রাজবাড়ীতে ডিগবার ফুটবলে আজিম স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন
রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ আগস্ট অনুষ্ঠিত হয়। খেলায় ‘আজিম স্মৃতি সংঘ’ টাইব্রেকারে ৩-২ গোলে ‘মামুন-আফতাব-চঞ্চল-সুমন স্মৃতি সংঘ’কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুপম হোসেন, কায়ছার হামিদ, শেখ মো. আসলাম, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সবুজ জীবন ডিগবার ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক মো. রফিকুজ্জামান সেলিম ও সদস্যসচিব মো. আলমগীর শেখ। মাদকমুক্ত সুস্থ যুবসমাজ গঠনের লক্ষ্যে সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ জীবন’ রাজবাড়ীতে প্রথমবারের মতো ডিগবার (ছোট গোল পোস্টের) ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। ৩০ জুলাই এই টুর্নামেন্ট শুরু হয়। এতে আটটি দল অংশ নেয়। আবদুল কুদ্দুস স্মৃতি রৌপ্যকাপ টুর্নামেন্টে সুপার স্টার ক্লাব চ্যাম্পিয়ন: রাজবাড়ী শহরের সজ্জনকান্দা মধ্যপাড়া জামে মসজিদসংলগ্ন মাঠে ৭ আগস্ট স্থানীয় অগ্রগামী যুব সংঘ আয়োজিত মরহুম ‘আবদুুল কুদ্দুস স্মৃতি রৌপ্য কাপ’ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ‘সুপার স্টার’ ক্লাব ৩-০ গোলে ‘শাহিন স্মৃতি সংঘ’কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় প্রধান অতিথি ছিলেন আবদুস ছালাম মিয়া এবং বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী মাহতাব উদ্দিন ও জেলা ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান। অগ্রগামী যুব সংঘের সভাপতি মীর আ. আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. ফিরোজ, সোনাপুর জাহানারা বেগম কলেজের অধ্যক্ষ মফিজ উদ্দিন সেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। ২০ জুলাই নক আউট পদ্ধতির এই টুর্নামেন্ট শুরু হয়। আটটি দল এই টুর্নামেন্টে অংশ নেয়।