রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভারত সফর সম্পর্কে আওয়ামী লীগের নেতাদের বক্তব্য রাজনৈতিক শিষ্টচারবহির্ভূত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির বর্ধিত সভার আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, ‘দেশের জনগণের জন্য যেসব সমস্যার সমাধান জরুরি, পার্শ্ববর্তী দেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করে সেসব সমস্যার সমাধানে যখন খালেদা জিয়া ভারত সরকারের সঙ্গে আলোচনা করছেন, তখন নেত্রীর সফর সম্পর্কে আওয়ামী লীগের নেতারা কুত্সা ছড়াচ্ছেন। এ সফর সম্পর্কে যে ভাষায় কথা বলছেন, তা রাজনৈতিক শিষ্টাচার ছাড়িয়েছে।’ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ভারত সরকারের আমন্ত্রণে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ভারত সফর দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে। এ সফর দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করে অমীমাংসিত সব বিষয় সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে, যা নতুন দিগন্তের সূচনা করবে।’ ঈদের আগে ১৮ দলীয় জোটের ঘোষিত কঠোর কর্মসূচি থেকে বিএনপি সরে এসেছে কি না—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আন্দোলন থেকে বিএনপি সরে আসেনি বরং জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন বেগবান করতে সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি নেওয়া হয়েছে।ডেসটিনি ও হল-মার্কের অর্থ কেলেঙ্কারি সম্পর্কে বিএনপির এই নেতা বলেন, এ ব্যাপারে সরকারের নীরবতাই প্রমাণ করে এর সঙ্গে সরকারের শীর্ষ নেতাদের সম্পৃক্ততা রয়েছে।