রাজবাড়ী মাতিয়ে গেলেন মমতাজ, রথীন্দ্রনাথ ও চঞ্চল চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাজোট সরকারের এক বছর পূর্তি উপলক্ষে রাজবাড়ী স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে দর্শকদের মাতিয়ে গেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম, রথীন্দ্রনাথ রায়, অভিনেতা চঞ্চল চৌধুরী ও খুদে গানরাজ কবি। জেলা আওয়ামী লীগের উদ্যোগে ৫ ও ৬ মার্চ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শেষ দিন ৬ মার্চ জেলা স্টেডিয়ামে কণ্ঠশিল্পী মমতাজ বেগম, অভিনেতা চঞ্চল চৌধুরী, খুদে গানরাজ প্রতিযোগিতার কবি ও চ্যানেল ওয়ানে খুদে গান প্রতিযোগিতার শিল্পী তৌকির আহম্মেদ গান পরিবেশন করে। মমতাজ বেগম একে একে ছয়টি এবং অভিনেতা চঞ্চল চৌধুরী চারটি গান পরিবেশন করেন।এ ছাড়া রাজবাড়ী শিল্পকলা একাডেমির নিয়মিত শিল্পীদের পাশাপাশি জনপ্রিয় নৃত্যশিল্পী আবদুস সাত্তার কালুর পরিচালনায় নৃত্যানুষ্ঠান মঞ্চস্থ হয়। এ সময় প্রধান অতিথি তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, সংস্কৃতি মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারানা হালিম, মাহফুজা মণ্ডল, মো. জিল্লুল হাকিম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কামাল লোহানী, জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ, পুলিশ সুপার মহা. আশরাফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।৫ মার্চ দেশবরেণ্য ভাওয়াইয়া শিল্পী রথীন্দ্রনাথ রায়, ড. ফকির সহিদুল ইসলাম প্রমুখ সংগীত পরিবেশন করেন। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।