রাজবাড়ীতে আবার বাস চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী জেলায় সব অভ্যন্তরীণ রুটে আজ মঙ্গলবার দুপুর দুইটার পর থেকে বাস চলাচল শুরু হয়েছে। জেলা বাস মালিক গ্রুপ গতকাল সোমবার বিকেল থেকে বাস ধর্মঘট শুরু করে। ধর্মঘট চলাকালে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। আজ দুপুর ১২টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী সমস্যা সমাধানে বাস মালিক ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে এক বৈঠকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করেন। জানা যায়, স্থানীয় প্রশাসনের কোনো ধরনের অনুমতি না নিয়ে জেলা বাস মালিক গ্রুপ গত রোববার বিকেলে হঠাত্ রাজবাড়ী শহরের মুরগির ফার্ম বাসস্ট্যান্ড এলাকা থেকে বাস কাউন্টার সরিয়ে বড়পুল স্টেডিয়াম এলাকায় স্থাপন করে যাত্রী ওঠানামা করছিল। গতকাল সোমবার দুপুরের দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরা সেটি উঠিয়ে দেয়। এর প্রতিবাদে বাস মালিক গ্রুপ বিকেল পাঁচটা থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয়। জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আবদুল কুদ্দুস খান অভিযোগ করেন, কোনো কারণ ছাড়াই হঠাত্ গতকাল বিকেল থেকে মালিক গ্রুপ বাস চলাচল বন্ধ ঘোষণা করে। এতে বাস শ্রমিকদের সমস্যার পাশাপাশি এ অঞ্চলের সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।