রাজবাড়ীতে গণপিটুনিতে একজন নিহত
গণপিটুনিতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় শিশির বাড়ৈই (৪২) নামের ব্যক্তি গুরুতর আহত হয়ে রাজবাড়ী সদর হাসপাতালে মারা গেছেন। গতকাল রোববার রাত নয়টার দিকে তিনি মারা যান। পুলিশের দাবি শিশির পূর্ব বাংলার সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা ও শিশির বাহিনীর প্রধান। তিনি বালিয়াকান্দি ও রাজবাড়ী সদর থানায় দায়েরকৃত দুটি অপহরণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।শিশির উপজেলার জঙ্গল ইউনিয়নের পুস আমলা গ্রামের বাসিন্দা। বালিয়াকান্দি থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে শিশির উপজেলার আমতলা বাজারের পাশে সোনার মোড় এলাকার দোকানে বসে চা পান করছিলেন। এ সময় তিনি দোকানের টেবিলের ওপর তাঁর পিস্তলটি বের করে রাখেন।স্থানীয় কয়েকজন যুবক পিস্তল বের করে গল্প করার কারণ জানতে চাইলে শিশির তাঁদেরকে গুলি করার হুমকি দেন। এলাকাবাসীর সঙ্গে অপরিচিত যুবককে তর্ক করতে দেখে স্থানীয় লোকজন তাঁদেরকে ঘিরে ফেলে। এ সময় শিশিরের সঙ্গে থাকা সহকর্মী আকুল পিস্তল বের করে তিনটি ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে এলাকা ত্যাগ করেন। পরে উত্তেজিত লোকজন একত্র হয়ে শিশিরকে গণপিটুনি দেয়। খবর পেয়ে বালিয়াকান্দি থানার পুলিশ মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত নয়টার দিকে তাঁকে মৃত ঘোষণা করা হয়। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে তিনটি গুলিভর্তি একটি বিদেশি পিস্তল ও সন্ত্রাসীদের ব্যবহূত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় গতকাল রাত আড়াইটার দিকে বালিয়াকান্দি থানায় পুলিশ বাদী হয়ে শিশির বাড়ৈই ও সহকর্মী আকুলকে আসামি করে অস্ত্র আইনে একটি মামলা করে। রাজবাড়ীর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, এলাকাবাসী শিশিরকে চিনতে না পেরে অপরিচিত লোক ভেবে এবং স্থানীয়দের সঙ্গে গণ্ডগোল করায় তাঁকে পিটুনি দেয়। চিনতে পারলে হয়তো কেউ ভয়ে এ ঘটনা ঘটাত না। তাঁর বিরুদ্ধে বালিয়াকান্দি ও রাজবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে।