রাজবন্দীদের ক্ষমা করলেন মুরসি
মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধে আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া সব বন্দীকে ক্ষমা করেছেন বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। প্রেসিডেন্টের সরকারি ফেসবুক পাতায় এক বার্তার মাধ্যমে এ ক্ষমার কথা ঘোষণা করা হয়। গতকাল সোমবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়েছে।বার্তায় বলা হয়েছে, বিপ্লবের সমর্থনে তাদের কর্মকাণ্ড ক্ষমা করে দেওয়া হলো। এতে কয়েক হাজার রাজবন্দী মুক্তি পাবেন।১৮ দিনের টানা গণ-আন্দোলনে বহু লোক নিহত হওয়ার পর গত বছরের ফেব্রুয়ারিতে হোসনি মোবারক ক্ষমতাচ্যুত হন। বর্তমানে তিনি কারাবন্দী আছেন এবং তাঁর বিচার চলছে।২০১১ সালের ২৫ জানুয়ারি মোবারকবিরোধী বিক্ষোভ শুরুর পর থেকে এ বছরের জুনে মুরসির ক্ষমতা নেওয়ার আগ পর্যন্ত যাঁরা গ্রেপ্তার হয়েছেন, সেসব রাজবন্দী এই ক্ষমার আওতায় পড়বেন। যাঁরা বিচারের মুখোমুখি হওয়ার অপেক্ষায় আছেন এবং যাঁরা এর মধ্যেই সাজা ভোগ করছেন—উভয়ই এ ক্ষমার সুবিধা ভোগ করবেন। তবে হত্যা মামলায় অভিযুক্ত ব্যক্তিরা এ সুবিধা পাবেন না।রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘মেনা’ জানিয়েছে, ক্ষমা পাওয়া রাজবন্দীদের নাম আগামী এক মাসের মধ্যে সামরিক কর্মকর্তা ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে বিচার-বিশ্লেষণের পর প্রকাশ করা হবে।