রাজবাড়ীতে অপহূত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ২
এক অপহূত স্কুলছাত্রীকে আজ শনিবার রাজবাড়ী সদর উপজেলার চর শ্যামনগর থেকে পুলিশ উদ্ধার করেছে। অপহরণের ৩২ ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান প্রথম আলোকে জানান, স্থানীয় কয়েকজন বখাটে যুবক গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে চর শ্যামনগরে নানাবাড়ি থেকে ছাত্রীটিকে অপহরণ করে। অপহরণকারীদের মধ্যে শহরের মাছঘাটা এলাকার কোরবান আলীর ছেলে শাহিন (১৮), একই এলাকার সেকেন আলীর ছেলে নঈম (১৯), কলেজপাড়ার তোরাব সরদারের ছেলে মামুন সরদার (১৯), বিনোদপুরের মোহন শেখের ছেলে রহমান (১৮) ও একই এলাকার রাজন (১৮) ছিল। তাঁরা ছাত্রীটির নানাবাড়িতে গিয়ে জোর করে তাকে অটোবাইকে তুলে পালানোর চেষ্টা করে। এ সময় পরিবারের লোকজনের চিত্কারে স্থানীয় লোকজন এগিয়ে আসে। এ সময় মামুন সরদারকে আটক করতে পারলেও ছাত্রীটিকে নিয়ে বাকিরা দ্রুত পালিয়ে যায়। আটক মামুনকে মারধরের পর থানায় সোপর্দ করা হয়।আনিসুর রহমান আরও জানান, গতকাল ছাত্রীর বাবা খোরশেদ মণ্ডল বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আজ শনিবার ভোররাতে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের কোলারহাট এলাকায় আসামি রহমানের এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে প্রধান আসামি শাহিনকে গ্রেপ্তার ও ছাত্রীটিকে উদ্ধার করে। গ্রেপ্তার দুই আসামিকে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে পুলিশ এখনো বাকি তিনজনকে গ্রেপ্তার করতে পারেনি।