মধুপুর ভূ-কাঠামোর অংশ ঢাকা নগরে প্রাকৃতিক বনের ছিটেফোঁটাও নেই। পরিবেশ রক্ষা কিংবা সজ্জার নামে নগরের পথে-ঘাটে যেসব উদ্ভিদ লাগানো হচ্ছে, তাতে থাকছে না পরিকল্পনার ছোঁয়া। তাই ক্রমেই শ্রীহীন, ছায়াহীন হয়ে পড়েছে ঢাকা। ইট-পাথরের জঞ্জালে ঢাকা এই নগরের সড়কে বৃক্ষসজ্জার কথা লিখেছেন মিল্লাত হোসেন
রাজপথের ছায়াতরু
একটু ছায়া...রোদেলা দুপুর। যানবাহনের জন্য প্রহর গুনছে যাত্রীরা। উত্তাপে ঘেমে উঠছে শরীর। সূর্যালোকে ঝাপসা হয়ে আসতে চায় চোখ। একটু ছায়া খুঁজতে তাই অনেকের ইতিউতি চাহনি। কিন্তু মেলে না ছায়া। কেবল মাথার ওপর থাকা তারের জটলা একটুখানি ছায়া দিচ্ছে পায়ে চলা পথে। তারই ছায়ায় আশ্রয় নিতে চেষ্টা করে পথচারী কিংবা অপেক্ষমাণ যাত্রীরা। কারওয়ান বাজার মোড়ে এ দৃশ্য প্রতিদিনের। কি পূর্ব কি পশ্চিম, দুই পাশের চিত্রই এমন। বিকেলে সূর্যটা পূর্বে যেমন উত্তাপ দেয়, তেমনি উত্তাপ দেয় পশ্চিমেও। কেননা ভবনের কাচের দেয়ালে আলো প্রতিফলিত হয়ে চলে আসে পশ্চিমেও।নগরের বড় বড় সড়কের পাশে কাচের দেয়ালঘেরা ভবন বাড়ছে। কিন্তু পায়ে চলা পথের পাশে বাড়ছে না গাছপালা। কেবল গুটি কয়েক পরিকল্পিত এলাকার সড়কের পায়ে চলা পথেই দেখা যায় উদ্ভিদ। এর মধ্যে রয়েছে শেরেবাংলা নগর, রমনা উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কিছু সড়ক। এসব এলাকায় থাকা হরেক রকম গাছ পথিকদের ছায়া দিচ্ছে। আবার যেসব জায়গায় বিশাল বিশাল গাছ আছে, তার নিচে একটু জিরিয়ে নেন মুটে, মজুর, রিকশাওয়ালা ও হকাররা।ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থাকা ব্রিটিশ আমলের বিশাল বিশাল রেইনট্রির নিচে দেখা যায় এমন দৃশ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অদূরেই শিক্ষা ভবনের পাশের সড়কদ্বীপের কাঠবাদামের ছায়ায় জিরিয়ে নেয় পথচারী ও ভবঘুরেরা। এখানে একটি ফলকে উল্লেখ করা আছে, নগর বনায়ন প্রকল্পের মাধ্যমে লাগানো হয়েছে গাছগুলো। বিমানবন্দর সড়কের কোথাও কোথাও একই প্রকল্পের সুফল দেখা যায়। এর মাধ্যমে লাগানো গাছ পথিকদের ছায়া দিচ্ছে। আবার সবুজে ভরিয়ে তুলেছে আশপাশ। ইট-পাথরের নগরের পায়ে চলা পথে গাছ লাগানোর কোনো প্রকল্প নেওয়া হবে কি? জানতে চাইলে ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা শিরিনা খাতুন জানান, নগর বনায়নে আবার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে নগরের সড়কের ফুটপাতসহ বিভিন্ন খালি জায়গায় গাছ লাগানো হবে। বন বিভাগের মাঠ কর্মকর্তারা গাছ লাগানোর স্থান নির্বাচনে কাজ করছেন। এ জন্য ডিসিসির কাছ থেকেও পরামর্শ নেওয়া হবে বলে তিনি জানান।সজ্জায় আতিশয্য!জিয়া কলোনি থেকে বিমানবন্দর পর্যন্ত বিমানবন্দর সড়কের দুই পাশে রয়েছে রাধাচূড়া, জারুল, খেজুরগাছের সজ্জা। নগরের আর কোথাও সরকারি উদ্যোগে এমন সবুজ সজ্জা চোখে পড়ে না। এই সজ্জাকর্মের কয়েক বছর আগেই বিমানবন্দর সড়কের পাশের শিমুল, পলাশ, পেল্টোফোরাম, মেহগনি গাছ কেটে ফেলা হয়েছে বলে জানান প্রকৃতিপ্রেমী ফারুখ আহমেদ। তিনি বলেন, শহরের পথের ধারে এখন আর গাছ লাগানো হয় না। তবে বছর কয়েক ধরে সড়ক বিভাজকে গাছ লাগানোর হিড়িক পড়ে গেছে। এ ক্ষেত্রে দেশি গাছকে প্রাধান্য দেওয়া উচিত।খামারবাড়ি প্রান্তে মানিক মিয়া এভিনিউয়ের সড়ক বিভাজকে দেখা গেল রাধাচূড়া গাছ। এগুলো ছেয়ে আছে লাল-হলুদ মিশেলের ফুলে। তার পরই সড়ক বিভাজকে দাঁড়িয়ে আছে বড় বড় গাছ। এভাবে নগরের অন্যান্য সড়ক বিভাজকেও অপরিকল্পিতভাবে গাছ লাগানো হচ্ছে। কোথাও লাগানো হচ্ছে ফুলগাছ। কোথাও লাগানো হচ্ছে বাহারি পাতার গাছ। আবার বনজ, ফলদ গাছও লাগানো হচ্ছে কোথাও কোথাও। ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) কিংবা বন বিভাগ এই কাজে এগিয়ে আসেনি। কাজটি হচ্ছে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে। তারা ডিসিসি থেকে অনুমোদন নিয়ে সড়ক বিভাজকে গাছ লাগাচ্ছে।সড়ক বিভাজকে লতাগুল্মজাতীয় গাছ লাগানো উচিত বলে জানান স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি এ এস এম ইসমাইল। তিনি বলেন, সড়ক বিভাজকে বড় গাছ থাকলে বিভাজকে ফাটল ধরতে পারে। আবার বড় গাছের ডাল ভেঙে পড়ে দুর্ঘটনারও আশঙ্কা থাকে। এ বিষয়ে ডিসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ ও ঢাকা মহানগর সৌন্দর্যবর্ধন কমিটির সদস্যসচিব সিরাজুল ইসলাম দাবি করেন, এখন লতাগুল্মজাতীয় গাছ বিভাজকে লাগানোর অনুমতি দেওয়া হয়। আগে বিভাজকে এলোমেলোভাবে গাছ লাগানো হয়েছে বলে তিনি স্বীকার করেন।উদ্যাননগর হবে না ঢাকা?ঢাকার উদ্যান ও বৃক্ষের যেসব নিদর্শন এখন দেখা যাচ্ছে, সেগুলো ব্রিটিশ ও পাকিস্তান আমলের নগর পরিকল্পনার ঐতিহ্য বহন করছে। কোম্পানি আমলে বর্তমান ঢাকার বেশির ভাগ এলাকা প্রাকৃতিক ঝোপঝাড়ে পূর্ণ ছিল। এ প্রসঙ্গে ঐতিহাসিক ঢাকা মহানগরী: বিবর্তন ও সম্ভাবনা (সম্পাদনা ইফতিখার-উল-আউয়াল) গ্রন্থের ‘ঢাকার উদ্যান ও বৃক্ষ’ নিবন্ধে আহমদ মোজাহারুল হক লিখেছেন, ১৭৮০ সালের দিকে কারওয়ান বাজার থেকে উত্তরে টঙ্গী পর্যন্ত বৃক্ষে পরিপূর্ণ ছিল। ১৮২৪ সালে ঢাকার কালেক্টর হাউস রমনা গ্রিন ও রমনা রেসকোর্সের পত্তন করেন। ১৯০৮ সালে ঢাকা শহরকে গাছপালা দিয়ে সাজানোর পরিকল্পনা করেন প্রকৃতিপ্রেমিক মি. হেয়ার। তখন লন্ডনের ‘কিউ’ গার্ডেনের ইনস্ট্রাক্টর প্রাউডলুককে ঢাকা নগরকে বৃক্ষ দিয়ে সাজানোর দায়িত্ব দেওয়া হয়। এক দশক তিনি ঢাকায় ছিলেন। তাঁর হাতেই তৈরি হয় রমনা গ্রিন। পথতরু, পার্ক ও বিভিন্ন উদ্যানের পরিকল্পনা বাস্তবায়নে তাঁর সহকারী ছিলেন অখিলচন্দ্র চক্রবর্তী। ঢাকা মহানগরের প্রধান আকর্ষণ ছিল একই রাস্তার ধারে একই ধরনের বৃক্ষের সাজসজ্জা। আহমদ মোজাহারুল হকের বিবরণ থেকে জানা যায়, রমনার সেগুন বাগানের জায়গায় তৈরি হয়েছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। এমন আরও অনেক উন্নয়নকর্মের কারণে কাটা পড়েছে রমনা উদ্যানের বহু বটগাছ, কৃষ্ণচূড়া। এ জন্য এখন রমনা গ্রিনের খণ্ডিত অংশ হিসেবে টিকে আছে রমনা উদ্যান।রমনা ও সোহরাওয়ার্দী উদ্যান বাদে নগরের আর যে এলাকায় পথে-ঘাটে বৃক্ষছায়া বেশি পড়ে, সেটি হচ্ছে শেরেবাংলা নগর এলাকা। পাকিস্তান আমলে দ্বিতীয় রাজধানী তৈরির উদ্যোগ নেওয়া হয়, যার নাম রাখা হয় শেরেবাংলা নগর। এর নকশা তৈরি করেন যুক্তরাষ্ট্রের স্থপতি লুই ইসিডোর কান। তাঁর নকশায় ছিল বাগবাগিচা, ঝিল, লেক ও সবুজ উদ্যান। লুই কানের নকশা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তবে এখনো নগরের সবুজপ্রধান এলাকা হিসেবে এগিয়ে আছে শেরেবাংলা নগর। পাকিস্তান আমলে মিরপুর ও মোহাম্মদপুরের নগরায়ণ পরিকল্পনায় ছিল অর্ধশতাধিক সবুজ চত্বর। এসব সবুজ চত্বরের বেশির ভাগে গড়ে উঠেছে ঘরবাড়ি, বিপণিবিতান। গুটি কয়েক টিকে আছে নিভু নিভু প্রদীপের মতো। খাতাপত্রের পরিকল্পনা আলোর মুখ দেখলে মিরপুরের প্রতিটি সড়কের পাশে এখন উদ্ভিদের সমারোহ থাকত বলে জানান স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি এ এস এম ইসমাইল।মধুপুর ভূ-কাঠামোর অংশ হিসেবে ঢাকা শহরের প্রতীক-বৃক্ষের দাবিদার ছিল শাল। কিন্তু একসময় তার বদলে প্রাধান্য পেয়েছে রেইনট্রি। এখন নগরের সড়ক বিভাজকে ঠাঁই পেয়েছে মেহগনি, একাশিয়া। নগরের ফুটপাতে এখন ছায়াবৃক্ষ নেই। ঢাকা ত্রৈমাসিক (ঢাকার স্মৃতি সংখ্যা) পত্রিকার ‘নগরীর বৃক্ষস্মৃতি’ শীর্ষক লেখায় এমন বিবরণ দিয়েছেন নিসর্গী দ্বিজেন শর্মা। তিনি উল্লেখ করেছেন, ঢাকাকে রূপসী রমনার আদলে উদ্যাননগর বানানোর স্বপ্ন আর কোনো দিন পূরণ হবে না।