রাজনৈতিক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কঠিন কাজ: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা কঠিন কাজ। গতকাল মঙ্গলবার আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত মধ্যাহ্নভোজে প্রধান অতিথির বক্তব্যে সিইসি এ কথা বলেন।রাজধানীর হোটেল রূপসী বাংলায় এই উন্মুক্ত আলোচনায় সাবেক মন্ত্রী ওসমান ফারুকের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘নির্বাচন কমিশন কখনো প্রশাসনকে প্রভাবিত করে না। বরং রাজনৈতিক দলের নেতারাই স্থানীয় জেলা প্রশাসক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রভাবিত করে থাকেন।’ তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার কমিশনকে কখনো প্রভাবিত করার মতো কোনো কাজ করেনি। কিন্তু দুঃখজনক হলো, আমার এ কথা বিএনপি বিশ্বাস করবে না।’এ টি এম শামসুল হুদা বলেন, ‘আমাদের সমস্যা হলো, ক্ষমতাসীন দল নির্বাচন কমিশনারদের নিয়োগ দিয়ে থাকে। যে কারণে নির্বাচন কমিশনের প্রতি অন্যান্য রাজনৈতিক দল আস্থা রাখতে পারে না। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় টিকে থাকার জন্য সবকিছুতেই দলীয়করণ করে থাকে। বিচার বিভাগ, নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশনসহ সবকিছুতেই দলীয় বিবেচনায় নিয়োগ দিয়ে থাকে।’ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা একান্ত প্রয়োজন বলে সিইসি মনে করেন। তিনি বলেন, নির্বাচনে পেশিশক্তি এবং কালোটাকার প্রভাব নিয়ন্ত্রণে রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করতে হবে। কিন্তু এ দেশে দলগুলো ভালো মানুষকে মনোনয়ন দেয় না। স্থানীয় নির্বাচনের অভিজ্ঞতায় দেখা গেছে, নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠু করার জন্য সবকিছু করছে। কিন্তু দলগুলো এ বিষয়ে তাদের দায়িত্ব পালন করছে না।অ্যামচেমের সভাপতি আফতাব উল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, সাবেক মন্ত্রী ওসমান ফারুক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান, আবদুল মুয়ীদ চৌধুরী প্রমুখ।