রাজনৈতিক সংস্কারের পক্ষে চীনা প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের বর্তমান অর্থনৈতিক অগ্রগতি অক্ষুণ্ন রাখতে হলে দেশটিতে রাজনৈতিক সংস্কার আবশ্যক বলে মনে করেন দেশটির প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও। সম্প্রতি চীনের শেনজেনে এক সরকারি সফরকালে তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের।‘রাজনৈতিক সংস্কার’ বলতে জিয়াবাও কী বোঝাতে চাচ্ছেন, সেটা পরিষ্কার করা না হলেও তাঁর এই মন্তব্য চীনের অর্থনৈতিক সমৃদ্ধি ধরে রাখার ব্যাপারে কমিউনিস্ট পার্টির শীর্ষ পর্যায়ে যে উদ্বেগ রয়েছে, সেটারই প্রতিফলন। চীনের শীর্ষ পর্যায়ের নেতারা সাম্প্রতিককালে চীনের অর্থনৈতিক অগ্রগতি অক্ষুণ্ন রাখতে সরকারি পর্যায়ে আরও বেশি জবাবদিহি ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কার্যক্রমে স্বচ্ছতা আনয়নের ওপর গুরুত্বারোপ করেছেন।জিয়াবাও বলেছেন, ‘রাজনৈতিক সংস্কার না হলে চীনের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে, আধুনিকতার পথে আমাদের যে অগ্রগতি তাও ব্যাহত হবে। রাজনৈতিক সংস্কারই চীনের অর্থনৈতিক সমৃদ্ধির রক্ষাকবচ।’চীনের জনগণের গণতান্ত্রিক অধিকার, বাকস্বাধীনতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে জিয়াবাও বলেন, রাষ্ট্রীয় নির্দিষ্ট কাঠামোর মধ্যে থেকে গণতান্ত্রিক অধিকার ও মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে। চীনের জনগণকে আধুনিক হিসেবে গড়ে তুলতে হবে। বিদেশিরা যেন চীনা জনগণের সঙ্গে যেকোনো আলোচনা ও ব্যবসায়িক চুক্তিতে স্বাচ্ছন্দ্য হতে পারে, সে ব্যাপারে লক্ষ রাখতে হবে। আর এগুলো কেবল রাজনৈতিক সংস্কারের মাধ্যমেই নিশ্চিত করা যেতে পারে।এর পাশাপাশি চীনের জনগণ যেন নিশ্চিন্ত ও খোলা মনে সরকারের সমালোচনা করতে পারে, সেজন্য সরকারকেই পরিবেশ তৈরি করতে হবে। এতে দুর্নীতি ও অনাচার কমে যাওয়ার সুযোগ তৈরি হবে।চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের মধ্যে প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের একজন উদারপন্থী ও পরমতসহিষ্ণু নেতা হিসেবে সুনাম রয়েছে। তিনি ২০১৩ সাল পর্যন্ত চীনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। জিয়াবাও তাঁর সাম্প্রতিক কিছু বক্তব্য ও মন্তব্যে আকারে-ইঙ্গিতে মোটামুটি জানিয়ে দিয়েছেন, তিনি ভবিষ্যতে চীনের রাজনৈতিক সংস্কারের ব্যাপারে বেশকিছু পদক্ষেপ নিতে যাচ্ছেন।