রাজনৈতিক সংগঠনের অবৈধ কার্যালয় উচ্ছেদ হয়নি
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নির্দেশের পরও গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত রাজধানীর কোথাও রাজনৈতিক সংগঠনের অবৈধ কার্যালয় উচ্ছেদে অভিযান চালায়নি ঢাকার দুই সিটি করপোরেশন (ডিসিসি)। তবে, বিকেলে গুলশান-১ ও গুলশান-২ এলাকায় ফুটপাতের কিছু অস্থায়ী দোকান উচ্ছেদ করে ডিসিসি উত্তর।গত সোমবার নিয়মিত অভিযানের অংশ হিসেবে ইডেন কলেজ এলাকা, ধানমন্ডির ল্যাবএইড ও সেন্ট্রাল হাসপাতালের আশপাশের এলাকায় ফুটপাতের দোকান উচ্ছেদ করে ডিসিসি দক্ষিণ। এ ছাড়া চামেলীবাগ এলাকায় তিনটি অবৈধ বিলবোর্ড সরানো হয়। আর গতকাল নগরের চানখাঁরপুল এলাকায় সিটি করপোরেশনের একটি জায়গা উদ্ধারে অভিযান চালায় ডিসিসি দক্ষিণ। এ ছাড়া আর কোথাও অভিযান চালানো হয়নি বলে জানান ডিসিসির একজন দায়িত্বশীল কর্মকর্তা। সিটি করপোরেশনের দুই এলাকায় বিভিন্ন সড়ক ও অলিগলিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অসংখ্য ব্যানার, ফেস্টুন ঝুলতে দেখা যায়। এর বেশির ভাই ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের নামে। ঢাকা মহানগর যুবলীগের সম্মেলন উপলক্ষে গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউসহ বিভিন্ন এলাকায় একাধিক তোরণও দেখা যায়। গত সোমবার রাজধানীর যানজট নিরসন-সংক্রান্ত এক বৈঠকে গতকাল দুপুর ১২টার মধ্যে রাজনৈতিক, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন সংগঠনের অবৈধ কার্যালয় উচ্ছেদের নির্দেশ দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশের পর সোমবার রাতে অবৈধ কার্যালয় উচ্ছেদে প্রথম অভিযান চালানো হয় মহাখালীর রেলক্রসিং এলাকায়। সেখানে চারটি দোকান ভাঙার পর ২০ নম্বর ওয়ার্ড যুবলীগ ও জাতীয় শ্রমিক লীগের কার্যালয় ভাঙতে গেলে ক্ষমতাসীন দলের নেতারা বাধা দেন। এ নিয়ে অভিযানকারী ব্যক্তিদের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা হয়।গত রোববার দুপুরে যুবলীগের কার্যালয়ে ঢুকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ তিনজনকে গুলি করে পালিয়ে যায়। হামলাকারীদের শাস্তির দাবি করে গতকাল বিকেলে কার্যালয়ের সামনে একটি কালো ব্যানার ঝুলতে দেখা যায়। রাতে অভিযান চালানোয় মহাখালী কাঁচাবাজার থেকে কলেরা হাসপাতাল পর্যন্ত এলাকার ফুটপাতে দোকান বসেনি।ডিসিসি উত্তরের সম্পত্তি কর্মকর্তা শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা কার্যালয় ভাঙতে চেয়েছিলাম। কিন্তু গত রোববার গুলির ঘটনার কারণে এটি ভাঙতে র্যাব থেকে না করা হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা একটি রুট ধরে অভিযান চালাই। পরবর্তী সময়ে রুটে পড়লে আমরা উচ্ছেদ করব।’ সরকারি জায়গা দখল করে আওয়ামী লীগ ও এর সহযোগী বিভিন্ন সংগঠন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় অবৈধ কার্যালয় স্থাপন করেছে। ডিসিরি উত্তর ও দক্ষিণের অন্তত ২৫টি জায়গায় অবৈধ কার্যালয় স্থাপনের বিবরণ গতকাল প্রথম আলোয় ছাপা হয়। ওই সব জায়গায় গতকাল সরেজমিনে এবং খবর নিয়ে জানা গেছে, কোনো সংগঠনের কার্যালয় উচ্ছেদ করা হয়নি।জানতে চাইলে ডিসিসি দক্ষিণের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘অবৈধ কার্যালয় উচ্ছেদের জন্য এক দিন সময় দেওয়া আছে। কাল (বুধবার) থেকে আগামী চার দিন আমাদের অভিযান চলবে। এ সময়ে মন্ত্রণালয়ের নির্দেশমতো সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।’