রাজনৈতিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও পাকিস্তান সমন্বিত অংশীদারির ভিত্তিতে কাজ করতে রাজি হয়েছে। দুই পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে রাজনৈতিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছে। গতকাল সোমবার ইসলামাবাদে দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই দিনের বৈঠকের প্রথম দিনে বাংলাদেশের সাত সদস্যের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস। পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন সে দেশের পররাষ্ট্রসচিব সালমান বশির।বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধিদলের এক সদস্য গতকাল মুঠোফোনে প্রথম আলোকে জানান, দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রাজনৈতিক, বাণিজ্য ও অর্থনৈতিক, সামরিক সহযোগিতা সম্প্রসারণের মতো বিষয় ছিল। এ ছাড়া যুদ্ধাপরাধের বিচার, একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানের নিঃশর্ত ক্ষমা চাওয়া, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন নিয়ে কথা হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ২০০৭ সালের সিদ্ধান্ত বাস্তবায়নে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে এবারের বৈঠকে ওই সিদ্ধান্তটি কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে কথা হচ্ছে। বৈঠকে কয়েক মাসের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়নের ব্যাপারে দুই দেশের কর্মকর্তা পর্যায়ে বৈঠক করার সিদ্ধান্ত হয়েছে। ওই বৈঠকে অন্য বিষয়ের পাশাপাশি দুই দেশের সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বের সফর এবং ছয় মাসের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে সফর আয়োজনের প্রস্তুতি নিয়ে কথা হবে।ইসলামাবাদের অন্য একটি সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ রাজনৈতিক সম্পর্কোন্নয়নের বিষয়টি অগ্রাধিকার দেয়। বর্তমান সরকারের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার যুদ্ধাপরাধের বিচারের (এখন একে বলা হচ্ছে মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার) উদ্যোগ নেওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। এ জন্য ইসলামাবাদের আলোচনাকে সম্পর্কোন্নয়নের সুযোগ হিসেবে কাজে লাগাতে চায় বাংলাদেশ। সে বিবেচনায় এবারের আলোচনায় বাংলাদেশ সন্তুষ্ট। পাকিস্তানও সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করতে রাজি হয়েছে।দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে করাচি ও চট্টগ্রামের মধ্যে সরাসরি জাহাজ চলাচলের বিষয়ে বৈঠকে দুই পক্ষ সম্মত হয়েছে। গতকালের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দুই দেশের জাহাজ চলাচল বিশেষজ্ঞরা আলাদা সমীক্ষা চালিয়ে পরামর্শ দেবেন। তাঁদের সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ: পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস গতকাল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পাকিস্তান বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতার মাধ্যমে এ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে।মিজারুল কায়েস বলেন, সহযোগিতার সব ক্ষেত্রেই দুই দেশের কাজ করা উচিত। দুই দেশের নেতৃত্বের সর্বোচ্চ পর্যায়ে সফর বিনিময় হওয়া উচিত। পাশাপাশি সার্কসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সহযোগিতার জন্য দুই দেশের মধ্যে আরও সমন্বয় দরকার।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মিজারুল কায়েস মন্ত্রী ছাড়াও সে দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মালিক আহমেদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।