রাজনৈতিক সহিংসতায় আইভরি কোস্ট ছেড়েছে কয়েক হাজার মানুষ
আইভরি কোস্টে গত মাসে অনুষ্ঠিত বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশটির প্রায় ১৪ হাজার মানুষ পালিয়ে প্রতিবেশী লাইবেরিয়ায় আশ্রয় নিয়েছে।জাতিসংঘের শরনার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র ফাতৌমাতা লেজিউন কাবা জানিয়েছেন, লাইবেরিয়ায় আশ্রয় নেওয়া বেশির ভাগ মানুষই আইভরি কোস্টের পশ্চিমাঞ্চলের বাসিন্দা এবং প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থী আলাসেন ওয়েতাহার সমর্থক। তারা আইভরি কোস্টের চলমান রাজনৈতিক অস্থিরতার মুখে গত মাসের ২৮ তারিখ থেকে দেশ ত্যাগ করা শুরু করে।প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর আইভরি কোস্টে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটির স্বাধীন নির্বাচন কমিশন বিরোধীদলীয় প্রার্থী আলাসেন ওয়েতাহাকে বিজয়ী ঘোষণা করে। কিন্তু ওই ফলাফল প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন লয়ন্ত বাগবো।জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় আলাসেন ওয়েতাহাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। আইভরি কোস্টের এই রাজনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ, ইইউ, পশ্চিম আফ্রিকার দেশগুলোর আঞ্চলিক জোট (ইসিওডব্লিউএএস) এবং যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রেসিডেন্ট বাগবোকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। ক্ষমতা হস্তান্তরে চাপ প্রয়োগ করতে পশ্চিম আফ্রিকার দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক (বিসিইএও) আইভরি কোস্টের রাষ্ট্রীয় তহবিলে বাগবোর লেনদেন স্থগিত করেছে। এমনকি পশ্চিম আফ্রিকার ইসিওডব্লিউএএসের নেতারা বাগবোকে জোর করে সরিয়ে দেওয়ারও হুমকি দিয়েছেন।