রাজনৈতিক হত্যা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক হত্যাকাণ্ড ক্রমাগত বাড়ছে। বেড়েছে অবৈধ অস্ত্রের ব্যবহারও। সরকারি নথিপত্র অনুযায়ী, ২০০৭ সাল থেকে গত ২১ মে পর্যন্ত তিন পার্বত্য জেলায় মোট রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে ২৪টি। এর মধ্যে ১৩টিই ঘটেছে এ বছরের প্রথম পাঁচ মাসেরও কম সময়ে।সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সূত্রগুলো জানায়, সরকারি নথিপত্রে অন্তর্ভুক্ত হয়নি এবং ঘটনা অজ্ঞাত রয়েছে এমন হত্যাকাণ্ডের সংখ্যাও অনেক। অপহরণের ঘটনাও ঘটেছে অনেক। অপহূত ব্যক্তির দীর্ঘদিন কোনো খবর পাওয়া যায়নি। এ ধরনের ঘটনাকে সূত্রগুলো হত্যাকাণ্ড হিসেবেই বিবেচনা করছে। রাজনৈতিক হত্যাকাণ্ডের পাশাপাশি তিন পার্বত্য জেলায় ব্যাপক বিস্তার ঘটেছে অবৈধ অস্ত্রের। হত্যার ঘটনাগুলোয় অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহূত হয়েছে। অপহরণও করা হয় আগ্নেয়াস্ত্রের মুখে।অস্ত্রধারীরা ধরাছোঁয়ার বাইরে: হত্যাকাণ্ড ঘটে, অবৈধ অস্ত্র ব্যবহূত হয়, কিন্তু অস্ত্র উদ্ধার কিংবা অস্ত্রধারীরা গ্রেপ্তার হয় না। এ সম্পর্কে জানতে চাইলে পার্বত্য জেলা রাঙামাটির পুলিশ সুপার মাসুদ-উল আলম প্রথম আলোকে জানান, পার্বত্য চট্টগ্রামে সব হত্যাকাণ্ডই সংঘটিত হয় অবৈধ অস্ত্র দিয়ে। এ ব্যাপারে পুলিশ সেনাবাহিনীর সহায়তা নিয়ে কাজ করে। তার পরও গহিন জঙ্গলে অবস্থান নেওয়ায় অস্ত্রধারীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়।রাঙামাটির সুশীল সমাজের প্রতিনিধি আইনজীবী প্রতীম রায় প্রথম আলোকে বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়িত না হওয়ায় এখানকার রাজনৈতিক দলগুলোর মধ্যে এলাকা দখলের লড়াই ও আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে। তারই ফল এসব রাজনৈতিক হত্যাকাণ্ড। এসব হত্যাকাণ্ডে অবৈধ অস্ত্রের ব্যবহার হলেও সেগুলো উদ্ধার এবং অস্ত্রধারীদের গ্রেপ্তারের জন্য সরকারের কোনো চেষ্টা চোখে পড়ে না।স্থানীয় সরকারি-বেসরকারি সূত্রগুলো জানায়, আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে জনসংহতি সমিতি (জেএসএস) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে রাজনৈতিক প্রাধান্য প্রতিষ্ঠার প্রতিযোগিতাই সশস্ত্র সংঘাত, রাজনৈতিক হত্যাকাণ্ড ও অবৈধ অস্ত্র বিস্তারের কারণ। বছর দুয়েক ধরে প্রায় প্রতিদিনই এদের মধ্যে কোনো না কোনো সংঘাত ঘটছে। আঞ্চলিক রাজনৈতিক দলের বাইরেও বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী এখানে সংঘাত-সংঘর্ষে যুক্ত হয়ে পড়েছে।জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় কমিটির সদস্য ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা একটি চাকমা প্রবাদ উদ্ধৃত করে প্রথম আলোকে বলেন, ‘যে ঘরে ভাত নেই, সেই ঘরে কলহ বেশি।’ পার্বত্য চট্টগ্রামেও সেই একই অবস্থা। এর প্রধান কারণ চুক্তি বাস্তবায়িত না হওয়া। আর হত্যাকাণ্ড ও অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ তো রাষ্ট্রযন্ত্রের নীতি ও ব্যবস্থাপনার ওপর নির্ভর করে।জনসংহতি সমিতির (এম এন লারমা) অন্যতম শীর্ষ নেতা রূপায়ন দেওয়ান বলেন, চুক্তি বাস্তবায়িত হলে পরিস্থিতি অন্যরকম হতো। রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও হত্যাকাণ্ড ও অবৈধ অস্ত্রের ব্যবহার সহজ হতো না।ইউপিডিএফ রাঙামাটি জেলার প্রধান সংগঠক শান্তি দেব চাকমা বলেন, জেএসএস ইউপিডিএফকে নির্মূল করার নীতি নিয়েছে। জেএসএসের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কংগ্রেসে তারা এই নীতি নেওয়ার পর থেকে একদিকে ইউপিডিএফের ওপর সশস্ত্র আক্রমণ বাড়িয়েছে, অন্যদিকে ইউপিডিএফকে নিষিদ্ধ করার জন্য সরকারের ওপর চাপ সৃষ্টির চেষ্টা চলছে। এভাবে জেএসএস সংঘাতের পরিস্থিতি সৃষ্টি করছে।পারস্পরিক দোষারোপ: পার্বত্য চট্টগ্রামের প্রতিটি রাজনৈতিক হত্যাকাণ্ডের জন্য সব সময়ই জেএসএস এবং ইউপিডিএফ পরস্পরকে দায়ী করে এসেছে। তবে দুই দলের পক্ষ থেকেই বলা হয় যে তারা হত্যাকাণ্ড কিংবা অবৈধ অস্ত্রের সঙ্গে জড়িত নয়।জেএসএস সূত্র জানায়, শান্তিবাহিনীর সদস্য ছিলেন এমন ৭০ জনসহ তাদের দুই শতাধিক সদস্য ১৯৯৮ সাল থেকে এখন পর্যন্ত ইউপিডিএফের হাতে খুন হয়েছেন। অপরদিকে ইউপিডিএফের দাবি, এখন পর্যন্ত জেএসএসের হাতে তাদের নেতা-কর্মী-সমর্থক মিলে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন প্রায় ৫০০ ব্যক্তি।তবে কিছু হত্যাকাণ্ড ঘটেছে রাজনৈতিক সম্পৃক্ততার বাইরেও। চাঁদাবাজিসহ কিছু সমাজবিরোধী কাজে অতিষ্ঠ হয়ে অন্য কোনো সশস্ত্র গোষ্ঠী এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে।পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে অপহরণের ঘটনাও ঘটছে। চুক্তি স্বাক্ষরের পর এ ধরনের প্রায় দেড় হাজার ঘটনা ঘটেছে বলে সূত্রগুলো জানায়। জেএসএস সূত্রের দাবি, এখন পর্যন্ত তাদের প্রায় ৩০০ নেতা-কর্মী ও সদস্য প্রতিপক্ষের হাতে অপহূত হয়েছেন। আর ইউপিডিএফের দাবি, তাদের দলের অপহূত নেতা-কর্মীর সংখ্যা এক হাজারের বেশি।নাড়াইছড়ির হত্যাকাণ্ড: সর্বশেষ হত্যাকাণ্ড সংঘটিত হলো রাঙামাটির প্রত্যন্ত বরকল উপজেলার নাড়াইছড়ি গ্রামে। সেখানে চারজনকে গুলি করে হত্যা করা হয়। এর আগে গত ১৯ জানুয়ারিও বরকলে একজন, ২১ জানুয়ারি বন্দুকযুদ্ধে জুরাছড়িতে পাঁচজন এবং কাপ্তাইয়ে একজন এবং ১২ ফেব্রুয়ারি লংগদুতে একজন নিহত হন। ২০১০ সালের ১৯-২০ ফেব্রুয়ারি খাগড়াছড়ির বাঘাইহাটে রাজনৈতিক আধিপত্য বিস্তারের তৎপরতায় দুজন, ৯ জুন দীঘিনালা সড়ক ও জনপথ কার্যালয়ের মাঠে প্রতিপক্ষের হাতে একজন এবং ২৬ জুন দীঘিনালায় আরও একজন খুন হন রাজনৈতিক প্রতিপক্ষের হাতে।২০০৯ সালের ২৩ অক্টোবর খাগড়াছড়ির সারোয়াতলী ইউনিয়নের শিজক বাজারে একজন, ১১ ডিসেম্বর মনের মানুষ এলাকায় একজন এবং ২৭ ডিসেম্বর বড়দাম এলাকায় আরও একজন রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হন।২০০৮ সালে কোনো খুনের ঘটনার খবর জানা যায়নি। তবে ওই বছর অন্তত তিনজনকে অপহরণের ঘটনা ঘটেছে।২০০৭ সালের ১৬ জানুয়ারি একজন, ৩০ জানুয়ারি আরেকজন এবং ১৫ ফেব্রুয়ারি আরও একজন প্রতিপক্ষের হাতে খুন হন।{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর বাঘাইছড়ি প্রতিনিধি সাধন বিকাশ চাকমা}