রাজবাড়ী ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী ও ব্রাহ্মণবাড়িয়ায় আজ শুক্রবার সকালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ছয়জন মারা গেছেন। রাজবাড়ী: আজ ভোর চারটার দিকে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ছোট ব্রিজ এলাকায় দৌলতদিয়া-খুলনা মহাসড়কে ট্রাকচাপায় চার বন্ধু নিহত হন। তাঁরা হলেন—রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমোহর ইউনয়নের ছিদ্দিক ইসলামের ছেলে নজরুল ইসলাম (২১), হায়াত আলীর ছেলে আল আমীন (২৪), ওদুদ শেখের ছেলে সাইফুল শেখ (১৮) ও মজিবুর মোল্লার ছেলে শফিকুল মোল্লা।গোয়ালন্দ মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মাসুদুর রহমান খান জানান, ওই যুবকেরা একটি মোটরসাইকেলে দৌলতদিয়া থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। এ সময় খানখানাপুর ছোট ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত অবস্থায় শফিকুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর বাসস্ট্যান্ডের কাছে কুমিল্লা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার অপর তিন যাত্রী। আজ বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন—অটোরিকশার চালক এরশাদ মিয়া (৪০) ও যাত্রী ফায়েজ মিয়া (৫২)। তাঁদের বাড়ি সুলতানপুর গ্রামে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে এবং প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রশিদ প্রথম আলো ডটকমকে জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে যাত্রী নেওয়ার জন্য অটোরিকশাটি সুলতানপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল। এ সময় আখাউড়া থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী যাত্রীবাহী দিগন্ত পরিবহনের একটি বাস ওই অটোরিকশাকে ধাক্কা দিয়ে বেশ কিছু দূর নিয়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক এরশাদ মিয়া নিহত ও তিন যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের জেলা সদর হাসপাতালে নেওয়ার পর ফায়েজ মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বাসটি ভাঙচুর করে মহাসড়ক অবরোধ করে রাখে। পরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব ঘটনাস্থলে গেলে আধা ঘণ্টা পর বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়।