রাজবাড়ীতে চাঁদ বাহিনীর প্রধানসহ দুই চরমপন্থী নিহত
রাজবাড়ীতে চরমপন্থীদের দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে চাঁদ বাহিনীর প্রধান চাঁদ মোহন ও বিধান বাহিনীর শহিদুল নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে জেলার বালিয়াকান্দির রামখোলা মন্দির এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।নিহত চাঁদ মোহন বালিয়াকান্দির জঙ্গল ইউনিয়নের আখপোটরা গ্রামের গোকুল চন্দ বাড়ৈয়ের ছেলে। আর শহীদুল বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানার গশেদপুর গ্রামের অখিল শেখের ছেলে।বালিয়াকান্দি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ময়েন উদ্দিন বিশ্বাস জানান, তিনি ঘটনাস্থল থেকে চাঁদ মোহনের লাশ ও এলাকার ভাঙ্গরদা চর থেকে শহীদুলের লাশ উদ্ধার করে বালিয়াকান্দি থানায় নিয়ে আসেন।বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান বন্দুকযুদ্ধে দুজন চরমপন্থীর নিহতের ঘটনা স্বীকার করে বলেন, ‘চাঁদ মোহনের লাশ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শহীদুল অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তবে চাঁদ মোহনের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় কোন মামলা ছিল না।জানা যায়, এ অঞ্চলের অন্যতম চরমপন্থী নেতা শিশির চক্রবর্তী গত ১ মে জনতার পিটুনিতে মারা যান। এরপর শিশির বাহিনীর সদস্য চাঁদ মোহন নিজের নামে চাঁদ বাহিনী গড়ে তোলেন। শিশিরের মৃত্যুর পর তাঁদের প্রতিপক্ষ পার্শ্ববর্তী মাগুরা জেলার শ্রীপুরের বিধান বাহিনী এ এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করতে থাকে। এই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে এ বন্দুকযুদ্ধ হয়েছে বলে মনে করা হচ্ছে।