রাজবাড়ীতে চিত্রশিল্পী রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের আর্ট ক্যাম্প
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের অংশগ্রহণে রাজবাড়ী পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে চার দিনব্যাপী আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী রশীদ চৌধুরীর ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে স্থানীয় শিল্পী রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ এ ক্যাম্পের আয়োজন করেছে। ২৮ মার্চ এ ক্যাম্পের উদ্বোধন করেন রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস। একুশে পদকপ্রাপ্ত রাজবাড়ীর কৃতী চিত্রশিল্পী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রধান মনসুর-উল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সুনীল কুমার বিশ্বাস, লেখক ও গবেষক মতিয়র রহমান, শফিউর রহমান চৌধুরী, বন্ধুসভার সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান ও সবিতা গুহ প্রমুখ বক্তৃতা করেন। ক্যাম্পে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৬জন ছাত্রছাত্রী অংশ নেন। ৩১ মার্চ পর্যন্ত এ আর্ট ক্যাম্প চলে।