রাজবাড়ীতে আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু
রাজবাড়ী সদর উপজেলার বাগমারায় গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে অগ্নিকাণ্ডে গোলাপী বেগম (২৮) নামের একজন গৃহবধূর মৃত্যু হয়েছে। জানা গেছে, গরুর খামারের পাশের একটি টিনের ঘরে আজিম মোল্যা তাঁর স্ত্রী ও এক শিশুসন্তানকে নিয়ে বাস করতেন। হঠাত্ ওই ঘরে আগুন লেগে গেলে আজিম মোল্যা খামারের গরুগুলো বাঁচানোর চেষ্টা করেন। এদিকে ঘরে স্ত্রী গোলাপী বেগম ও তাঁর দেড় বছরের শিশুসন্তান ঘুমন্ত অবস্থায় ছিল। আগুন চারদিকে ছড়িয়ে পড়লে গোলাপী বেগম তাঁর শিশুসন্তানকে বাইরে ছিটকে ফেলে দিলেও নিজে আর ঘর থেকে বের হতে পারেননি। আগুনে পুড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। আজ বুধবার সকালে জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরাদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। রাজবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের দ্বিতীয় কর্মকর্তা শামসুল আলম জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তাঁরা প্রাথমিকভাবে ধারণা করছেন।