বিরোধী দলের মহাসমাবেশের আগের দিন গতকাল রোববার রাজধানীর বড় অংশজুড়ে রাজপথে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ক্ষমতাসীন ১৪ দল। এ সময় স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধীদের মোকাবিলায় রাজপথে দৃঢ় অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নেতারা। আজ পাড়ায়-মহল্লায় অবস্থান নেওয়ার কথাও ঘোষণা করলেন তাঁরা।ঢাকা শহরের দুই প্রান্ত গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ১৪ কিলোমিটার রাস্তাজুড়ে কয়েক হাজার মানুষ রাজপথে অবস্থান নেয়। গতকাল বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত এক ঘণ্টার অবস্থান শেষে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি শেষ হয়।গাবতলী বাসস্ট্যান্ড থেকে মানববন্ধন শুরু হয়ে তা শ্যামলী, আসাদগেট, কলাবাগান, রাসেল স্কয়ার, গ্রিন রোড, বসুন্ধরা মার্কেট, সোনারগাঁও হোটেল মোড় হয়ে শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যানের সামনে দিয়ে মৎস্য ভবন, প্রেসক্লাব, পল্টন মোড়, নূর হোসেন স্কয়ার, গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ার, ইত্তেফাক মোড়, রাজধানী সুপার মার্কেট এবং সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ীতে শেষ হয়। বিভিন্ন স্থানে আওয়ামী লীগসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতারা মানববন্ধনে নেতৃত্ব দেন।কয়েকটি জায়গায় যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত গোলাম আযম, নিজামী, মুজাহিদ ও সাঈদীর প্রতীকী কুশপুত্তলিকা বানিয়ে তাতে অগ্নিসংযোগ করা হয়। কর্মসূচি চলাকালে রাস্তার যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হয়। তবে কোথাও কোথাও কর্মসূচির কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। অবশ্য গতকাল সকাল থেকে বাস চলাচল প্রায় বন্ধই ছিল।গুলিস্তানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সামনে আওয়ামী লীগ ও ১৪ দলের শীর্ষস্থানীয় নেতারা অবস্থান নেন। এখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘বিরোধী দল শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলে সহায়তা করা হবে। কিন্তু ধ্বংসাত্মক কার্যকলাপ করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শোনা যাচ্ছে, বিরোধী দল অস্ত্রধারীদের একত্র করছে। কিন্তু মানুষের জানমালের নিরাপত্তায় যেকোনো পদক্ষেপ নিতে সরকার দ্বিধা করবে না।’তোফায়েল আহমেদ বলেন, ‘বিরোধী দল দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলে ষড়যন্ত্রের জবাব দিতে হবে।’রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘অশান্তি সৃষ্টির চেষ্টা করবেন না। কথা থাকলে সংসদে এসে বলুন।’সাংসদ রাশেদ খান মেনন বলেন, ‘সংসদের ভেতরে বা বাইরে নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে প্রস্তাব দিতে পারেন। যুদ্ধাপরাধীদের সহায়তা করার চেষ্টা করবেন না।’ হাসানুল হক ইনু ও মাহবুব উল আলম হানিফও কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য দেন।বিকেল চারটা থেকে মানববন্ধন শুরু হওয়ার কথা থাকলেও বেলা আড়াইটার আগেই সোনারগাঁও হোটেলের সামনে এসে দাঁড়ান ঢাকা উত্তর ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিরপুর সড়কের আসাদগেট, কলেজগেট, শ্যামলী, কল্যাণপুর এলাকায় মানববন্ধনে যোগ দিতে নেতা-কর্মীরা দুপুরের পর এলাকা থেকে মিছিল নিয়ে আসতে থাকেন। শাহবাগ-বাংলামোটর এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বাসভর্তি হয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের আসতে দেখা যায়।বাংলামোটরে মানববন্ধনে কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। আসাদগেটে মানববন্ধনে অংশ নেন সংসদ উপনেতা সাজেদা চৌধুরী ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।শাহবাগ থেকে কলেজগেট পর্যন্ত মানববন্ধনে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, বিটিসিএলের গাড়িচালকেরা, বাটেক্সপোর নেতা-কর্মীরা, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা মানববন্ধনে অংশ নেন।মানববন্ধনে শিশুরাও: মিরপুর সড়কের রেসিডেনসিয়াল মডেল কলেজের সামনে ‘ফাঁসি চাই, ফাঁসি চাই’ করে লাফাচ্ছিল বিপ্লব, টিপু, ইমন, কোরবানসহ আরও কয়েকটি শিশু। এদের বয়স ৮ থেকে ১২। এরা জানাল, বিজলি মহল্লার কয়েকজন বড় ভাইয়ের সঙ্গে তারা এখানে এসেছে। ইমরান, সাব্বির, নুরুল নামের যে বড় ভাইদের তারা দেখিয়ে দিল, তাদের বয়স ১৪-১৫। বিকেলের খেলা বাদ দিয়ে তারা এসেছে এ কর্মসূচিতে। কেন এই কর্মসূচি জিজ্ঞেস করলে তারা কিছুই বলতে পারেনি।