রাজপথে নামতে তৎপর ধর্মভিত্তিক দলগুলোও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি যখন সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি নিয়ে সক্রিয় হচ্ছে, সেই মুহূর্তে সরকারবিরোধী ধর্মভিত্তিক দলগুলোও পৃথক কর্মসূচি নিয়ে মাঠে নামার উদ্যোগ নিয়েছে। পরিবর্তিত পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে রাজপথে সক্রিয় হওয়া তুলনামূলক সহজ হবে বলে মনে করছেন দলগুলোর নেতারা। ইসলামী আইন বাস্তবায়ন কমিটি আগামী ৩ ডিসেম্বর মুক্তাঙ্গনে সমাবেশ ডেকেছে এবং সেখান থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছে। ডিসেম্বর মাসের শুরুতে জাতীয় সংসদ অভিমুখে গণমিছিল করবে ইসলামী আন্দোলন। ওলামা মাশায়েখ পরিষদ নামে আরেকটি সংগঠন একই কর্মসূচি পালনের পরিকল্পনা করছে। এসব দল ও সংগঠনের সঙ্গে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জমিয়তে ওলামায়ে ইসলামীসহ ধর্মভিত্তিক আরও বেশ কয়েকটি দল ও সংগঠন সংশ্লিষ্ট থাকবে।মাঠে নামার জন্য ধর্মভিত্তিক দলগুলো প্রাথমিক ইস্যু হিসেবে শিক্ষানীতিকে বেছে নিয়েছে। তারা মনে করছে, এই শিক্ষানীতি অনুসরণ করলে শিক্ষার্থীরা প্রাথমিক পর্যায়েই ধর্মবিমুখ হয়ে পড়বে, মাদ্রাসা শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হবে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অবশ্য বলে আসছেন, শিক্ষানীতিতে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা নষ্ট হবে না। বরং মাদ্রাসা থেকে পাস করে শিক্ষার্থীরা যেন সাধারণ শিক্ষায় শিক্ষিতদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারে, সে জন্য ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে। এতে বরং শিক্ষার্থীদের উপকার হবে।শিক্ষানীতি পাস হওয়ার আগেই এর বিরুদ্ধে আগামী ৩ ডিসেম্বর রাজধানীর মুক্তাঙ্গনে সমাবেশ ডেকেছে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি। সমাবেশে সারা দেশ থেকে নেতা-কর্মীদের এনে জড়ো করার পরিকল্পনা আছে কমিটির। ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী এই কমিটির চেয়ারম্যান হলেও খেলাফত মজলিস, জমিয়তে ওলামায়ে ইসলামীসহ কওমি মাদ্রসাভিত্তিক বেশ কয়েকটি দল এই কমিটির ব্যানারে কাজ করছে।কমিটির কেন্দ্রীয় নেতা মাওলানা আবদুল লতিফ নেজামী জানিয়েছেন, ওই সমাবেশ থেকে ঢাকায় মহাসমাবেশ করাসহ আন্দোলনের আরও কর্মসূচি ঘোষণা করবেন মুফতি আমিনী।ডিসেম্বর মাসের শুরুতেই জাতীয় সংসদ অভিমুখে গণমিছিল করার কর্মসূচি নির্ধারণ করেছে চরমোনাইয়ের পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন। অবশ্য তাদের কর্মসূচির মধ্যে শিক্ষানীতির বিষয় ছাড়াও সংবিধান পুনর্মুদ্রণ, জাতীয় চার নীতি পুনঃপ্রতিষ্ঠা, ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন করার অধিকারের বিষয়গুলোও আছে। দলের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন প্রথম আলোকে জানান, ২৮ নভেম্বর কর্মসূচির তারিখ জানানো হবে।এই কর্মসূচির সঙ্গে আরও বেশ কয়েকটি দল একাত্মতা ঘোষণা করবে। খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ্ খান প্রথম আলোকে বলেছেন, ‘ইসলামী আন্দোলনের সব কর্মসূচির সঙ্গেই আমরা একাত্মতা পোষণ করব। মুসলিম লীগসহ কয়েকটি দলও এই কর্মসূচিতে অংশ নেবে।’আবার সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ নামে জামায়াতপন্থী আরেকটি সংগঠনও জাতীয় সংসদ অভিমুখে মিছিল করার ঘোষণা দিয়েছে। চলতি সপ্তাহে কর্মসূচির দিনক্ষণ জানা যাবে বলে সংগঠনটির সঙ্গে জড়িত মাওলানা যাইনুল আবেদিন জানিয়েছেন। এই সংগঠনে কওমি মাদ্রাসাভিত্তিক দলের নেতারা থাকলেও এর পেছনে জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা আছে বলে জানা গেছে।৯ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে শিক্ষানীতি নিয়ে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের আয়োজনে আলোচনা সভা হয়। সভায় শিক্ষানীতির চূড়ান্ত খসড়া বাতিলের দাবিতে জাতীয় সংসদ ঘেরাও করার হুমকি দেওয়া হয়।খোঁজ নিয়ে জানা গেছে, এই পরিষদ গঠন ও এর কার্যক্রম পরিচালনার পেছনে রয়েছে জামায়াতে ইসলামী। ৯ নভেম্বরের আলোচনা সভায় ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি আলমগীর মজুমদার শিক্ষানীতির ১৬টি সমালোচনা করে একটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। কিন্তু গত অক্টোবর মাসে ইসলামিক এডুকেশন সোসাইটি নামে জামায়াতপন্থী একটি সংগঠন জাতীয় শিক্ষানীতির ওপর যে পুস্তিকা বের করেছে, তাতে ওই সমালোচনাগুলোই তুলে ধরা হয়েছে।অবশ্য আলমগীর মজুমদার প্রথম আলোর কাছে দাবি করেছেন, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের নেতাদের সঙ্গে আলোচনা করে তিনি ওই সমালোচনাগুলো তৈরি করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, ইসলামিক এডুকেশন সোসাইটিকে তিনি চেনেন, তবে এর সঙ্গে তিনি জড়িত নন।জামায়াতের নায়েবে আমির নাজির আহমেদ এই ইসলামিক এডুকেশন সোসাইটির চেয়ারম্যান। পরিচালক আবদুর রবসহ সংশ্লিষ্ট সবাই জামায়াতের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট অথবা জামায়াতপন্থী পেশাজীবী।শিক্ষানীতিতে যে কারণে আপত্তি: ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী প্রথম আলোকে বলেন, ‘শিক্ষানীতির খসড়ায় মাদ্রসায়ও অষ্টম শ্রেণী পর্যন্ত অভিন্ন পাঠ্যসূচির কথা বলা হয়েছে। কিন্তু মাদ্রাসায় শিক্ষার্থীরা যায় এলেম শিখতে। অন্য কিছু পড়ানো হলে তাদের আগ্রহ ধর্মীয় বিষয়ের বদলে অন্য বিষয়ে চলে যাবে।’মাওলানা নেজামী আরও বলেন, কওমি মাদ্রাসা থেকে পাস করে পিয়ন হওয়ার যোগ্যতাও কেউ অর্জন করে না। এর পরও শিক্ষার্থী বাড়ছে। তার মানে, ধর্মীয় শিক্ষার প্রতি মানুষের অনুরাগ আছে।প্রাথমিক পর্যায়ে ললিতকলা শিক্ষারও বিরোধী ধর্মভিত্তিক দলের নেতারা। একজন নেতা বলেন, ছোট শিশুদের গান-নৃত্য ও ভাস্কর্য বিষয়ে পড়ানো হবে। কিন্তু ভাস্কর্য ইসলামবিরোধী। শিক্ষার্থীদের জীবনের শুরুতেই ইসলাম থেকে সরিয়ে নেওয়ার অপকৌশল এটা।