সাংবাদিক টিপু সুলতান নির্যাতন মামলা
রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহারের সিদ্ধান্ত
সাংবাদিক টিপু সুলতানের আলোচিত নির্যাতন মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ১৮ নভেম্বর এ-সংক্রান্ত চিঠি ফেনী জেলা প্রশাসকের দপ্তরে পৌঁছায়। তবে এ ব্যাপারে কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়।মন্ত্রণালয়ের চিঠির কথা গত বুধবার জানাজানি হলে ফেনী প্রেসক্লাব তাৎক্ষণিকভাবে আলোচনা করে এর প্রতিবাদে কিছু কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেয়।মামলার প্রধান আসামি ফেনীর গডফাদার হিসেবে পরিচিত আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা জয়নাল হাজারী দীর্ঘ আট বছর ভারতে পালিয়ে থেকে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে ফেরেন। জানা গেছে, ২০০৯ সালে ফেনী জেলা প্রশাসকের কাছে মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক হিসেবে প্রত্যাহারের আবেদন করেন তিনি। সে বছরই জেলার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার-সংক্রান্ত যাচাই-বাছাই কমিটির সভায় সর্বসম্মতভাবে মামলাটি প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়। তখনকার জেলা প্রশাসক আবদুল কুদ্দুস খানের সভাপতিত্বে সেই সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মল্লিক ফখরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলতাফ হোসেন চৌধুরী ও পাবলিক প্রসিকিউটর হাফেজ আহাম্মদ।মামলার বিবরণ অনুযায়ী, ২০০১ সালের ২৫ জানুয়ারি তখনকার সাংসদ জয়নাল হাজারীর নেতৃত্বে তাঁর ‘ক্লাস কমিটির’ (ব্যক্তিগত সন্ত্রাসী বাহিনী) সদস্যরা বার্তা সংস্থা ইউএনবির ওই সময়ের জেলা প্রতিনিধি টিপু সুলতানকে ধরে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হাত-পা ভেঙে দেন। পরে টিপু সুলতান বাদী হয়ে জয়নাল হাজারীকে প্রধান আসামি করে ফেনী থানায় এজাহার দায়ের করেন। পুলিশ তখন মামলা নেয়নি। পরে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে উচ্চ আদালতের নির্দেশে পুলিশ মামলা রেকর্ড করে। ২০০৩ সালের ১৫ এপ্রিল পুলিশ জয়নাল হাজারীসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ৫ আগস্ট মামলাটি ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। বাদী টিপু সুলতান আদালতে সাক্ষ্য দেওয়ার পর আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন।ফেনীর রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার-সংক্রান্ত কমিটির সদস্য ও পাবলিক প্রসিকিউটর হাফেজ আহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘কমিটি মনে করেছে, মামলাটিতে বাদী প্রকৃত দোষী ব্যক্তিদের আসামি করেননি। যাঁরা আসামি, তাঁদের রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে আসামি করা হয়েছে।’এ বিষয়ে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেন, ‘সাংবাদিক টিপু সুলতান নির্যাতনের ঘটনাটি রাজনৈতিক নয়। প্রধানমন্ত্রীসহ বর্তমান সরকার সাংবাদিকবান্ধব। সরকারকে বিব্রত করার জন্য মামলা প্রত্যাহারের আবেদনকারী তথ্য গোপন করে থাকতে পারেন। আইনগত সুযোগ থাকলে বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।’ফেনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতেয়ার ইসলাম জানান, গত বৃহস্পতিবার জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। যাচাই-বাছাই কমিটি টিপু সুলতানকে নির্যাতনের মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকাভুক্ত করায় সভায় প্রেসক্লাবের প্রতিনিধি ওই কমিটিকে ভৎর্সনা করে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তেরও কঠোর প্রতিবাদ ও নিন্দা জানায়। বখতেয়ার ইসলাম বলেন, এ বিষয়ে ফেনীর সাংবাদিকেরা আন্দোলনে নামবেন।সাংবাদিক হিসেবে ২০০২ সালে টিপু সুলতান ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ডে ভূষিত হন।