রাজনৈতিকভাবে প্রত্যাহার করা মামলা পুনর্জীবিত করার দাবি বিএনপির
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের নামে সরকার অনেক অপরাধের মামলাও প্রত্যাহার করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। এ ধরনের যত মামলা প্রত্যাহার করা হয়েছে, তিনি সেসব পুনর্জীবিত করার দাবি জানান।আজ রোববার রাজধানীর মুক্তাঙ্গনে এক স্মরণসভায় বিএনপি মহাসচিব এ দাবি জানান। মালিবাগ হত্যাকাণ্ডে নিহত ব্যক্তিদের স্মরণে ওই সভার আয়োজন করা হয়। সভা চলাকালে মঞ্চে ওঠা নিয়ে নেতা-কর্মীদের মধ্যে দুই দফায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়।২০০১ সালের ১৩ ফেব্রুয়ারি মালিবাগে হরতালের সমর্থনে বিএনপির মিছিলে গুলি করা হলে চারজন নিহত হন। বিএনপির অভিযোগ, আওয়ামী লীগের সাবেক সাংসদ এইচ এম ইকবাল ও বর্তমান সাংসদ নুরুন্নবী চৌধুরী ওই হামলার নেতৃত্ব দিয়েছেন। আওয়ামী লীগ ক্ষমতায় এসে এ ঘটনায় দায়ের করা মামলাটি প্রত্যাহার করেছে।খোন্দকার দেলোয়ার বলেন, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা সরকারের দায়িত্ব। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। শুধু দ্রব্যমূল্য নয়, সব ক্ষেত্রেই সরকার ব্যর্থ। তারা কোনো একটি ওয়াদাও পূরণ করতে পারেনি। তিনি এ ব্যর্থতার দায় নিয়ে সরকারকে ক্ষমতা ছেড়ে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানান। সরকারের উদ্দেশে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন দিন, যে ফল হোক, বিএনপি মেনে নেবে।বিশ্বের যেকোনো দেশের চেয়ে বাংলাদেশে কম দামে পণ্য বিক্রি হচ্ছে বলে বাণিজ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তার পক্ষে তথ্যপ্রমাণ প্রকাশের আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘বিশ্বের কয়টি দেশের পরিসংখ্যান আপনার কাছে আছে, তা সবার সামনে প্রকাশ করুন। এত দিন বলেছেন, সিন্ডিকেট জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। আর এখন বলছেন, বিশ্বের সবচেয়ে কম দাম বাংলাদেশে। তাহলে কোনটি সঠিক?’সভায় অন্যদের মধ্যে বিএনপির নেতা মির্জা আব্বাস, বরকতউল্লাহ, ফজলুল হক, খায়রুল কবির, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী খান, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন প্রমুখ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন বিএনপির সমর্থক চিকিত্সকদের সংগঠন ড্যাবের মহাসচিব জেড এম জাহিদ।বিশৃঙ্খলা: সভায় মঞ্চে ওঠা নিয়ে নেতা-কর্মীদের মধ্যে দুই দফায় বিশৃঙ্খলা দেখা দেয়। ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিনের বক্তৃতার সময় প্রথম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।তার বক্তব্য শেষে মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা বক্তব্য শুরু করলে মঞ্চের ওপর ও নিচে হইচই শুরু হয়। তাঁদের শান্ত করতে শিরিন সুলতানার বক্তব্য থামিয়ে মাইকে খালেদা জিয়ার নামে স্লোগান শুরু করেন ছাত্রদলের সভাপতি। এতে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।এর বেশ কিছুক্ষণ পর যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন বক্তব্য শুরু করেন। এ সময় কোনো প্রোটোকল রক্ষা না করেই নেতা-কর্মীরা মঞ্চে উঠতে থাকেন। এতে ক্ষিপ্ত হয়ে বক্তব্য থামিয়ে দেন মোয়াজ্জেম। আর নিচ থেকে যুবদলের কর্মীরা শুরু করেন হইচই। বেশ কিছুক্ষণ হইচই শেষে মির্জা আব্বাস পরিস্থিতি শান্ত করেন।