রাজনৈতিক হট্টগোলের ভয়ে মন্ত্রীর বিরুদ্ধে মামলা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের সঙ্গে মামলার এজাহারে পুরোপরি মিল নেই। অনুসন্ধানে দুর্নীতির ষড়যন্ত্রের সঙ্গে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সংশ্লিষ্টতার কথা জানা গেলেও এজাহারে তা লুকানো হয়। কৌশল করে মন্ত্রীর অংশটুকু বাদ দিয়েই মামলা করেছে দুদক। বিশ্বব্যাংকের নিরপেক্ষ বিশেষজ্ঞ দল ৯ জানুয়ারি দুদককে একটি দীর্ঘ চিঠি লিখেছে। সেই চিঠিতে অনুসন্ধানে পাওয়া তথ্যের বিবরণ দেওয়া আছে। পাশাপাশি তারা দুদকের করা মামলার এজাহারও বিশ্লেষণ করেছে। বিশেষজ্ঞ দলটি এরপর চিঠিতে লিখেছে, অনুসন্ধানে পাওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতে পরিষ্কারভাবে বলা যায়, সাবেক যোগাযোগমন্ত্রীসহ চারজন সরকারি কর্মকর্তা দুর্নীতির ষড়যন্ত্রের সঙ্গে জড়িত এবং চারজনের বিরুদ্ধেই মামলা হওয়া উচিত ছিল। দুদক সূত্রে পাওয়া চিঠিতে মন্ত্রীকে মামলা থেকে বাদ দেওয়ার দুটি কারণের কথা বলা হয়েছে। এর একটি হচ্ছে দুদক বাংলাদেশের প্রচলিত আইন বিকৃত করে ভুল ব্যাখ্যা দিয়েছে। অন্য কারণ হলো, সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে মামলা হলে রাজনৈতিক সমস্যা বা হট্টগোল দেখা দেবে। দুদকের এই ব্যাখ্যায় চরম অসন্তোষ প্রকাশ করেছে বিশেষজ্ঞ দল। বিশেষজ্ঞ দলের প্রধান লুই গ্যাব্রিয়েল মোরেনো ওকাম্পোর সই করা চিঠিতে বলা হয়েছে, যে রাজনৈতিক পরিচয়ই হোক না কেন, তাঁকে ছাড় দেওয়া হলে তদন্তকে মোটেই সম্পূর্ণ ও নিরেপেক্ষ বলা যাবে না।দুদককে তদন্তকাজে সহায়তা দিতে গত ১৩ নভেম্বর বিশ্বব্যাংকের পক্ষ থেকে বেশ কিছু তথ্যপ্রমাণ দেওয়া হয়। এর মধ্যে ছিল কানাডার প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের কর্মকর্তাদের কিছু ই-মেইল বার্তা। এসব বার্তায় সাবেক যোগাযোগমন্ত্রী-সংক্রান্ত কথাবার্তা মামলার এজাহারে উল্লেখ করা হয়নি। সেই বার্তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে বিশেষজ্ঞ দলের চিঠিতে। এ নিয়ে দুদককে দেওয়া চিঠিতে বলা হয়েছে, পরামর্শক নিয়োগে দরপত্রের আর্থিক মূল্যায়নে দ্বিতীয় স্থানে চলে আসে এসএনসি-লাভালিন। মূল্যায়ন প্রক্রিয়ার সময় এসএনসি-লাভালিনের পরিচালক ইসমাইল হোসেন কোম্পানির প্রতিনিধিত্ব করতেন। এসএনসির এই কর্মকর্তার মতে, সচিব ও মন্ত্রী তাঁর সঙ্গে যোগাযোগ রাখতেন। ২০১১ সালের ১৪ মার্চ এসএনসি-লাভালিন ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ জানতে চান, প্রকল্পের কাজ পেলে ‘পিসিসি কস্ট’ কত দিতে হবে। এখানে পিসিসি কস্ট বলতে এসএনসি-লাভালিন বুঝিয়েছে কত ঘুষ দিতে হবে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটির বাংলাদেশ পরামর্শক গোলাম মোস্তফা ভিন্ন ভিন্ন তিনটি পরিস্থিতিতে দাবি করেছেন, সচিব ভূঁইয়া এসএনসির ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেসের কাছ থেকে ফোন পাবেন বলে প্রত্যাশা করছিলেন। তিনি (পরামর্শক) ওয়ালেসকে এটা বোঝান যে প্রকল্পের কাজ পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হলে তাঁর বাংলাদেশে আসা প্রয়োজন। কেননা, সচিব ভূঁইয়ার চেয়েও বড় কেউ একজনের এ ক্ষেত্রে স্বার্থ আছে। ওই পরামর্শক লেখেন, প্রধান কর্তাব্যক্তিটি কানাডার কোনো সাদা মানুষকে দেখতে বা তাঁর সঙ্গে কথা বলতে চান।বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দলের চিঠিতে এরপর লেখা আছে, ২০১১ সালের ২৯ মে কেভিন ওয়ালেস ও রমেশ শাহ বাংলাদেশ সফরে যান। তাঁরা বৈঠক করেন সচিব ভূঁইয়া এবং মন্ত্রী হোসেনের সঙ্গে। বৈঠকের পর তাঁর নোটপ্যাডে ‘পদ্মা পিসিসি’ শিরোনাম দিয়ে তার নিচে লেখেন, ‘৪% মন্ত্রী,...১% সচিব...’। এর কয়েক দিন পর ২০১১ সালের ১৩ জুন বিশ্বব্যাংকে মূল্যায়ন প্রতিবেদন দাখিল করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এতে এসএনসি-লাভালিনকে কাজ দিতে সুপারিশ করা হয়। এসএনসি-লাভালিন এই যে বিশেষ সুবিধা পেল, তা স্বীকার করল তারা এভাবে, ‘আমাদের কর্মকর্তাদের জীবনবৃত্তান্ত পূর্ণাঙ্গ মূল্যায়ন ছাড়াই কাজের চূড়ান্ত সুপারিশ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।’ স্থানীয় ওই পরামর্শক ই-মেইলে কর্মকর্তা ফেরদাউস সম্পর্কে লেখেন, ‘বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ তাদের চূড়ান্ত সুপারিশ পাঠালেও তাদের তথ্যপ্রমাণ (যাচাই-বাছাই) দরকার হবে...অনুগ্রহ করে এই বিষয়গুলো একটু দেখেন, তা না হলে ফেরদাউস ঝামেলায় পড়বে।’অথচ এ বিষয়ে এজাহারে বলা হয়েছে, রমেশ শাহর একটি লিখিত ডায়েরি এবং এসএনসি-লাভালিনের বিভিন্ন কম্পিউটার পরীক্ষা করে তাদের ই-মেইল রেকর্ড উদ্ধার করে এবং সেগুলো পর্যালোচনায় দেখা যায়, এসএনসি-লাভালিনকে অবৈধভাবে পরামর্শকের কাজ পাওয়ার ক্ষেত্রে দরপত্র মূল্যায়নের সময় মূল্যায়ন কমিটির সদস্য কাজী মো. ফেরদাউস ও মোশাররফ হোসেন ভূঁইয়া প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ষড়যন্ত্র করেছেন। ২০১১ সালের মে মাসের শেষার্ধে এবং জুন মাসের শুরুতে আদান-প্রদান করা ই-মেইল থেকে দেখা যায়, ১৯ জুন এসএনসি-লাভালিনের স্থানীয় পরামর্শক মোহাম্মদ মোস্তফা কেভিন ওয়ালেসকে জানান, জীবনবৃত্তান্ত যাচাই করার বিষয়ে পূর্ণাঙ্গ শর্ত পূরণ ছাড়াই সেতু কর্তৃপক্ষ চূড়ান্ত সুপারিশ পাঠিয়েছে। এরপর ২৯ জুন রমেশ শাহকে গোলাম মোস্তফা জানান, ‘যদিও সেতু কর্তৃপক্ষ তাদের সুপারিশ প্রেরণ করেছে, তথাপি রেকর্ড সংরক্ষণের স্বার্থে জীবনবৃত্তান্ত তাদের প্রয়োজন...দয়া করে এ বিষয়ে ব্যবস্থা নিন, তা না-হলে ফেরদাউস বিপদের সম্মুখীন হবে।’এজাহার অনুযায়ী, রমেশ শাহের নোটবুকে কাজ পাওয়ার পর পদ্মা পিসিসি (প্রজেক্ট কমার্শিয়াল কস্ট/প্রজেক্ট কমিটমেন্ট কস্ট) হিসাবে দরপত্র মূল্যের বিভিন্ন পার্সেন্টেজ প্রদানের হিসাবে তাদের বিষয়ে উল্লেখ রয়েছে। তবে, আলোচ্য ক্ষেত্রে ষড়যন্ত্রমূলক কার্যক্রম পরিচালনা-সংক্রান্ত অপরাধ সংঘটনে আবুল হাসান চৌধুরী ও সৈয়দ আবুল হোসেনের ভূমিকা রাখার বিষয়ে অপরাপর সাক্ষীদের সাক্ষ্য বা পরিপূরক সাক্ষ্য অনুসন্ধানকালে সংগ্রহ করা সম্ভব হয়নি। অপরাধ সংঘটনে আবুল হাসান চৌধুরী ও সৈয়দ আবুল হোসেনের সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তকালে খতিয়ে দেখা হবে।বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দল এজাহারের এই বক্তব্য গ্রহণ করেনি। চিঠিতে তারা বলেছে, তথ্যপ্রমাণ এবং ঢাকা সফরের অভিজ্ঞতা থেকে প্যানেল মনে করে, সাবেক যোগাযোগমন্ত্রীসহ সরকারের অন্তত চার ব্যক্তির নাম এজাহারে থাকা উচিত ছিল। সাবেক যোগাযোগমন্ত্রীকে অভিযুক্তদের বাইরে রাখার পক্ষে দুদক যেসব যুক্তি দিয়েছে, তার কিছু কিছু তথ্যপ্রমাণের সঙ্গে সাংঘর্ষিক। আবার তা বাংলাদেশের আইনের বিকৃত ব্যাখ্যার ওপর ভিত্তি করেও করা হয়েছে। দুদকের প্রতিনিধিরা স্বীকার করেছেন, মন্ত্রীর কার্যক্রম স্বচ্ছ ছিল না, তাঁর বিরুদ্ধেও সন্দেহের কিছু আছে। কিন্তু তাঁরা এটা বলেছেন যে ‘তদন্ত শুরু করার জন্য শুধু সন্দেহ যথেষ্ট নয়।’ তবে বাংলাদেশি আইন অনুযায়ী, তদন্ত শুরুর জন্য সুনির্দিষ্ট প্রমাণ নয়, ‘যুক্তিসংগত সন্দেহ’ যথেষ্ট।সবশেষে চিঠিতে বলা হয়েছে, দুদক যুক্তি দিয়েছে এজাহারে মন্ত্রী আবুল হোসেনের নাম যোগ করা হলে রাজনৈতিক হট্টগোল সৃষ্টি হবে। দুদকের এই যুক্তিতে বিশেষজ্ঞ দল খুবই মর্মাহত। তারা মনে করে, যেখানে তদন্ত করা উচিত সেখানে তদন্ত শুরু না করার দায় থেকে দুদক মুক্তি পেতে পারে না। সতর্ক পরীক্ষা-নিরীক্ষার পর যদি এটা প্রতীয়মান হয় যে যুক্তিসংগত সন্দেহ করার মতো কিছু আছে, তাহলে তিনি যে রাজনৈতিক ব্যক্তিই হোন না কেন বা রাজনৈতিক হট্টগোলের যত সম্ভাবনাই থাকুক না কেন তদন্তে অগ্রসর হওয়া তখন দুদকের উচিত। তা না-হলে তদন্ত সম্পূর্ণ এবং স্বচ্ছ বলে বিবেচিত হবে না।