রাজপরিবারের উত্তরাধিকার আইন সংশোধনে ক্যামেরনের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বড় মেয়ে যাতে ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী হতে পারে, সে জন্য আনুষ্ঠানিকভাবে আইন সংশোধনের প্রক্রিয়া শুরু করেছেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।শতাব্দীপ্রাচীন আইন কীভাবে সংশোধন করা হবে, তা বিস্তারিত জানিয়ে কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রধানমন্ত্রীদের কাছে চিঠি দিয়েছেন ক্যামেরন।চিঠিতে ক্যামেরন বলেছেন, রাজপরিবারের অপেক্ষাকৃত কনিষ্ঠ পুরুষ সদস্যরা জ্যেষ্ঠ নারীদের আগে সিংহাসনের উত্তরাধিকারী হবেন, এটা সামঞ্জস্যপূর্ণ নয় এবং লৈঙ্গিক সমতার বিরোধী।প্রধানমন্ত্রী বলেন, ‘রাজপরিবারের উত্তরাধিকার নির্বাচন নিয়ে আমরা ব্রিটেনে দুটি সুনির্দিষ্ট ক্ষেত্রে দিন দিন সমস্যার সম্মুখীন হচ্ছি। প্রথমত, প্রচলিত আইন অনুযায়ী, বড় মেয়ে ছোট ছেলের পর উত্তরাধিকারী হতে পারবেন। আমরা সব ক্ষেত্রে লৈঙ্গিক সমতাবিধানের পক্ষে। কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ এই পদের ক্ষেত্রে আমাদের প্রতিনিয়ত পুরুষের প্রাধান্য মেনে নিতে হচ্ছে।’ক্যামেরন বলেন, তিনি এই আইন পরিবর্তন করতে চান। একই সঙ্গে রাজপরিবারের কোনো সদস্য কোনো রোমান ক্যাথলিককে বিয়ে করলেও তাঁর জন্য সিংহাসনের উত্তরাধিকারী হওয়ার পথ উন্মুক্ত থাকবে বলে আশা প্রকাশ করেন ক্যামেরন।একই সঙ্গে রাজপরিবারের সদস্যদের বিয়ের জন্য অনুমতি নেওয়ার আইনও সংশোধনের আহ্বান জানিয়েছেন ক্যামেরন। তিনি প্রস্তাব করেছেন, শুধু উত্তরাধিকারের তালিকায় থাকা প্রথম ছয়জনের ক্ষেত্রে বিয়েতে রাজা বা রানির অনুমতি নিতে হবে। দ্য টেলিগ্রাফ।