রাজনৈতিক সংঘাত ও অস্থিতিশীলতা বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় হুমকি, যা জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলার চেয়ে বড় ঝুঁকি সৃষ্টি করতে পারে। আর রাজনৈতিক আস্থাহীনতা ও সংঘাতময় রাজনীতির ঝুঁকি এখনো রয়ে গেছে।বিদায়ী ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স আজ রোববার দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে এ মন্তব্য করেন। তিনি এ সময় জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, উন্নয়ন কর্মকাণ্ড, মানবাধিকার, র্যাব ইত্যাদি নানা প্রসঙ্গে খোলামেলা মত দেন।ইভান্স বলেন, ‘এটি বলতে দ্বিধা নেই যে রাজনৈতিক সংঘাত ও অস্থিতিশীলতা এ মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থার অভাব ও সংঘাতের ঝুঁকি এখনো যথেষ্ট মাত্রায় রয়ে গেছে। কিন্তু বাংলাদেশের পক্ষে অতীতের সংঘাতময় রাজনীতি ও রাজনৈতিক বিভাজনের দিকে ফিরে যাওয়াটা সমীচীন হবে না।’ তিনি আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতপার্থক্য দূর করার ওপর গুরুত্ব আরোপ করেন।বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে কেন্দ্র করে বিতর্কের কারণে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হচ্ছে কি না, জানতে চাইলে স্টিফেন ইভান্স বলেন, ‘২০০৮ সালের অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশে অবাধ ও নির্বাচন অনুষ্ঠান সম্ভব। কাজেই ভবিষ্যতে এ ধারাবাহিকতা থাকবে বলে আমাদের বিশ্বাস। আর বাংলাদেশের আগামী নির্বাচন কেমন হবে, সেটি রাজনৈতিক দল ও জনগণ সময়ের প্রেক্ষাপটে নির্ধারণ করবে।’বাংলাদেশের রাজনীতিতে বিদেশিদের হস্তক্ষেপের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইভান্স দাবি করেন, ২০০৭ সালের রাজনৈতিক পটপরিবর্তনে ঢাকায় বিদেশি রাষ্ট্রদূতদের কোনো ভূমিকা ছিল না। দুর্নীতি এখনো বাংলাদেশের প্রধানতম সমস্যা, যা দূর করাটা জরুরি বলে তিনি মন্তব্য করেন।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্প্রতি যুক্তরাজ্য সফরের সময় মধ্যবর্তী নির্বাচনের যে দাবি তুলেছেন, সেটিকে সমর্থন করেন কি না, জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান সাবেক সেনা কর্মকর্তা থেকে কূটনীতিকে পরিণত হওয়া স্টিফেন ইভান্স।র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়ে ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘দায়িত্ব পালনের সময় মানবাধিকার সমুন্নত রাখতে আমরা ওই প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলাম। ওই প্রশিক্ষণের ফলাফল পর্যালোচনার জন্য একটি সমীক্ষা চালানো হয়েছে। এটা ঠিক যে র্যাবের মধ্যে কিছু সমস্যা আছে। তার মানে এই নয় যে তাদের নিয়ে কোনো কাজ করব না। আর প্রশিক্ষণ কার্যক্রম না চালানোর ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি।’ডিকাবের সভাপতি রাহীদ এজাজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় স্বাগত বক্তৃতা করেন আবদুল মজিদ।