রাজবাড়ীতে চরমপন্থীর লাশ উদ্ধার, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার ব্রাহ্মণদিয়া গ্রামে একটি কলাবাগান থেকে আজ শুক্রবার আলমগীর তালুকদার (২৩) নামের এক চরমপন্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ওই গ্রামের ফজুল বেপারী (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকাবাসী আজ সকাল ১০টার দিকে ব্রাহ্মণদিয়া গ্রামে পূর্বপাড়ার এক কলাবাগানে একটি লাশ পড়ে থাকতে দেখে। পরে থানায় খবর দিলে রাজবাড়ীর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবদুল মান্নানের নেতৃত্বে পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে।আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে চরমপন্থী সংগঠনের অভ্যন্তরীণ বিরোধের কারণে আলমগীরকে খুন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠানো হয়েছে। এ ঘটনায় গ্রামের ফজুল বেপারী (৩০) নামের একজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।এলাকাবাসী ও পুলিশ জানায়, স্থানীয় আবদুল কাদের তালুকদারের ছেলে আলমগীর তালুকদার নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা সর্বহারা পার্টির (লাল-পতাকা) একজন সদস্য ছিল। গত কিছুদিন তিনি দলের কাজ বাদ দিয়ে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ নিয়ে অন্য চরমপন্থীদের সঙ্গে তাঁর মতবিরোধ দেখা দেয়। সম্ভবত এ কারণে তাঁকে হত্যা করা হতে পারে।