ছুটির দিনে রাজধানীর রাজপথ বরাবরই বেশ নিরিবিলি থাকে। সন্ধ্যার পর থেকে অনেক সড়কই হয়ে যায় প্রায় ফাঁকা। তবে গতকাল শুক্রবার চৈত্রের শেষ রাতটিতে মানিক মিয়া এভিনিউর দৃশ্য ছিল অন্য রকম। মধ্যরাতেও সরগরম পরিস্থিতি। যানবাহনের জটলা। হাজারো মানুষের সোৎসাহ উপস্থিতি। গণমাধ্যমকর্মীদের ক্যামেরায় মুহুর্মুহু ঝলসে ওঠা ফ্লাশ। চিরচেনা ‘এসে হে বৈশাখ’ গানের সুরে রীতিমতো উৎসবমুখর পরিবেশ।হবেই না বা কেন? নতুন বছরকে স্বাগত জানিয়ে রাতভর মহানগরের এই দীর্ঘ ও প্রশস্ত পথজুড়ে আঁকা হবে পৃথিবীর সর্ববৃহৎ আলপনা। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেল ও প্রথম আলোর উদ্যোগে দেশের বরেণ্য শিল্পীরা নবীন আঁকিয়েদের নিয়ে অংশ নেবেন এই অঙ্কন কর্মযজ্ঞে—এই সংবাদ তো আগেই জেনেছিল নগরবাসী। কাজেই উৎসাহীরা এই অভূতপূর্ব ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হওয়ার সুযোগ হাতছাড়া করতে চাননি। হাজির হয়েছিলেন আঁকার পর্ব শুরু হওয়ার ঢের আগেই।আয়োজনের নাম ‘আঁকব আমরা দেখবে বিশ্ব’। জাতীয় সংসদের সামনে ছোট্ট উদ্বোধনী মঞ্চ। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। রাত ১১টা নাগাদ প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক অধীর আগ্রহে অপেক্ষমাণ দর্শকদের নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে বললেন, ‘এখন এক ইতিহাস সৃষ্টির মুহূর্ত। প্রায় তিন লাখ বর্গফুটজুড়ে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ আলপনা আঁকা শুরু হবে দেশের বরেণ্য শিল্পীদের নেতৃত্বে।’ তবে এর আগে গানে গানে বর্ষবিদায় ও নতুন বছরকে আবাহনের জন্য মঞ্চে আহ্বান জানালেন শিল্পী লাইসা আহমেদ লিসাকে। তিনি গেয়ে শোনালেন শেষ বসন্তের গান ‘দিয়ে গেনু বসন্তের এই গান খানি’ এবং ‘আজি বাংলাদেশের হূদয় হতে’।এরপর মঞ্চে এসে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান শিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, নিসার হোসেন, শিশির ভট্টাচার্য্য ও মনিরুজ্জামান। তাঁদের তত্ত্বাবধানে আড়াই শতাধিক নবীন শিল্পী পাঁচটি দলে বিভক্ত হয়ে আঁকেন আলপনা। পরে তাঁদের সঙ্গে হাত লাগিয়েছেন উৎসাহী দর্শকেরাও।উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন সাংসদ হাসানুল হক ইনু, আসাদুজ্জামান নূর ও এয়ারটেলের বিপণনপ্রধান মীর নৌবত আলী। প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেন, ‘এটি একটি দৃষ্টান্তমূলক ঘটনা ঘটতে যাচ্ছে। বাঙালি সংস্কৃতির চর্চার মধ্যে দিয়ে অসাম্প্রদায়িক দেশ গড়ার পথে নতুন বছরে আমরা আরও এগিয়ে যাব। নতুন বছরের প্রাক্কালে এই সুন্দর আলপনার মতোই পুরোনো সব জরা-জীর্ণতাকে কাটিয়ে আগামী বছরটি সুন্দর হয়ে উঠবে, এই প্রত্যাশা করি।’প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সমবেত সুধীকে আহ্বান জানিয়ে বলেন, ‘নতুন বছরের প্রাক্কালে আসুন, সবাই মিলে মানুষের স্বপ্নপূরণে, কল্যাণে, দেশকে সত্যিকার অর্থে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করি।’এর পরই প্রতীক্ষার পালা শেষ। শুরু হয়ে যায় দীর্ঘতম আলপনা আঁকার বিপুল কর্মযজ্ঞ। মঞ্চে বাজতে থাকে গান ‘এসো হে বৈশাখ...’। পথে রংতুলি নিয়ে মেতে ওঠে নবীন প্রজন্মের উদ্যমী আঁকিয়েরা। তাদের একজন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আনিকা নূর। পত্রিকায় সংবাদ পড়ে সে এসেছিল তার বাবা-মায়ের সঙ্গে এই অনন্য কর্মযজ্ঞে শামিল হতে। নকশায় রঙের প্রলেপ দিতে দিতে তার উচ্ছ্বসিত কণ্ঠের প্রতিক্রিয়া, ‘এই অনুষ্ঠানে এসে এবারের নববর্ষের অনুষ্ঠানটাই অন্য রকম আনন্দময় হয়ে উঠেছে। আমার আরও বন্ধুর এসেছে আলপনা আঁকতে। খুবই মজা করছি সবাই মিলে।’এই আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিল এশিয়াটিক ৩৬০ মার্কেটিং কমিউনিকেশন। সহায়তা করেছেন প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা। প্রথম আলো ডটকম, ই-প্রথম আলো, প্রথম আলো ব্লগ ও বন্ধুসভার ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হয় এই আলপনা আঁকার পর্ব।