রাজনৈতিক হস্তক্ষেপ, অদক্ষতা-দুর্নীতি অগ্রগতির বাধা
রাজনৈতিক হস্তক্ষেপ, কর্মকর্তাদের অদক্ষতা ও দুর্নীতির কারণে সরকারি প্রতিষ্ঠান থেকে সাধারণ মানুষ সেবা পাচ্ছে না। বেশির ভাগ ক্ষেত্রে সরকার জনপ্রিয়তা হারানোর ভয়ে প্রয়োজনীয় নীতি ও পরিকল্পনা গ্রহণ থেকেও বিরত থাকছে। ২০০৯-১০ সালে সরকারের চারটি গুরুত্বপূর্ণ খাতের শাসন পরিস্থিতি নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিজ (আইজিএস) প্রকাশিত ‘স্টেট অব দ্য গভর্নেন্স’ শীর্ষক ওই প্রতিবেদনে বিদ্যুৎ ও জ্বালানি, খাদ্যনিরাপত্তা, অভিবাসন ও ই-গভর্নেন্স—এই চারটি ক্ষেত্রের পরিস্থিতি আলোচিত হয়েছে। প্রতিবেদনটির ভিত্তি দেশব্যাপী পরিচালিত জরিপ, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞদের সাক্ষাৎকার, বিভিন্ন গবেষণাগ্রন্থ এবং সংবাদপত্রে প্রকাশিত খবর ও নিবন্ধ। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য গোলাম সামদানী ফকির প্রকাশনা অনুষ্ঠানে বলেন, ২০০৬ সাল থেকে প্রতিবছর দেশের শাসন (গভর্নেন্স) পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। এই কাজে সহায়তা করছেন দেশের প্রথিতযশা গবেষকেরা ও দেশব্যাপী বিস্তৃত ব্র্যাকের নেটওয়ার্ক। এ বছর প্রতিপাদ্য হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচিত চারটি খাতে জনগণের অবস্থান, সরকারের ভূমিকা ও টেকসই উন্নয়ন কীভাবে নিশ্চিত করা যায়, সেদিকে দৃষ্টি দেওয়া হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাত: প্রতিবেদনে দেশের জ্বালানি পরিস্থিতি সংকটজনক পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে বলা হয়, সংকট মোকাবিলা করা না গেলে শিল্প উৎপাদন স্থবির ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। আইজিএসের গবেষক ইরাম শেহরীন আলী বলেন, জনপ্রিয়তা হারানোর ভয়ে সরকার বিদ্যুতের দাম বাড়ানোর ব্যাপারে রক্ষণশীল অবস্থান নিয়েছে। জ্বালানিসংকটের জন্য এক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে দোষারোপ করে। বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নে সংসদীয় সম্পৃক্ততা চোখে পড়ে না। মাঠপর্যায়ে শ্রমিক ইউনিয়নগুলোর দলীয়করণ ও কাজের ক্ষেত্রে প্রাত্যহিক রাজনৈতিক হস্তক্ষেপ এই খাতের উন্নয়নে বড় প্রতিবন্ধক। এই খাত থেকে জনগণ সেবা পাচ্ছে কি না, তার তদারকি এবং বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশুনানির আয়োজন করে। কিন্তু নীতিনির্ধারকেরা বিইআরসির শীর্ষ পদে নিজেদের পছন্দমতো নিয়োগ বা অব্যাহতি দেন। এতে প্রতিষ্ঠানের স্বাধীনতা খর্ব হয়। বিদ্যুৎসংকট কাটাতে বেসরকারি উদ্যোগকে আরও প্রণোদনা দেওয়ার পরামর্শ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিদ্যুৎ ও জ্বালানিসংকট মোকাবিলায় বেসরকারি খাতের অংশগ্রহণ বেড়েছে। স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান (আইপিপি) এবং ভাড়াভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুলোর অবদান ২০০৮-০৯-এ ছিল ২১০০ মেগাওয়াট, যা মোট চাহিদার প্রায় ৩৫ শতাংশ। যথাযথ প্রণোদনা দেওয়া হলে ভবিষ্যতে জাতীয় গ্রিডের সক্ষমতা বৃদ্ধিতে বেসরকারি খাতের উজ্জ্বল সম্ভাবনা আছে।’ গ্যাস খাতের উন্নয়নেও বেসরকারি উদ্যোগকে প্রণোদনা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে আইজিএস। খাদ্যনিরাপত্তা: প্রতিবেদনে এই প্রশ্নে আলোচনায় এসেছে কৃষিজাত পণ্যের উৎপাদন ও বিপণন এবং খাদ্যদ্রব্যের সহজলভ্যতার বিষয়। গবেষক মুনিমা সুলতানা বলেন, এ বিষয়ে পরিসংখ্যান ইতিবাচক অগ্রগতির আভাস দিলেও বাস্তব চিত্র সুখকর নয়। খাদ্যমূল্য বৃদ্ধির যে বৈশ্বিক প্রবণতা, তা ২০০৯-১০ সালে বাংলাদেশেও অনুভূত হয়েছে। খাদ্যনিরাপত্তাহীনতার শিকার পরিবারগুলো খাদ্যবৈচিত্র্য হ্রাস, স্বল্পাহার, প্রাত্যহিক আহারের সংখ্যা কমানো, সাধ্যের বাইরে ঋণ গ্রহণ করে খাবারের জন্য বাড়তি ব্যয়ের মাধ্যমে এই সংকট মোকাবিলা করেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সীমিত আয়ের লোকজন এবং যেসব গ্রামীণ পরিবারের শস্য নষ্ট হয়ে গেছে, তারা।খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের রয়েছে। তবে সরকার ভিজিডি, ভিজিএফ, কর্মসৃজন কর্মসূচি প্রভৃতি হাতে নিলেও অনেক ক্ষেত্রে বিতরণে দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে প্রকৃত দরিদ্ররা বাদ পড়ে যাচ্ছে। সরকারের খাসজমি বণ্টনব্যবস্থায়ও ত্রুটির কারণে ভূমিহীনেরা বঞ্চিত হচ্ছে। দীর্ঘ মেয়াদে খাদ্যনিরাপত্তা সুসংহত করতে কৃষি উপকরণের সহজ ও সুষ্ঠু সরবরাহের ওপর জোর দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কৃষকেরা আমন-বোরো উৎপাদন মৌসুমগুলোতে সারের পর্যাপ্ত সরবরাহ পান না। সার কারখানাগুলো বিদ্যুৎ ও গ্যাসসংকটের কারণে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে না। দেশে ইউরিয়ার সরকার-নির্ধারিত দাম প্রতিবেশী দেশগুলোর তুলনায় কম হওয়ায় সারের চোরাচালান হয়। ফলে ঘাটতি আরও বাড়ে। বীজ উৎপাদন, বাজারজাতকরণ এবং বিতরণব্যবস্থায় ভালো ব্যবস্থাপনার অভাবের কথাও প্রতিবেদনে বলা হয়েছে। পর্যাপ্ত উৎপাদন নিশ্চিত করতে গুদাম তৈরি, বিতরণের যথাযথ পদ্ধতি উদ্ভাবন, সারের মৌসুমি চাহিদা মনিটরিং এবং ধার্যমূল্যে সার বিক্রির সুযোগ সৃষ্টির ওপর প্রতিবেদনে গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া, খাদ্য পরিস্থিতি মূল্যায়নকে প্রাতিষ্ঠানিকীকরণ করা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে। শ্রম অভিবাসন: প্রতিবেদন অনুযায়ী, ২০০৯-১০ সালে অভিবাসন প্রক্রিয়ার নজরদারি করা হয়েছে একটি দুর্বল ও অপর্যাপ্ত আইনিকাঠামোর আওতায়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা, স্বচ্ছতা এবং জবাবদিহির মারাত্মক ঘাটতি রয়েছে। বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নেওয়া বেশির ভাগ চাকরিই ‘থ্রি ডি’ (ডার্টি, ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস অর্থাৎ নোংরা, কঠিন ও বিপজ্জনক) হিসেবে চিহ্নিত। তাঁরা কোথায়, কীভাবে কাজ করছেন, সে সম্পর্কে বেশির ভাগ ক্ষেত্রেই সরকারের নজরদারি নেই। অভিবাসন নিয়ে দেশের নীতি প্রণয়নে সমন্বয়ের অভাব; নীতি প্রণয়ন ও বাস্তবায়নের মধ্যে সমন্বয় ও সক্ষমতার ঘাটতি; অভিবাসন প্রক্রিয়ায় তথ্য, জ্ঞান, প্রতিষ্ঠান ও সম্পদের ঘাটতি এবং দেশগুলোর মধ্যকার যোগাযোগে ঘাটতি রয়েছে। ই-গভর্নেন্স: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবহার করে সরকারকে আরও বেশি উন্মুক্ত, কার্যকর এবং জবাবদিহি করা সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়া কর্মসূচির মূল লক্ষ্য। কিন্তু অনেক সরকারি প্রতিষ্ঠানের মধ্যে শাসনব্যবস্থা ডিজিটাল করায় আন্তরিকতার অভাব রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। অনেক প্রতিষ্ঠান মনে করে, ডিজিটাল বাংলাদেশ একটি দলীয় এজেন্ডা। তাই এর বাস্তবায়নে ততটা তৎপর নয় কিছু প্রতিষ্ঠান। গবেষক ক্রিস্টিনা রোজারিও বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয়ের জন্য ৩০৬টি উদ্দেশ্য ঠিক করে দেওয়া হলেও কোথায় কী অগ্রগতি হয়েছে, তা মানুষ জানে না। তবে কোনো কোনো ক্ষেত্রে অগ্রগতি হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। যেমন, বর্তমানে সরকারি ওয়েবসাইটগুলো নাগরিকদের কিছু তথ্য প্রদান করছে। বিনিয়োগ বোর্ড ই-নিবন্ধন কার্যক্রম শুরু করেছে, যা বাংলাদেশের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা-সম্পর্কিত বিভিন্ন আইন, বিধিবিধান সম্পর্কে সহজ ও ওয়ান স্টপ সেবা প্রদান করছে। বিভিন্ন সেবা খাতের বিল পরিশোধে সংক্ষিপ্ত বার্তা (এসএমএস) ব্যবস্থাও চালু হয়েছে কোথাও কোথাও।