রাজপথে বাইকে
ব্যস্ত ঢাকার রাস্তায় হঠাৎ চোখে পড়ে তাঁদের।হাতে গোনা কয়েকজন। মোটরসাইকেল চালাচ্ছেন। একটা সময় ঢাকার বাইরে বেসরকারি সংস্থার কয়েকজন মেয়েই শুধু মোটরসাইকেল চালাতেন। সেই অবস্থার পরিবর্তন হয়েছে। সংখ্যা কম হলেও রাজধানীতে কয়েকজন মেয়ে তাঁদের প্রতিদিনের বাহন হিসেবে বেছে নিয়েছেন মোটরসাইকেল। কথা হলো এ রকম কয়েকজনের সঙ্গে। যেকোনো পোশাক পরেই চালানো যায়নেদা শাকিবাপ্রকল্প ব্যবস্থাপক, ওয়ার্ল্ড মার্কেটিং সামিট কোম্পানি লিমিটেড‘ছোটবেলা থেকে শখ ছিল মোটরসাইকেল চালানোর। বাবার হাত ধরেই শেখা। এরপর সেভাবে আর চালানো হয়নি। ২০০৫ সালে গাড়ি ও মোটরসাইকেলের লাইসেন্সের জন্য পরীক্ষা দিই। পেয়েও গেলাম। ভর্তি হলাম নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে। তখন ঢাকার বনানী-গুলশানের অনেক রাস্তায় রিকশা বন্ধ হয়ে গেল। বুঝলাম, এবার আর মোটরসাইকেল ছাড়া চলবে না। কিনেও ফেললাম। একনিমেষে জীবনের কত ঝামেলা যে কমে গেল। আমাদের বারিধারার বাড়ি থেকে বিশ্ববিদ্যালয় যাওয়ার আর কোনো হ্যাপা থাকল না।’ ওয়ার্ল্ড মার্কেটিং সামিট কোম্পানি লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক নেদা শাকিবা বলছিলেন তাঁর মোটরসাইকেল চালানোর শুরুর গল্প।‘পরিবারের সবাই ভীষণ সমর্থন দিয়েছিলেন। বিশেষ করে বাবা। আমার চালানো দেখে পরিচিত অনেকেই শিখতে চাইল। কেউ কেউ বাসায় এসে শিখেছে। কিন্তু বাড়ির সমর্থন না থাকায় তারা চালাতে পারছে না। আমার কাছে মনে হয়, সামর্থ্য থাকলে সব মেয়ের মোটরসাইকেল চালানো শেখা দরকার। ‘এই যেমন ইচ্ছামতো যেকোনো রাস্তা দিয়ে যাওয়া যায়। শাড়ি, সালোয়ার-কামিজসহ যেকোনো পোশাক পরে মোটরসাইকেল চালানো যায়। ‘আমি নিজেও তা-ই করি। চাইলে পেছনে একটা ঝুড়ি নিতে পারেন। কেনাকাটা করে পায়ের কাছে রাখা যেতে পারে। সবচেয়ে বড় কথা, জীবনে স্বাধীনতার স্বাদ পাবেন। যখন আমি মোটরসাইকেল চালাই নিজেকে পৃথিবীর রাজা মনে হয়। ‘মোটরসাইকেলের নিয়মিত যত্নও নিতে হবে। তাহলে রাস্তায় অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়ানো সম্ভব।’একটি অভিজ্ঞতা আরও কিছু কথানেদা শাকিবা ও কারিশমা সানুর মতো আরও কয়েকজন চালান মোটরসাইকেল। মাছরাঙা টেলিভিশনের গ্রাফিকস ডিজাইনার শারমিন আহমেদ তেমন একজন। তিনি জানালেন, ‘প্রতিদিন রিকশার জন্য অপেক্ষা করা, বেশি ভাড়া চাইলে মেজাজ গরম হয়ে যাওয়া, বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, অতঃপর যদিও এল ভিড়ের কারণে উঠতে না পারা, অসহনীয় মনে হলো সব। সিদ্ধান্ত নিলাম, মোটরসাইকেল কিনব। কিন্তু পরিবারের কেউ তো রাজি না। দুর্ঘটনা ঘটে যদি। আশপাশের লোকজনই বা কী বলবে। সবকিছু উপেক্ষা করে আমি আমার সিদ্ধান্তে অটল থাকলাম। কিনে ফেললাম মোটরসাইকেল।’ মোটরসাইকেল কেনার পর তাঁর নিত্যদিনের চলাফেরা কতটা সহজ হয়েছে একে একে বলতে থাকেন। ‘ঢাকার তো সব রাস্তায় রিকশা চলে না। আমি চাইলেই এখন যেকোনো রাস্তা দিয়ে যেতে পারি। অনেক সময় বাঁচে। আর স্বাচ্ছন্দ্য বোধ করি এই বাহনে চড়তে। শুধু নিজে চড়ি না, অন্যকেও চড়িয়ে ঘুরে বেড়াই। শুরুতে পরিবারের কেউ রাজি না থাকলেও এখন সবাই উৎসাহ দেয়। মাঝে মাঝে সকালে ছোট ভাইয়ের স্কুলে দেরি হলে মা বলে ওকে পৌঁছে দিতে। মজা লাগে তখন। আর যখন মোটরসাইকেল চালাই, ভীষণ জোস লাগে। এটা বোঝানো যাবে না।’শারমিন বলেন, ‘মোটরসাইকেল চালানো শেখা কোনো কঠিন বিষয় নয়। যে কেউ চাইলে পারবে। আর যারা সাইকেল চালাতে পারে, তাদের জন্য তো খুবই সহজ। যেহেতু মেয়েদের মোটরসাইকেলে অটোগিয়ার থাকে তাই গিয়ার পরিবর্তন করতে হয় না। দুই হাতে ধরে ভারসাম্য বজায় রাখলেই চলবে। আরেকটা বড় সুবিধা হলো, সিএনজি গ্যাসের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয় না। তবে রাস্তায় চালানোর সময় প্রথম প্রথম সবাই এমনভাবে তাকাত, বিরক্ত লাগত। ঠিকমতো সাইড দিতে চায় না। মেয়ে বুঝতে পারলে বাসগুলো ঘেঁষে দাঁড়ায়। আর মন্তব্য তো আছেই। তবু মনে হয় মোটরসাইকেলের সুবিধাই বেশি। এই বাহন ছাড়া আমি অচল।’ টিভিএস অটো বাংলাদেশ, সিঙ্গার ও হোন্ডা কোম্পানি এ দেশে মেয়েদের জন্য মোটরসাইকেল নিয়ে আসে। কথা হয় টিভিএস অটো বাংলাদেশের বিক্রয় সমন্বয়ক জেসমিনের সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের এখানে স্কুটির আগে চাহিদা ছিল। বর্তমানে এর চাহিদা কমে যাওয়ায় নতুন ব্র্যান্ড উইগো আনা হয়, যদিও এ মুহূর্তে আমাদের বিক্রয়কেন্দ্রে এটি পাওয়া যাচ্ছে না। আশা করছি, দু-তিন মাসের মধ্যেই পাওয়া যাবে।’আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়কারিশমা সানুদ্বিতীয় বর্ষ, সংগীত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়‘আগে যে গন্তব্যে যেতে পঞ্চাশ টাকা রিকশাভাড়া লাগত, এখন সেখানে যেতে দশ টাকার তেল লাগে। দীর্ঘক্ষণ যানজটে বসে থাকতে হয় না। অনেক সময় বাঁচে। আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। মনে হয় এখন আমি সব পারব।’ কারিশমা সানুর মতে, ‘এর চেয়ে বড় সুবিধা আর কোন যানবাহন থেকে পাব?’ কারিশমা সানু সবার কাছে সভ্যতা নামে পরিচিত। ‘বাবার উৎসাহে গত বছর কিনেছিলাম মোটরসাইকেল। আগে সাইকেল চালানো জানা থাকায় মোটরসাইকেল চালানো শিখতে বেশি সময় লাগেনি। বাবাও খুব সাহায্য করেছেন। বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন যাতায়াতসহ সব জায়গায় সময়মতো পৌঁছানো যায়। আশপাশের সবাই খুব উৎসাহ দেয়। তবে বিড়ম্বনাও আছে কিছু। কোনো কারণে হুট করে মোটরসাইকেলে সমস্যা হলে রাস্তায় সবাই এমন করতে থাকে যেন মেয়ে বলেই মোটরসাইকেল নষ্ট হয়েছে।’ সভ্যতার মোটরসাইকেল এখন তাঁদের পারিবারিক মোটরসাইকেল। ‘আমার বড় দুই ভাই-বোনও এটি চালায়। মাকে পেছনে নিয়ে প্রায়ই ঘুরতে বের হই। তখন মায়ের আনন্দ দেখে ভীষণ ভালো লাগে।’