টেকসই ভূমি ব্যবস্থাপনার জন্য সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে নীতিমালা তৈরি করতে হবে। যারা ক্ষমতায় আছে বা ক্ষমতায় আসবে, তাদের একটি নীতিমালাই অনুসরণ করতে হবে। গতকাল মঙ্গলবার প্রথম আলো আয়োজিত ‘টেকসই ভূমি ব্যবস্থাপনা: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক গোলাটেবিল আলোচনায় ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান এ কথা বলেন।প্রথম আলোর কার্যালয়ে আয়োজিত এ আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন, ‘টেকসই ভূমি ব্যবস্থাপনা নিয়ে ২০ বছর পরে ভাবলে হবে না, এখনই ভাবতে হবে। ঢাকা শহরে যা দেখছি, তার কোনোটিই টেকসই নয়। টেকসই ভূমি ব্যবস্থাপনার জন্য সব রাজনৈতিক দলকে মতৈক্যে আসতে হবে। যারা ক্ষমতায় আছে বা আসবে, তাদের সবাইকে টেকসই ভূমি ব্যবস্থাপনার ব্যাপারে এক নীতিতে আসতে হবে।’ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত বলেন, পঞ্চদশ সংশোধনীর আগে সংবিধানে জলবায়ু বা জলাভূমি বিষয়ে কিছু ছিল না। সর্বশেষ সংশোধনীর মাধ্যমে এ বিষয়টিকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। যে কারণে ভূমি ব্যবস্থাপনা নিয়ে নতুনভাবে ভাববার ক্ষেত্র তৈরি হয়েছে। জমি সীমিত বলে উৎপাদন বাড়াতে হবে। সে জন্য বাস্তব চিত্র চিহ্নিত করে পরিকল্পনা গ্রহণ করতে হবে। জমি নষ্ট না করে বাসভবনগুলোকে ওপরের দিকে উঠতে দিতে হবে। সরকারের কাছ থেকে ইজারা নেওয়া জমির অপব্যবহার বন্ধ করতে হবে। এসব অপব্যবহারকারীদের পেছনে রয়েছে রাজনৈতিক শক্তি।পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে পরিবেশ এবং জলবায়ু নিয়ে আলোচনার দ্বার উন্মুক্ত হয়েছে। সুতরাং এ বিষয়ে এখন সরকারকে নতুন করে ভাবতে হবে। জনগোষ্ঠীর চাপে জমির অপব্যবহার হচ্ছে। এসব রোধে বিচ্ছিন্নভাবে আইন না করে একটি পরিপূর্ণ আইন করতে হবে। একই সঙ্গে মানুষকে সচেতন হতে হবে।বিআইডিএসের গবেষণা পরিচালক এম আসাদুজ্জামান বলেন, দেশের মানুষের মধ্যে টেকসই ভূমি ব্যবস্থাপনার ধারণাটা নেই। ধারণা নেই বলেই যথাযথভাবে জমির ব্যবহার হচ্ছে না। খাস জমি দখল করে শিল্পের কাজে ব্যবহার হচ্ছে। জনসংখ্যার চাপে কৃষি জমির পরিমাণ এবং উৎপাদন কমছে। নগরায়ণের ফলে জমির দাম অস্বাভাবিক বাড়ছে। এর সবই হচ্ছে সমন্বিত নীতিমালা এবং সিদ্ধান্তের অভাবে। টেকসই ভূমি ব্যবস্থাপনার জন্য দেশের ভূমি ব্যবস্থাপনাকে মানুষের বাসস্থান, কৃষি, বন ও জলাশয়—এই চার ভাগে ভাগ করার পরামর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক নুরুল ইসলাম। তিনি বলেন, কৃষি জমি নষ্ট করে বাসস্থান বা বসবাসের জমিতে কৃষি কাজ করা যাবে না। একইভাবে জলাশয় এবং বনভূমি রক্ষা করতে হবে। সারা দেশকে নগরায়ণের আওতায় আনতে হবে। শুধু ঢাকা বা চট্টগ্রামকে কেন্দ্র করে নগরায়ণ হবে না। যেন প্রতিটি গ্রামই হয় নগরের মতো। তিনি আরও বলেন, বর্তমানে সারা দেশে ভূমির ব্যবহার কেমন, সে সংক্রান্ত কোনো জরিপ নেই। মানচিত্র আছে, কিন্তু মানুষ জানে না তার জমি কোন শ্রেণীতে পড়েছে। যে কারণে এখন দেশের ২৫ শতাংশ জমি বাসস্থানের আওতায় চলে গেছে। এ সংক্রান্ত যেসব আইন আছে তার প্রয়োগ নেই। যে কারণে ঢাকা এবং তার আশপাশে দ্রুত কৃষি জমি নষ্ট হচ্ছে। বাড়ছে শিল্প এলাকা।বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, সরকারের মন্ত্রণালয় এবং বিভাগগুলোর মধ্যে সমন্বয়ের অভাবে দেশব্যাপী ভূমির অপব্যবহার হচ্ছে। শিল্পায়ন হচ্ছে শুধু ঢাকা-চট্টগ্রামকে কেন্দ্র করে। দেশের অন্য এলাকায় শিল্পায়ন হচ্ছে না। যে কারণে ঢাকা ও চট্টগ্রামে জমির দাম অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছে। এই প্রবণতা রোধ করতে পারলে অন্তত ঢাকা-চট্টগ্রামে ভূমির অপব্যবহার কমবে। বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী বলেন, সাংবিধানিক দায়বদ্ধতার কারণে টেকসই ভূমি ব্যবস্থাপনা নিয়ে ভাবতে হবে। মন্ত্রণালয় এবং বিভাগগুলোকে সমন্বিত সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে।পানি পরিকল্পনা সংস্থার পরিচালক নিলুফা ইসলাম বলেন, ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে সমস্যা কী, তা গত ৪০ বছরের অভিজ্ঞতা থেকে চিহ্নিত করা সম্ভব। সমস্যা যেহেতু চিহ্নিত, তাই ভবিষ্যতে করণীয় সম্পর্কে এখনই ভাবতে হবে। এ জন্য সরকারের নীতি আছে, আইন আছে, মন্ত্রণালয় আছে। তাহলে সমস্যার সমাধান হবে না কেন? আসলে প্রয়োজন সমন্বিত নীতিমালা।ইউএনডিপির পরিবেশ বিশেষজ্ঞ আবু মোস্তফা কামাল উদ্দিন বলেন, জমির ব্যবহারকারীরা সচেতন নয় বলে দিন দিন জমির উর্বরতা এবং পরিমাণ কমছে। সরকারের বেশ কয়েকটি প্রতিষ্ঠান ভূমিসংক্রান্ত মানচিত্র তৈরি করে থাকে। কিন্তু বাস্তবে টেকসই ভূমি ব্যবস্থাপনার জন্য দরকার একটি মানচিত্রের, যা সবাই অনুসরণ করবে। দরকার সমন্বিত নীতিমালা এবং আইন। বন, পরিবেশ, ভূমি, পানি, কৃষি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এই আইন ও নীতিমালার আওতায় পদক্ষেপ গ্রহণ করে কাজ করতে হবে। বিচ্ছিন্নভাবে কাজ করলে সমস্যার সমাধান হবে না।পরিবেশ বিশেষজ্ঞ শিরিন কামাল সাঈদ বলেন, টেকসই ভূমি ব্যবস্থাপনার জন্য জলাভূমি, খাস জমি ইজারা এবং পাহাড় কাটা বন্ধ করতে হবে। কারণ এসব ইজারা পেয়ে থাকেন প্রভাবশালী ব্যক্তিরা, যা ভালো কাজে ব্যবহার হয় না। দরকার সুনির্দিষ্ট ভূমি জরিপ পদ্ধতি। এ জন্য মন্ত্রণালয় এবং তার বিভাগগুলোর মধ্যে সমন্বয়ের দরকার, যা এখন নেই।বিশেষজ্ঞদের পরামর্শ সম্পর্কে প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, ‘সব দল এক হলে সমন্বিত নীতিমালা গ্রহণ করা সম্ভব। আগে নীতিমালা করলে আমার মতো প্রতিমন্ত্রী দিয়ে কিছুই হবে না। এ জন্য সব দলের নেতাদের এক করতে হবে। যার যে দল, আর মতই থাকুক না কেন, সবাইকে সমন্বিত সিদ্ধান্ত নিতে হবে। ভূমি, স্বাস্থ্য, শিক্ষা—সবকিছুতেই নিতে হবে সর্বদলীয় সিদ্ধান্ত। সরকারের মধ্যে পার্থক্য হবে ব্যবস্থাপনাগত এবং আচারে।’অপরিকল্পিত ভূমি ব্যবস্থাপনা এবং জনসংখ্যার চাপে দিন দিন কৃষি জমির পরিমাণ কমছে বলে মনে করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনায় পরিবর্তন এসেছে। আগে এক ফসল হতো। এখন তিন ফসল হয়। কিন্তু বিজ্ঞানসম্মত পদ্ধতি না থাকায় জমি দিন দিন উর্বরতা হারাচ্ছে। উত্তরাঞ্চলে গভীর নলকূপের কারণে জমি স্বাস্থ্য হারাচ্ছে। কৃষক স্বাস্থ্য হারাচ্ছে ঋণগ্রস্ত হয়ে। ইটভাটা মানেই হলো ভূমির পাঁচ ফুট ওপরের মাটিটুকু নেই। সেই ইট রপ্তানি করে দেশের সর্বনাশ করা হচ্ছে। অথচ উৎপাদিত ইট দিয়ে দেশের চাহিদা পূরণ হচ্ছে না।আলোচনায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম।