রাজপথ কাঁপাতে নয়, উন্নয়ন করতে এসেছি
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজপথ কাঁপাতে নয়, রাজপথের উন্নয়ন করতে এসেছি।’ আজ শুক্রবার সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি পয়েন্টে এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন মন্ত্রী। এর আগে তিনি সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের গোবিন্দগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।লামাকাজি পয়েন্টে যোগাযোগমন্ত্রীকে দেখে নেতা-কর্মীরা স্লোগান দেন, ‘ওবায়দুল কাদের আসছেন, রাজপথ কাঁপছে’। এই স্লোগানের পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, ‘রাজপথ কাঁপাতে নয়, রাজপথের উন্নয়ন করতে এসেছি।’ তিনি সাধারণ মানুষের সঙ্গে ভালো আচরণ করার জন্য নেতা-কর্মীদের পরামর্শ দেন। তিনি অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ভিশন-২১ বাস্তবায়নে কাজ করার পরামর্শ দেন।পথসভায় বক্তব্য দেন স্থানীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন, লামাকাজি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনামুল হক প্রমুখ।