আওয়ামী লীগ সরকারের গত তিন বছরে (২০০৯-২০১১) রাজনৈতিক সহিংসতায় ৫৯৫ জন নিহত নিহত ও ৪০ হাজার ৫৯৯ জন লোক আহত হয়েছেন।আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে অধিকার আয়োজিত রাজনৈতিক সহিংসতা ও মানবাধিকার নিয়ে আলোচনায় সভায় মানবাধিকার সংস্থা অধিকার এই প্রতিবেদন পেশ করে। এতে বলা হয়, ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত চার বছরের তুলনায় বর্তমান আওয়ামী লীগের চার বছরের রাজনৈতিক সহিংসতায় খুন ও আক্রান্তদের সংখ্যা বাড়ছে। বছরে রাজনৈতিক সহিংসতায় ১৫১ জন নিহত ও আট হাজার ২৩৫ জন আহত হন। আলোচনা সভায় বক্তারা বলেন, তত্ত্বাবধায়ক সরকার বিতর্ক নিয়ে আগামী নির্বাচনে সরকারি ও প্রধান রাজনৈতিক দল মুখোমুখি অবস্থান নেওয়ায় অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আলোচকেরা দুই দলকে সহিংসতা এড়াতে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন। সভায় সভাপতিত্ব করেন অধিকারের উপদেষ্টা ফরহাদ মযহার। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান। এতে রাজনৈতিক সহিংসতার শিকার নাটোরের নিহত বিএনপির নেতা সানাউল্লাহ নূরের স্ত্রী মহুয়া নূর ও দিনাজপুরের আহত কৃষক প্রদীপ চন্দ্র সরকার ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, গুপ্তহত্যা ও ক্রসফায়ার বাড়ছে। এটা অত্যন্ত উদ্বেগজনক। ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমকে সাদা পোশাকধারীরা ধরে নিয়ে যাওয়ার পর তাঁর খোঁজ মেলেনি। এ নিয়ে আদালতে গিয়ে বিচার চাওয়া যাচ্ছে না। আইনের মাধ্যমে এসবের সমাধান থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না। বর্তমান প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে সাত হাজার মামলা প্রত্যাহার করা হলেও বিরোধী দলের নেতাসহ কারোর বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার করা হয়নি। তিনি বলেন, সরকারের একজন দায়িত্বশীল মন্ত্রী ঘোষণা দিয়েছেন ১২ মার্চের আগে ঢাকা দখল করে আওয়ামী লীগ। এটা শুধু গণতন্ত্র নয়, মানবাধিকারেরও চরম লঙ্ঘন। এখন সরকারের মদদে রাজনৈতিক সহিংসতা হচ্ছে। রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বর্তমানে নির্বাচন কমিশন কাজ করতে পারছে না। সংসদীয় কমিটিকে পাশ কাটিয়ে এক দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হলো। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীন হবে এই মর্মে সরকারকে ঘোষণা দিতে হবে।ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন বলেন, তিনি একাধিকবার রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছেন। মুক্তিযুদ্ধের পরবর্তী সময় মুক্তিযুদ্ধবিরোধী অবস্থায় নিয়ে যেতে দেশে সহিংসতা শুরু হয়েছে। আশির দশকজুড়ে মানুষের অধিকার ক্ষুণ্ন হয়েছে। মিছিলে তুলে দেওয়া হয়েছে ট্রাক। চিকিত্সক শামসুল আলম খান রাজনৈতিক সহিংসতার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। দুটি রাজনৈতিক পক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গণতন্ত্র ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।রাশেদ খান বলেন, ‘রাজনৈতিক সহিংসতা থেকে সাম্প্রদায়িক সহিংসতা শুরু হয়। এ থেকেই জঙ্গিবাদের উত্থান হয়েছে। নাটোরে নিহত বিএনপির নেতা সানাউল্লাহ, লিমনের (ঝালকাঠিতে র্যাবের গুলিতে পা হারানো) ক্ষেত্রে যা ঘটেছে, অবশ্যই এর বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। দলীয় সরকারের অধীন অধিকাংশ নির্বাচন সুষ্ঠু হয়নি দাবি থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হয়েছিল। প্রধান বিরোধী দলের দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা কী হবে, তা আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে। সংবিধান ও গণতন্ত্র সমুন্নত রেখে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে সবার উদ্যোগ নিতে হবে।’কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশের (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো বলেন, হাইকোর্টের রায় ঘোষণার দুই বছর পার হওয়ার আগেই শেখ হাসিনা নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলেন। পুলিশের হেফাজতে মৃত্যু হচ্ছে। র্যাব আরও ভয়ংকর। তারা ভাড়ায় খাটে। বর্তমান সরকার ফ্যাসিস্ট ছাড়া অন্য কিছু নয়। সব মিলিয়ে দেশে অশনিসংকেত দেখা যাচ্ছে।ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আসিফ ইব্রাহিম বলেন, রাজনৈতিক সহিংসতা হলে বিনিয়োগ বাড়ে না। উত্পাদনের স্বার্থে রাজনৈতিক সংঘাত পরিহার করতে হবে। দেশ ও মানুষের স্বার্থ করে দেখতে হবে বড় দুটি রাজনৈতিক দলগুলোকে।আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বলেন, বিগত সরকারের তুলনায় বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি খুন হয়েছে। রাষ্ট্র যখন সন্ত্রাসে জড়িয়ে পড়ে, তখন কার কাছে বিচার চাইবে মানুষ।প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, রাজনৈতিক সহিংসতার কারণে মৃত্যুর ঘটনায় কমই বিচার ও শাস্তি হয়েছে। আবার সাজা হলেও কার্যকর হয়েছে কম। গণতন্ত্রের কথা বললেও সরকার তা অনুসরণ করে না। তত্ত্বাবধায়ক সরকার স্থায়ী ব্যবস্থা নয়। এতে বিচারালয়ে দূষণ ঘটেছে। এতে আদালতও রাজনীতিকরণ হয়েছে। আগামী নির্বাচন নিয়ে বিরোধী দল আলোচনায় বসছে না। রাজনৈতিক সরকারগুলো সঠিক পথে শক্তি ব্যবহার করছে না। ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিতর্কের সমাধান করতে হবে। এ নিয়ে রাজনৈতিক সহিংসতা গ্রহণযোগ্য হতে পারে না।মানবাধিকার সংস্থা অধিকার আলোচনা সভায় তিন দফা সুপারিশ করে, সেগুলো হলো রাজনৈতিক কর্মীদের ওপর পুলিশি নির্যাতন বন্ধ করতে হবে; রাজনৈতিক দলগুলোকে পরস্পরের বিরুদ্ধে পালটপালটি কর্মসূচি ও সংঘাত বন্ধ করতে হবে; সুষ্ঠু নির্বাচনের জন্য সব পক্ষের কাছে গ্রহণযোগ্য সমাধান বের করতে হবে।