ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাদ্রাসাশিক্ষক হাতেম আলী ও তাঁর ভাতিজা আলী আকবর হত্যা মামলার ১৯ জন আসামির মধ্যে ১৩ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক কানিজ আকতার নাসরিনা খানম গত সোমবার এ আদেশ দেন। মামলাটি এই আদালতে বিচারাধীন।এই হত্যা মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক হিসেবে দেখিয়ে আসামিরা মামলাটি প্রত্যাহারের আবেদন করেছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে ট্রাইব্যুনালে ওই ১৩ আসামির নাম প্রত্যাহারের জন্য গত ডিসেম্বরে আবেদন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. মাহবুবর রহমান।মামলা থেকে অব্যাহতি পাওয়া আসামিরা হলেন মোশারফ হোসেন ওরফে জুয়েল, সোলায়মান, ফাতেমা বেগম, ফজলুল হক, শামছুদ্দিন, আবুল হাসেম, খোকন মিয়া, সাদ্দাম হোসেন, হরমুজ আলী, মোজ্জাম্মেল হক ওরফে রাসেল, মজিবর রহমান ওরফে বাবুল, গোলাম মোস্তফা ও কুতুব উদ্দিন। মামলার অপর ছয় আসামি হলেন রাজু মিয়া, রফিকুল ইসলাম, রুবেল, রতন মিয়া, সুজন মিয়া ও মোহর উদ্দিন।মামলার বাদী হাফিজ উদ্দিন মাস্টার অভিযোগ করেছেন, এটি রাজনৈতিক হয়রানিমূলক মামলা নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ভুল বুঝিয়ে নাম প্রত্যাহারের বিষয়টি অনুমোদন করিয়ে নিয়েছেন আসামিরা। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মাহবুবর রহমান প্রথম আলোকে বলেন, গত ১ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা এই মামলার ১৯ আসামির মধ্যে ১৩ জনের নাম প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করে ময়মনসিংহ জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি ওয়াজেদুল ইসলামকে চিঠি দেয়। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারায় ১৩ আসামির নাম প্রত্যাহারের আবেদন করা হয়। ওয়াজেদুল ইসলাম ৯ ডিসেম্বর ১৩ আসামির বিরুদ্ধে মামলা না চালানোর জন্য ট্রাইব্যুনালে আবেদন করেন। ট্রাইব্যুনালের বিচারক সোমবার মৌখিকভাবে নাম প্রত্যাহারের আদেশ শুনিয়েছেন। তবে তিনি (কৌঁসুলি) লিখিত আদেশ পাননি। মামলার বাদী হাফিজ উদ্দিন গতকাল বৃহস্পতিবার বলেন, পল্লী বিদ্যুত্ কর্তৃপক্ষ আসামিদের বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দিলে তাঁরা এ ঘটনার সঙ্গে তাঁর বড় ভাই হাতেম আলী জড়িত বলে সন্দেহ করেন। এ নিয়ে আসামিরা ২০০৭ সালের ৩১ মার্চ হাতেম ও আকবরসহ তাঁদের পরিবারের সদস্যদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করেন। এতে ঘটনাস্থলে হাতেম মারা যান। চিকিত্সাধীন অবস্থায় চার দিন পর আকবর মারা যান। তিনি বলেন, হাতেম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বাদী বলেন, তাঁর স্ত্রী গৌরীপুর উপজেলার ৯ নম্বর ভাগনা মাড়ির চর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সম্পাদক। আসামিরা বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। এ কারণে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য আসার পর দুজন আসামি হাইকোর্টে মামলা বাতিলের আবেদন করেন। হাইকোর্ট প্রথমে মামলার কার্যক্রম স্থগিত করেন; তবে চূড়ান্ত শুনানির পর মামলার কার্যক্রম চলতে বাধা নেই বলে রায় দেন। আসামিপক্ষ এ রায়ের বিরুদ্ধে আপিল করলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ১২ নভেম্বর হাইকোর্টের আদেশ বহাল রাখেন। এরপর বিচারিক আদালত এ মামলায় ২৫ জনের সাক্ষ্যও গ্রহণ করেন। আংশিক সাক্ষ্য নেওয়া হয় তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সালেমুজ্জামানের। বাদীর নিয়োজিত আইনজীবী সহিদুল ইসলাম সরদার বলেন, ২০০৭ সালে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালত থেকে মামলাটি ট্রাইব্যুনালে পাঠানো হয়। মামলার ১৩ আসামির নাম প্রত্যাহারের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ফলে বাদীপক্ষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে। সূত্র জানায়, গত বছরের এপ্রিলে আসামি মোশারফ হোসেন ময়মনসিংহ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর মামলাটি প্রত্যাহারের আবেদন করেন। আবেদনে তিনি নিজেকে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর (উত্তর) শাখার সাংগঠনিক সম্পাদক বলে পরিচয় দেন। আবেদনে বলা হয়, আসামিরা গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী। রাজনৈতিকভাবে হয়রানির জন্য মামলায় মা-বাবা-ভাই-বোনসহ ১৯ জনকে আসামি করা হয়েছে। মামলাটি প্রত্যাহারের আবেদনে সুপারিশ করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী। জানা যায়, ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি ওয়াজেদুল ইসলাম ৭ সেপ্টেম্বর মামলাটি প্রত্যাহারের পক্ষে মত দেন। এতে বলা হয়, আসামিদের রাজনৈতিকভাবে হয়রানির জন্য গৌরীপুর বিএনপির কতিপয় নেতার প্রত্যক্ষ মদদে হাফিজ উদ্দিনকে ব্যবহার করে এ মামলা এবং তদন্ত কর্মকর্তাকে প্রভাবিত করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আসামির আবেদনের পর পর বাদী মামলাটি প্রত্যাহার না করার জন্য আইন প্রতিমন্ত্রী বরাবর আবেদন করেন। সরকারি কৌঁসুলি বাদীর আবেদন জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানোর সুপারিশ আবেদনের সঙ্গে পাঠান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১ ডিসেম্বর মামলা থেকে ১৩ আসামির নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। মামলার এজাহারে বলা হয়, বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনাকে কেন্দ্র করে আসামিরা ২০০৭ সালের ৩১ মার্চ গৌরীপুরের বারুয়ামারী গ্রামে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হাতেম আলী ও অন্যদের ওপর আক্রমণ করেন। আসামিদের ধারালো অস্ত্রের আঘাতে হাতেম ও আকবর মারা যান। এ ঘটনায় গৌরীপুর থানায় মামলা হয়। পুলিশ তদন্ত শেষে ১৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।