রাজবাড়ীতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার ফসল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দফায় পদ্মা নদীর পানি বাড়ায় রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার বিস্তীর্ণ এলাকার ফসল তলিয়ে গেছে। সরেজমিনে জানা গেছে, সদর উপজেলার চন্দনী, খানগঞ্জ, রামকান্তপুর ও মিজানপুর এবং গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া, দেবগ্রাম ও উজানচর ইউনিয়নের চরাঞ্চলের কয়েক বিঘা জমির চীনা বাদাম, ধান, ডাল, তিল, সবজিসহ নানা উঠতি ফসল তলিয়ে গেছে। এর মধ্যে রয়েছে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া, চর পদ্মা, ধাওয়াপাড়া, কাবিলপুর, চর নন্দলালপুর ও খাসচর পদ্মা, খানগঞ্জ ইউনিয়নের হাটবাড়িয়া, চর হাটবাড়িয়া, রানীগ্রাম ও রঘু নন্দনপুর, মিজানপুর ইউনিয়নের চর গাছিয়াদহ, মৌকুড়ি, চর সিলিমপুর, চর কাঠুরিয়া, চর আমবাড়িয়াসহ রামকান্তপুর ইউনিয়নের কিছু অংশ। এ ছাড়া গোয়ালন্দের দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি, দেবগ্রাম ও বেতকা, দৌলতদিয়া ইউনিয়নের চর দৌলতদিয়া, উত্তর দৌলতদিয়া ও বাহির চর দৌলতদিয়া এবং উজানচর ইউনিয়নের চর করনেশন, মজলিশপুর, মহিদাপুরসহ আরও কিছু এলাকা।চন্দনী ইউনিয়নের জৌকুড়া এলাকার কৃষক আবদুর রব জানান, তাঁর প্রায় সাত একর বোরো ধান, আট একর বাদাম ও তিন একর সোনামুগ কলাইয়ের প্রদর্শনীমাঠ তলিয়ে গেছে। চর পদ্মা এলাকার কৃষক মহিউদ্দিন জানান, তার পাঁচ একর ধান, চার একর বাদামের কিছুই অবশিষ্ট নেই। কৃষক বরুণ কুণ্ডু তাঁর পাঁচ একর জমি তলিয়ে যাওয়ায় ছয়-সাতজন লোক নিয়ে পানিতে ডুব দিয়ে আধা পাকা ধান কেটে আনেন। তিনি জানান, ৫০ শতাংশ ফসল ঘরে এলেও কিছুটা সাশ্রয় হবে।গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া এলাকার আবদুুল জলিল শেখ (৬০) বলেন, ‘প্রায় চার বিঘা জমিতে পটল লাগিয়েছিলাম। হঠাৎ করে পানি বাড়ায় খেত তলিয়ে গেলে, অনেক আবাদি পটল তুলে বাজারে কম দামে বিক্রি করতে হয়েছে। এ ছাড়া কিছু বাদামও লাগিয়েছিলাম, তা-ও তুলে ফেলতে হয়েছে।’ উজানচর ইউনিয়নের চর করনেশন এলাকার এজাজ মণ্ডল (৩৫) জানান, কয়েক বিঘা জমির পটল, উচ্ছে তলিয়ে যাওয়ায় নষ্ট হয়ে গেছে।গোয়ালন্দ উপজেলার সহকারী কৃষি সম্প্র্রসারণ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, দুই দফায় পানি বাড়ায় উপজেলার দৌলতদিয়া, দেবগ্রাম ও উজানচর ইউনিয়নে ১৬০ হেক্টর জমির ফসল ও সবজি তলিয়ে গেছে। এতে ৬৫ লাখ টাকার ওপরে ক্ষতি হয়েছে।রাজবাড়ী সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা সুজিত কুমার নন্দী জানান, প্রথম দফায় পানি বাড়ায় সবচেয়ে বেশি ফসলের ক্ষতি হয়েছে। দ্বিতীয় দফা বাড়ায় তেমন একটা ক্ষতি হয়নি। তার পরও এতে প্রায় এক কোটি আট লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে।