়মান বিশ্বশক্তি। আমি চীনের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করি। মানব উন্নয়ন ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এই দেশটির আরও অনেক সম্ভাবনা রয়েছে। এ জন্য চীনকে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের শ্রদ্ধা ও বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে। এই শ্রদ্ধা অর্জন করতে হলে চীনা নেতাদের অবশ্যই তাঁদের স্বচ্ছতার উন্নয়ন ঘটাতে হবে। তাঁদের অবশ্যই কথামতো কাজ করতে হবে। এটা নিশ্চিত করার জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা অপরিহার্য।’১৯৫৯ সালে চীনা শাসনের বিরুদ্ধে এক ব্যর্থ অভ্যুত্থানের পর থেকেই দালাই লামা নির্বাসিত জীবনযাপন করছেন।