রাজপথে থাকবেন নেতা-কর্মী ও পুলিশ, জনমনে উৎকণ্ঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-জামায়াতসহ ১৮ দলীয় জোট আজ রোববার সারা দেশে রাজপথ অবরোধ কর্মসূচি পালন করবে। সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত ঢাকার ছয়টি প্রবেশপথসহ দেশের প্রধান প্রধান সড়ক এবং রাজধানীর ভেতরে ১৪টি স্থান অবরোধ করার প্রস্তুতি নিয়েছে তারা।তবে পুলিশ রাজপথ অবরোধ করতে দেবে না বলে জানিয়েছে। ভোর হওয়ার আগেই রাজধানীর প্রবেশপথগুলো পুলিশের দখলে চলে যাবে। এ ছাড়া রাজধানীতে ১০টি ভ্রাম্যমাণ আদালতও কাজ করবেন।পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, আইন ভঙ্গের ঘটনা ঘটলেই পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। মানুষের চলাচল নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।বিএনপির নেতারা বলেছেন, বাধা এলে তা প্রতিহত করা হবে, পাল্টা কর্মসূচি দেওয়া হবে। এদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো পাল্টা কর্মসূচি না দিলেও পাড়ায় পাড়ায় নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। এই অবস্থায় রাজধানীসহ দেশের সাধারণ নাগরিকদের মধ্যে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অবরোধ কর্মসূচির কারণে আজ ডিগ্রি পরীক্ষা এবং বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।বিএনপি ও জামায়াতের একাধিক সূত্র জানায়, চট্টগ্রামের সিটি গেট, অক্সিজেন মোড়, শাহ আমানত সেতু ও কাপ্তাই সড়কের মাথায় অবরোধ করবে বিএনপি। এ ছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে নেতা-কর্মীরা অবস্থান নেবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন।অবরোধ কর্মসূচির আগে গতকাল রাজধানীর মালিবাগে বাসে আগুন, বিজয়নগরে একটি গাড়ি ভাঙচুর ও মগবাজারে একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। কারওয়ান বাজার এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে ১৮ দলীয় জোট আজ আট ঘণ্টা রাজপথ অবরোধের কর্মসূচি দিয়েছে। এ কর্মসূচিকে ঘিরে ব্যাপক তৎপরতা শুরু করেছে পুলিশ। শুক্রবার রাতে পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করে। বিশেষ করে বস্তি ও মেসে অভিযান চালানো হয়। দুপুরের পর থেকে বিভিন্ন মোড়ে পুলিশি পাহারা বসানো হয়। সন্ধ্যার পর থেকে বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসায় পুলিশ। তবে গতকাল সকালের পর থেকেই রাজধানীজুড়ে ছিল তীব্র যানজট। আর সন্ধ্যার পর ভীতির কারণে রাজধানীর রাস্তা প্রায় ফাঁকা হয়ে যায়।ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, রাজধানীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি ১০টি ভ্রাম্যমাণ আদালত কাজ করবেন। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ এবং মানুষের জানমালের নিরাপত্তা দিতে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত তৎপর থাকবেন।কোন কোন স্থানে অবরোধ: ১৮ দলীয় জোটের নেতারা জানান, ঢাকার ছয় প্রবেশপথের মধ্যে সায়েদাবাদ-যাত্রাবাড়ী, গাবতলী, মহাখালী, উত্তরা, পোস্তগোলা ও পুরান ঢাকার বাবুবাজারে অবরোধ করা হবে। এ ছাড়া জয়দেবপুর চৌরাস্তা, রাজধানীর পল্টন, আসাদগেটসহ বিভিন্ন এলাকায় অবরোধ করা হতে পারে। ঢাকার প্রবেশপথের ছয় জায়গায় অবরোধ করতে ওই এলাকার বিএনপির সাবেক সাংসদ এবং আগামী নির্বাচনে দলের মনোনয়ন পেতে আগ্রহী নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।তবে বিএনপির ঢাকা মহানগর কমিটির সদস্যসচিব আবদুস সালাম বলেন, ‘অবরোধের জন্য আমরা কোনো জায়গা নির্দিষ্ট করিনি। নেতারা নিজ নিজ এলাকায় নিজেদের মতো করে অবরোধ করবেন।’সংশ্লিষ্ট সূত্র জানায়, একেকটি অবরোধস্থলে অন্তত পাঁচ হাজার লোকের সমাবেশ ঘটানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বিএনপি তিন হাজার, জামায়াতে ইসলামীসহ ১৮ দলীয় জোটের অন্য শরিকদের দুই হাজার লোক উপস্থিতির কথা বলা হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরের গুরুত্বপূর্ণ স্থানের অবরোধ কর্মসূচি তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের।অবরোধ চলাকালে জরুরি সেবাদানকারী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, সংবাদপত্র, লাশ বহনকারী গাড়ি, শীতকালীন সামরিক মহড়ায় নিয়োজিত যানবাহন ও কূটনৈতিক মিশনের যানবাহন কর্মসূচির আওতামুক্ত থাকবে।হয়রানির অভিযোগ: গতকাল বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, অবরোধ কর্মসূচি বানচাল করতে র্যা ব-পুলিশ ও সরকারের গোয়েন্দা সংস্থাগুলো বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর ‘হায়েনার’ মতো ঝাঁপিয়ে পড়েছে। বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শুক্রবার রাতে ও গতকাল ঢাকা মহানগরে ৯০ জনসহ সারা দেশে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৪৫ জনকে আটক করেছে পুলিশ। গুরুত্বপূর্ণ নেতাদের বাসাবাড়িতে তল্লাশি চালিয়ে পরিবারের সদস্যদের হয়রানি করা হচ্ছে।জামায়াতে ইসলামী সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে, ঢাকা মহানগরে ৬৭ জনসহ গতকাল দেশের বিভিন্ন স্থান থেকে দলের দেড় শতাধিক নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, কর্মসূচিকে ঘিরে সরকার পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে। তিনি ইঙ্গিত দেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার বাধা দিলে হরতালের মতো কঠোর কর্মসূচি আসতে পারে।এদিকে কর্মসূচির সমন্বয় ও তদারকির জন্য বিএনপি ১৯টি কমিটি করেছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৮ নভেম্বর নয়াপল্টনে ১৮ দলীয় জোটের সমাবেশে এ কর্মসূচির ঘোষণা দেন। এটি সফল করতে তিনি দলের স্থায়ী কমিটি, ১৮ দলের নেতা, বিএনপির ঢাকা মহানগর, ঢাকা জেলা কমিটি, ঢাকার সাবেক সাংসদ ও দলের সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেন।