২৪ ঘণ্টার মধ্যে উচ্ছেদের ঘোষণা দিয়ে এক মাস পার হয়েছে। কিন্তু ঢাকার অবৈধভাবে গড়ে তোলা কোনো রাজনৈতিক সংগঠনের কার্যালয় উচ্ছেদ করা হয়নি। তবে দুই সিটি করপোরেশন রাজধানীর বিভিন্ন এলাকার ফুটপাতে উচ্ছেদ অভিযান চালিয়েছিল। কিন্তু উচ্ছেদের পরদিনই ফুটপাত আবার বেদখল হয়ে গেছে। বসেছে দোকানপাট। মহাখালী রেলক্রসিংয়ের পাশে রেলওয়ের জমিতে গড়ে তোলা স্থানীয় যুবলীগ ও শ্রমিক লীগের অবৈধ কার্যালয়ের ভেতরে ঢুকে ২০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ তিনজনকে ‘সন্ত্রাসীরা’ গুলি করার পরদিন ২ জুলাই স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ২৪ ঘণ্টার মধ্যে সব রাজনৈতিক সংগঠনের অবৈধ কার্যালয় উচ্ছেদের ঘোষণা দেন। ওই দিন রাতেই ডিসিসি উত্তর মহাখালীর ওই অবৈধ কার্যালয়টি ভাঙতে গেলে নেতা-কর্মীরা বাধা দেন। কিন্তু অবৈধ ওই কার্যালয় উচ্ছেদ না করার যুক্তি হিসেবে তখন ডিসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা সাংবাদিকদের বলেছিলেন, কার্যালয়টি আলামত হিসেবে সংরক্ষণ করার জন্য বলেছে র্যাব। কিন্তু গতকাল গিয়ে দেখা যায়, যুবলীগের নেতারা টিনের একচালা কার্যালয়টি ভেঙে নতুন করে পাকা স্থাপনা নির্মাণ করছেন। চার দেয়ালের গাঁথুনি উঠে গেছে প্রায় চার ফুট।গুলিতে আহত জাকির হোসেন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। হয়েছেন বনানী থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। আগের কার্যালয়টি ভাঙার কারণ জানতে চাইলে জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রী মহোদয়ের (জাহাঙ্গীর কবির নানক) নির্দেশ ছিল রোজার মাসে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করার, সে জন্য ভেঙে ফেলেছি।’ তাহলে আবার পাকা স্থাপনা নির্মাণ করছেন কেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটা চিহ্ন রেখেছি আরকি। এটা তো কারও ব্যক্তিগত জায়গা না, ইনশাল্লাহ ঈদের পরে আবার করব।’উচ্ছেদের সিদ্ধান্ত কার্যকর হয়নি: রাজধানীর যানজট নিরসনসংক্রান্ত এক বৈঠকে ২৪ ঘণ্টার মধ্যে রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের অবৈধ কার্যালয় উচ্ছেদের ওই নির্দেশ দিয়েছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। সেদিন সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, রাজধানী পরিচ্ছন্ন ও যানজটমুক্ত করতে ২৪ ঘণ্টার মধ্যে যত্রতত্র লাগানো ব্যানার, তোরণ, ফেস্টুন ও ফুটপাতে স্থাপিত আমের দোকানসহ অবৈধ দোকান উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠনের অবৈধ কার্যালয় নিজ নিজ সংগঠনকে নিজ উদ্যোগে উচ্ছেদ করতে বলা হয়েছে। অন্যথায় সিটি করপোরেশন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যৌথভাবে এসব কার্যালয় অপসারণ করবে। ডিসিসি উত্তর ও দক্ষিণের অন্তত ২৫টি জায়গায় রাজনৈতিক সংগঠনের অবৈধ কার্যালয়ের স্থাপনের বিবরণ গত ৩ জুলাই প্রথম আলোয় ছাপা হয়। সরেজমিনে গিয়ে এবং খবর নিয়ে জানা গেছে, গতকাল পর্যন্ত এর একটিও উচ্ছেদ করা হয়নি।জানতে চাইলে ডিসিসি দক্ষিণের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান উল ইসলাম চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, ‘পুলিশ পাওয়া যাচ্ছে না, তাই আমরা আপাতত উচ্ছেদ অভিযান চালাচ্ছি না।’উত্তরে ৬২ অবৈধ স্থাপনা চিহ্নিত: ফুটপাত ও সরকারি জায়গায় রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন ব্যক্তির দখলে থাকা ৬২টি অবৈধ স্থাপনা চিহ্নিত করেছে ডিসিসি উত্তর। এসব স্থাপনার ছবিসহ একটি তালিকা করা হয়েছে। ১২ আগস্ট ডিসিসি উত্তরের সঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বৈঠক হওয়ার কথা আছে। ওই বৈঠকে তালিকাটি উপস্থাপন করা হতে পারে।জানতে চাইলে ডিসিসি উত্তরের সম্পত্তি কর্মকর্তা কাজী শামসুল আলম প্রথম আলোকে বলেন, ‘অবৈধ স্থাপনাগুলো সরাসরি উচ্ছেদ করা হবে, না আগে তাদের নোটিশ দেওয়া হবে, বৈঠকে সে নির্দেশনা চাওয়া হবে।’দক্ষিণে তালিকা তৈরির নির্দেশ: রাজনৈতিক কার্যালয়সহ সব ধরনের অবৈধ স্থাপনার হোল্ডিং নম্বরসহ হালনাগাদ তালিকা তৈরি করতে আঞ্চলিক কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে ডিসিসি দক্ষিণ। দক্ষিণের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান উল ইসলাম চৌধুরী গতকাল প্রথম আলোকে এ তথ্য জানিয়ে বলেন, রোজার পর উচ্ছেদ অভিযান চালানো হবে। ডিসিসি দক্ষিণের সম্পত্তি বিভাগ গতকাল এক আদেশে অবৈধ স্থাপনার হালনাগাদ তালিকা করে সাত দিনের মধ্যে প্রধান সম্পত্তি কর্মকর্তার দপ্তরে পাঠাতে আঞ্চলিক কার্যালয়ের ১০ সার্ভেয়ারকে নির্দেশ দিয়েছে।সকালে উচ্ছেদ, বিকেলেই দখল: গত জুলাই মাসে রাজধানীর গুলিস্তান, মতিঝিল, জিপিও, শাহবাগ, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট থেকে কলাবাগান মাঠ পর্যন্ত এলাকায় ফুটপাতের দোকান উচ্ছেদ করে ডিসিসি দক্ষিণ। আর ডিসিসি উত্তর গুলশান-১ ও ২ নম্বর এলাকা, কারওয়ান বাজার, ফার্মগেটের ওভারব্রিজ থেকে জাতীয় সংসদের খেজুরবাগান পর্যন্ত, মহাখালী কলেরা হাসপাতাল থেকে সিটি করপোরেশনের মার্কেট ও উত্তরার কয়েকটি এলাকায় উচ্ছেদ চালায়। কিন্তু গতকাল ঘুরে দেখা যায়, উচ্ছেদ এলাকায় আবার দোকানপাট বসেছে।জানতে চাইলে ডিসিসি দক্ষিণের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘সকালে উচ্ছেদ করলে বিকেলে আবার দখল হচ্ছে, এটা সবাই দেখছে। রোজার পর অভিযান চালানো হবে।’