দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা সবচেয়ে জরুরি। এ জন্য সরকারি দলকে সহনশীল ও বিরোধী দলকে সহযোগিতামূলক আচরণ করতে হবে। সংসদকে কার্যকর করে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে হবে।গতকাল রোববার প্রথম আলো আয়োজিত ‘সরকারের দুই বছর’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এ কথা বলেন। তাঁরা বলেন, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে আগামী দিনগুলোতে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এককভাবে কোনো রাজনৈতিক দলীয় দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করলে তা বাস্তবায়ন সম্ভব নয়। এ ব্যাপারে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে।বক্তারা বলেন, মহাজোট সরকারের দুই বছরে বেশ কিছু ক্ষেত্রে যেমন সাফল্য আছে, আবার অনেক ক্ষেত্রে ব্যর্থতাও আছে। কৃষি ও শিক্ষা খাতে সরকার ভালো করছে। আন্তর্জাতিক ক্ষেত্রে সরকার ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যমূলক সম্পর্ক গড়ে তোলারও চেষ্টায় আছে। তবে বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগ ও অবকাঠামো খাতে সরকারের অর্জন সন্তোষজনক নয়। এসব গুরুত্বপূর্ণ খাতে দ্রুত উন্নতি করতে না পারলে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে না।প্রথম আলোর কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এ গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, অধ্যাপক দিলারা চৌধুরী, আল মাসুদ হাসানুজ্জামান ও আসিফ নজরুল।গোলটেবিল আলোচনা সঞ্চালনা করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম।স্বাগত বক্তব্যে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘গত ৪০ বছরে আমাদের অনেক অর্জন আছে। আবার অনেক উদ্যোগ সফল হয়নি। তাই সব মিলিয়ে আমাদের আগামী দিনে সরকারের কাজ ও বিরোধী দলের ভূমিকা মূল্যায়ন করতে হবে। সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ খুঁজে বের করতে হবে।’সফলতা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, আওয়ামী লীগ নতুন কোনো বাস্তবতায় ক্ষমতায় আসেনি। শুধু টাকা থাকলেই খাদ্য আমদানি করা কঠিন। তাই সরকার কৃষি উৎপাদনে আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করছে। কৃষকদের ভর্তুকি সহায়ক কার্ড ও ব্যাংক হিসাব খোলা হয়েছে। সারের প্রাপ্যতা নিয়ে কৃষকদের সমস্যা অনেকাংশে দূর হয়েছে। তবে দ্রব্যমূল্য পরিস্থিতিতে বৈপরীত্য ছিল। আবার এটাও ঠিক, যাঁরা উৎপাদন করেন, তাঁদের জন্য দাম বাড়লে ভালো।শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষানীতির ক্ষেত্রে সরকার মৌলিক পরিবর্তন এনেছে। তবে সবচেয়ে কঠিন কাজ হবে এই শিক্ষানীতি বাস্তবায়ন করা। এটা না করলে সামনে এগোনো যাবে না। তিনি বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) জরিপে শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতির পরিমাণ ৩৯ থেকে ১৫ শতাংশে নেমে এসেছে। ডিজিটাল বাংলাদেশ গড়তে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে অগ্রগতি রয়েছে। বহুল প্রত্যাশিত যুদ্ধাপরাধের বিচারকাজ শুরু হয়েছে।এ কে আজাদ বলেন, কৃষি খাতে চার হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। পাট খাতে রপ্তানি প্রবৃদ্ধি ৪৪ শতাংশ এবং আগামী জুনের মধ্যে পাট খাতে রপ্তানি-আয় ১০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে।বৈরী রাজনীতি দূর করতে হবে: বিরোধী দল ও ভিন্নমতের ওপর সরকারের দমন-পীড়নের অভিযোগ তুলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সারা দিন কাজ করার পর কেউ নিশ্চিত করে বলতে পারবে না, সে সুস্থভাবে বাড়ি ফিরতে পারবে কি না। চৌধুরী আলম নিখোঁজ হওয়ার পর এখনো তাঁর পরিবার জানে না, তিনি বেঁচে আছেন, না মরে গেছেন। নাটোরের উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূরকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করার পর এখনো তাঁর হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি।মির্জা ফখরুল বলেন, বিরোধী দলকে মিছিল পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। সর্বোচ্চ আদালতে গিয়েও বিচার পাওয়া যাচ্ছে না। উচ্চ আদালতে দলীয় লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে।সুলতানা কামাল বলেন, ‘মাঝে মাঝে মনে হয়, যাঁরা একবার ক্ষমতায় যান, তাঁরা কি ভুলে যান, তাঁরাও একসময় বিরোধী দলে ছিলেন? তাঁরাও এমন অত্যাচার সহ্য করেছেন? ওই জায়গায় গেলে যেন ভুলেই যান যে ঢাকার রাস্তায় যানজট হতে পারে।’আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের বৈরী সম্পর্কের কথা তুলে ধরে দিলারা চৌধুরী বলেন, দুই দলের মধ্যে মতৈক্য সম্ভব, যদি সদিচ্ছা থাকে। তিনি দলীয় সংকীর্ণ স্বার্থের বাইরে গিয়ে চিন্তা করার পরামর্শ দিয়ে বলেন, মালয়েশিয়ার মতো দেশে মালয়, চীনা ও ভারতীয় জাতিসত্তার অবস্থান থাকা সত্ত্বেও সেখানে জাতীয় ঐকমত্য তৈরি হয়েছে। তারা উন্নতির পথে এগোচ্ছে। বাংলাদেশে একই জাতিগোষ্ঠীর বসবাস আছে, এমন দেশে তা আরও সহজ।দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সমাজে যেসব চিন্তাশীল মানুষ ও প্রতিষ্ঠান রয়েছে, তাদের মতামত গ্রহণ করার মতো কোনো উদ্যোগ সরকারের নেই। সহযোগিতামূলক অ-বৈরী শাসন চালাতে না পারলে সরকারের ক্ষতি হবে। রাজনৈতিক অসহিষ্ণুতা একটি দেশকে কোথায় নিয়ে যায়, আফ্রিকার দেশগুলো তার সবচেয়ে বড় প্রমাণ। ইফতেখারুজ্জামান বলেন, দেশের সমস্যা সমাধানে কোনো জাদুকরী সমাধান নেই। তবে রাজনৈতিক দলগুলো যদি কোনো পদক্ষেপ নেওয়ার আগে প্রতি মাসে নিজের ইশতেহারের দিকে তাকায়, তাহলে অনেক সমস্যার দ্রুত সমাধান সম্ভব।দেশে রাজনীতি একটি বিনিয়োগে পরিণত হয়েছে মন্তব্য করে ইফতেখারুজ্জামান বলেন, খারাপ রাজনীতি ভালো রাজনীতিকে পরাজিত করছে। দুই দলের বৈরী রাজনীতি এমন জায়গায় পৌঁছেছে, যে দল ক্ষমতায় যেতে পারে না, সেই দল মনে করে, তারা সব হারাল। তাই হেরে গেলে তারা সংসদে যায় না। আর জিতলে ভাবে, জনগণ আমাদের যা ইচ্ছা তা করার রায় দিয়েছে।অকার্যকর সংসদ: আসিফ নজরুল বলেন, সরকারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে জাতীয় সংসদ। সার্বিকভাবে গত দুই বছর সংসদ জবাবদিহি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। তিনি বলেন, সংসদে বিরোধী দল থাকে না, এটা সত্যি। কিন্তু মনে হয়েছে, সংসদে সরকারি দলও থাকে না। যাঁরা সরকারি দলের সাংসদ আছেন, তাঁদের একমাত্র কাজ সরকারের প্রশংসা করা বা প্রধানমন্ত্রীর স্তুতি করা নয়। তাঁরাও অনেক প্রশ্ন তুলতে পারতেন। তিনি বলেন, ‘সংসদীয় রাজনীতিতে বিরোধী দলের কাজ হচ্ছে সরকারকে জবাবদিহির মধ্যে রাখা। এ ক্ষেত্রে বিরোধী দল সম্পূর্ণ ব্যর্থ। আমরা বিরোধী দলের মুখে হিংস্র কথাবার্তা শুনি। আমরা এলে একে ধরব, ওকে ছাড়ব না। এসব কি বিরোধী দলের কাজ?’দিলারা চৌধুরী বলেন, সবচেয়ে হতাশার বিষয় হচ্ছে সংসদ অকার্যকর থাকা। এ ক্ষেত্রে সরকারি দল ও বিরোধী দল উভয়ের ভূমিকা আছে।সুলতানা কামাল বলেন, যে নির্বাচন নিয়ে রাজনীতিবিদেরা প্রাণপাত করেন, সেই নির্বাচনকে তাঁরাই সবচেয়ে অবমূল্যায়ন করেন। যে শপথ নিয়ে সংসদে যান, সেটা তাঁরা ভুলে যান। এটা খুব দুঃখজনক।এ কে আজাদ বলেন, সাংসদেরা জনগণের টাকায় চলেন কিন্তু জনগণের কথা বলতে সংসদে যাবেন না। অথচ সরকারি সব সুযোগ-সুবিধা নেবেন, এটা হতে পারে না। আল মাসুদ হাসানুজ্জামান বলেন, সরকারি দল ও বিরোধী দল উভয়কে নিজস্ব কর্মকাণ্ডের মূল্যায়ন করতে হবে।শিক্ষামন্ত্রী বলেন, সরকারের ভালো কিছু করার ইচ্ছা ও উদ্যোগ আছে। সবার সহযোগিতা নিয়ে এগোতে হবে। সংসদে গিয়ে কথা না বললে গণতান্ত্রিক প্রক্রিয়া এগোবে না। বিরোধী দল ভুলত্রুটি থাকলে দেখিয়ে দেবে। একমত হলে সহযোগিতা করবে বলে তিনি আশা করেন।অর্থনৈতিক চ্যালেঞ্জ: অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এই সময়ের মধ্যে সরকারের বড় সাফল্য অভ্যন্তরীণ উৎস থেকে, বিশেষ করে কৃষির উৎপাদন বাড়িয়ে সংকট মোকাবিলা করা। কিন্তু সরকারের জন্য সবচেয়ে বড় সমস্যার দিক হচ্ছে, দেশের অর্থনীতি কাঠামোর দুর্বলতা। তা এত ব্যাপক যে সামান্য ধাক্কায় বিপর্যস্ত হতে পারে।দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বর্তমান সরকারের সময় যে বিষয়গুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি সফলতা আশা করা হয়েছিল, সেগুলোতে দৃশ্যমান উন্নতি কম হয়েছে। যেমন—জ্বালানি খাতে নতুন গ্যাস সংযোগ, গ্যাসকূপ খনন, বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও কয়লার ব্যবহার নিয়ে কোনো সিদ্ধান্তে আসা যায়নি। বিদ্যুৎ ও জ্বালানি খাত গভীর দুষ্ট চক্রের মধ্যে পড়েছে। তিনি বলেন, অনেকে পুঁজিবাজারের চাঞ্চল্যকে সরকারের প্রতি আস্থার প্রতিফলন হিসেবে দেখছে। কিন্তু পুঁজিবাজারে বিনিয়োগ শিল্পে বিনিয়োগ কম হওয়া ও কর্মসংস্থান সৃষ্টি না হওয়ার বিকল্প হিসেবে এসেছে। অনিয়ন্ত্রিত আয় ও ব্যাংকিং খাতের অর্থ পুঁজিবাজারে প্রবেশ করছে।এফবিসিসিআইয়ের সভাপতি গত দুই বছরে দেশের অর্থনীতির গতিপ্রকৃতি তুলে ধরতে গিয়ে বলেন, বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে পরিণত করতে হলে দেশের প্রবৃদ্ধি ২০১৩ সালের মধ্যে ৮ শতাংশ করতে হবে। ৮ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখতে হলে ২০১৫ সালের মধ্যে দেশে ২৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে হবে। কিন্তু এ ক্ষেত্রে জ্বালানি ও অবকাঠামোর সংকট প্রধান প্রতিবন্ধকতা।এ কে আজাদ বলেন, ‘এত দিন পেট্রোবাংলা থেকে বলা হতো, গ্যাস কোনো সমস্যা নয়। মূল সমস্যা পাইপলাইনের সংকট। পাইপলাইন বসার পরও এখন শিল্প-কারখানায় গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না। আগে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য আনতে পাঁচ-ছয় ঘণ্টা লাগত। এখন ১৬-২০ ঘণ্টা লাগে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন করার কথা অনেক দিন ধরে শুনছি। কাজ কবে থেকে শুরু হবে, এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।’বিচারবহির্ভূত হত্যাকাণ্ড: দেশে যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চলছে, তা পুনরুল্লেখ করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, আগামী দিনে নিজস্ব জনবল হওয়ার পর কমিশন নিজেই এসব হত্যাকাণ্ডের তদন্ত করবে।আসিফ নজরুল বলেন, গত বছর দেশে গড়ে প্রতি তিন দিনে একটি বিচারবহির্ভূত হত্যা এবং প্রতি চার দিনে একটি সীমান্ত হত্যার ঘটনা ঘটেছে। বিভিন্ন মানুষ গুম হয়ে গেছে।মতপ্রকাশের স্বাধীনতা: সুলতানা কামাল মতপ্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ‘কথা বলার অধিকার আমাদের রক্ষা করতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের একটা বড় ভূমিকা রয়েছে। গণমাধ্যমের ওপর যদি আঘাত আসে, সেটা গণতান্ত্রিক সমাজের জন্য সুখকর নয়।’সুলতানা কামাল বলেন, গত বছর সারা দেশে ২৯৮ জন সাংবাদিক পেশাগত কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন। দুঃখজনক হলো, যারা এসব আক্রমণে জড়িত, তাদের বেশির ভাগই সরকারি দলের সঙ্গে সম্পৃক্ত। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও এসব ঘটনায় সুরক্ষা দিতে দেখা যায়নি।বিচার বিভাগ: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বিচার বিভাগে দলীয়করণের অভিযোগ তুলে বলেন, বিচার বিভাগ হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রের ন্যায়বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল। সেটি যদি ভেঙে পড়ে, তাহলে গণতন্ত্র ও মানবাধিকার থাকতে পারে না। তিনি বলেন, ‘দলীয়করণ করুন, তবে তা যোগ্যতার ভিত্তিতে করুন। আপনাদের দলেও অনেক যোগ্য ব্যক্তি আছেন।’দরকার ঐকমত্য: শিক্ষামন্ত্রী বলেন, দুর্নীতি ও দারিদ্র্য দূর করতে না পারলে দেশ একই চক্রে ঘুরপাক খাবে। তিনি দলীয় স্বার্থপরতার রাজনীতির বদলে উদারনৈতিক মনোভাব গড়ে তোলার আহ্বান জানান। দেশের জন্য বড় কাজগুলো করতে জাতীয় ঐকমত্য গড়ে তোলার পক্ষে মত দিয়ে নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষানীতির ক্ষেত্রে যেমন জাতীয় ঐকমত্য তৈরি হয়েছে; তেমনই বিচার বিভাগ, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ প্রভৃতি বিষয়ে জাতীয় ঐকমত্য গঠন জরুরি। বিরোধী দলের পাশাপাশি বুদ্ধিজীবীদের এই ঐকমত্যে যোগ দিতে হবে। বিরোধী দলকে সংসদে আসার পরামর্শ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশের যে সম্ভাবনা তৈরি হয়েছে, তাকে কাজে লাগাতে হবে।