রাজবাড়ীতে ডিগবার ফুটবল টুর্নামেন্ট শুরু
স্থানীয় যুবসমাজকে মাদকের অন্ধকার জগত থেকে ফিরিয়ে আনা ও মাদকমুক্ত যুবসমাজ গঠনের লক্ষ্যে জনসচেতনা সৃষ্টির জন্য স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ জীবনের’ উদ্যোগে ৩০ জুলাই রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয় (জিলা স্কুল) মাঠে ডিগবার ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী চেম্বার-অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী ইরাদত আলী। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ সিদ্দিকুর রহমান। এ সময় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলম, সবুজজীবন ডিগবার ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক রফিকুজ্জামান সেলিম ও সদস্যসচিব আলমগীর শেখ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে আটটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো—বনানী সংঘ, মর্নিং স্টার, শুভেচ্ছা, মিলন সংঘ, হসপিটাল গেট, আজিম স্মৃতি, নবারুণ সংঘ ও ইয়াং স্টার। উদ্বোধনী খেলায় বনানী সংঘ ২-০ গোলের ব্যবধানে মর্নিং স্টারকে পরাজিত করে।ফুটবলের নতুন সংস্করণ ডিগবার (ছোট গোলপোস্টের) পদ্ধতির খেলা রাজবাড়ীতে এই প্রথম। এই খেলায় গোলপোস্টের আয়তন মাত্র ১২ বর্গফুট (৪ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট উঁচু)। প্রতি দলের খেলোয়াড়ের সংখ্যা ছয়জন। গোলকিপারকে পা দিয়ে বল ঠেকাতে হয়। পেনাল্টি হলে মাঝ মাঠ থেকে ফাঁকা গোলপোস্টে শট নিতে হয়। নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টের আরও বিশেষত্ব হলো, প্রতিটি খেলাই রাতে সার্চলাইটের আলোতে অনুষ্ঠিত হবে।