রাজনৈতিক সংকট কাটাতে সৃজনশীল পথ খোঁজার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন রাজনৈতিক সংকট কাটাতে সৃজনশীল সমাধান বা পথ খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন পরিকল্পনা কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক নূরুল ইসলাম। তিনি বলেন, ‘অনেকেই আমাকে বলেন, আবারও এক-এগারোর মতো হতে পারে। কিন্তু এবার অন্য উপায়ে হবে।’ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের পর জাতীয় নির্বাচন কীভাবে হবে—এ বিষয়ে বলতে গিয়ে নূরুল ইসলাম বলেন, স্বল্প মেয়াদে উদ্ভাবনী উপায় খুঁজে বের করতে হবে। আর দীর্ঘ মেয়াদে সমাধান পেতে হলে মধ্যবিত্ত সমাজকে আরও দায়িত্ববান হতে হবে। তাঁর মতে, রাজনীতিবিদেরা যত কথাই বলুন, শেষ পর্যন্ত নির্বাচনে তাঁদের আসতেই হবে।গতকাল সোমবার প্রথম আলোর কার্যালয়ে এক সৌজন্য মতবিনিময় সভায় এই বিশিষ্ট অর্থনীতিবিদ এসব কথা বলেন। আলোচনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অর্থনীতিবিদ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান স্বাগত বক্তব্য দেন।অধ্যাপক নূরুল ইসলাম আলোচকদের কাছে চারটি বিষয় উপস্থাপন করে সেগুলো সম্পর্কে তাঁদের পর্যবেক্ষণ জানতে চান। এগুলো হলো: বাংলাদেশের ইতিহাস নিয়ে তরুণ প্রজন্মের অনাগ্রহ, বাংলাদেশ-ভারত সম্পর্ক, দেশের রাজনীতির ভবিষ্যৎ ও অর্থনীতির গতিপ্রকৃতি। আলোচকেরা এসব বিষয়ে তাঁদের মতামত দেন।নূরুল ইসলাম বলেন, বাংলাদেশ বারবার পিছু পিছু গিয়ে ফিরে আসে। গর্ত দেখলেই পিছিয়ে যায়। কিন্তু সামনে এগোতে হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকারের সময় নেই বাংলাদেশকে নিয়ে কারসাজি করার। চীনেরও একই অবস্থা। প্রতিবেশী ভারত ব্যস্ত চীন ও পাকিস্তানকে নিয়ে এবং আরও অনেক কিছু নিয়ে।নূরুল ইসলাম আরও বলেন, সব দেশেই ইতিহাস নিয়ে বিতর্ক আছে। এখনো জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিংকন, টমাস জেফারসনের ওপর লেখালেখি, বিতর্ক হয়। প্রকৃত ইতিহাস শেখানোর দায়িত্ব শিক্ষকদের। স্কুল পর্যায় থেকেই ইতিহাস পড়াতে হবে। বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যা সমাধানে আবেগের দাম নেই। যেকোনো সমস্যা সমাধানে সমঝোতা ও আলোচনার জন্য বিশেষ আগ্রহ ও বিশেষজ্ঞ দরকার। বাহুবল হলো বড় বল। আর এই বল তৈরিতে জ্ঞানের পরিধি বাড়াতে হবে।বাংলাদেশের অর্থনীতি মূল্যায়ন করতে গিয়ে বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি আমি ঠিক বুঝি না। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ শতাংশের ওপরে। কীভাবে হলো, আমি বুঝতে পারি না। তবে মনে হচ্ছে, এখানে সরকারি নীতিসহায়তা বড় মুখ্য বিষয় নয়।’নূরুল ইসলামের মতে, অর্থনৈতিক ব্যবস্থাপনায় যে সুশাসনের ঘাটতি রয়েছে, তা পল্লি অঞ্চলের কৃষি, অকৃষিসহ বিভিন্ন খাতে প্রভাব ফেলছে না। এটা ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের অন্যতম কারণ। আর সুশাসন থাকলে অর্থনৈতিক পরিস্থিতি আরও ভালো হতো বলে মনে করেন তিনি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তাঁর মত, এ ছাড়া সরকারের আর কোনো উপায় নেই। সব ধরনের ভর্তুকি কমাতে হবে, নতুবা কর বাড়িয়ে টাকার জোগান দিতে হবে। টাকা ছাপিয়ে অর্থায়ন করলে অবস্থা আরও খারাপ হতো। এতে দ্রুতগতিতে মূল্যস্ফীতি আরও বাড়বে। তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে এক বিলিয়ন ডলার চাচ্ছি। তারা এক পয়সাও দেবে না, যদি ভর্তুকি হ্রাসসহ অর্থনীতির প্রতিটি খাতে পরিবর্তন না করা হয়।’আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান, সাবেক সেনা কর্মকর্তা আমীন আহম্মদ চৌধুরী, জেনেভায় বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত তৌফিক আলী, লেখক সৈয়দ আবুল মকসুদ, ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ বদরুল আহসান, বিশ্ববিদ্যালয় শিক্ষক মোহীত উল আলম, গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এ তসলিম, এম এম আকাশ, আসিফ নজরুল, লেখক ও রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না, সাবেক ব্যাংকার রমণীমোহন দেবনাথ প্রমুখ।উপস্থিত ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ।