রাজবাড়ীর কালুখালীতে ১৪৪ ধারা জারি অব্যাহত
রাজবাড়ী জেলার নবগঠিত কালুখালী উপজেলার রতনদিয়া বাজার এলাকায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আজ শুক্রবারও ১৪৪ ধারা জারি অব্যাহত রয়েছে। পুলিশ এ সংঘর্ষের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে মোট চারজনকে গ্রেপ্তার করা হলো। ঘটনাস্থলে এখনো পুলিশ মোতায়েন রয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—পলাশ চক্রবর্তী (৪৮) ও তাঁর ভাই শিশির চক্রবর্তী ওরফে রকেট (৩৫), আবদুল হালিম (৪৫) এবং জনি (২২)।পাংশা থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, কালুখালী উপজেলার রতনদিয়া বাজার এলাকায় তোফাদিয়া ও গঙ্গানন্দপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তোফাদিয়া গ্রামের মো. মান্নান মোল্যা বাদী হয়ে একটি মামলা করেন। এতে নামধারী ২৮ জন ও অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।পুলিশ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আগেই গ্রেপ্তার হওয়া রকেট এর বড় ভাই পলাশ চক্রবর্তীকে গ্রেপ্তার করে।এদিকে রতনদিয়া বাজারের ব্যবসায়ীরা ১৪৪ ধারা জারি হওয়ায় ও নতুন করে সংঘাতের ভয়ে এখনো কেউ ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারছেন না।কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ হোসেন খান জানান, এলাকাগুলোয় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে এবং আগে জারি করা ১৪৪ ধারা এখনো বহাল রয়েছে। পরিস্থিতির উন্নতি হলে তা প্রত্যাহার হতে পারে। এলাকায় এখনো পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া র্যাবের একাধিক টিম টহল দিচ্ছে।গত বুধবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কালুখালী উপজেলা সদরের প্রধান রতনদিয়া বাজারের পার্শ্ববর্তী তোফাদিয়া ও গঙ্গানন্দপুর গ্রামের মধ্যে ওই দিন ও পরের দিন কয়েক দফা সংঘর্ষ বাধে। এতে দেশীয় বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। উভয় পক্ষের অন্তত ১৬-১৭টি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়।পরে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় এবং গতকাল বাধ্য হয়ে সকাল সাড়ে ১০টার দিকে রতনদিয়া, মালিয়াট বাজার ও কালুখালী রেলস্টেশন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।