রাজবাড়ীতে পাট নিয়ে বিপাকে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী জেলা সদর, পাংশা ও বালিয়াকান্দি উপজেলার কৃষকেরা পানির অভাবে পাট জাগ দিতে (পচাতে) না পারায় বিপাকে পড়েছেন। ফলে অনেক স্থানেই খেত থেকে পাট কাটতে না পারায় আমন চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর জেলার চারটি উপজেলায় পাট আবাদের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে ২৬ হাজার ৯০০ হেক্টর। কিন্তু পাট চাষ হয়েছে ৩৫ হাজার ৯৮৮ হেক্টরে। রেকর্ড পরিমাণ পাট আবাদ হলেও ডোবা-নালা, খাল-বিলের কোথাও পানি না থাকায় পাট জাগ দিতে না পারায় বিপাকে পড়েছেন কৃষকেরা।সরেজমিনে রাজবাড়ী জেলা সদর, পাংশা ও বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চাষিরা পানির অভাবে জাগ দিতে না পারায় মাঠের পর মাঠ পাট কেটে জমিতেই রেখে দিয়েছে। আবার কেউ ওই পাট কোনো রকমে রাস্তার ওপর উঠিয়ে পাতা ঝরিয়ে ঘোড়ার গাড়ি, ভ্যান বা নসিমনে করে অন্যত্র নিয়ে যাচ্ছেন জাগ দিতে।রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের দরপ নারায়ণপুর গ্রামের কৃষক আবদুর রহমান (৬৫) জানান, এ বছর তিনি প্রায় সাড়ে চার বিঘা জমিতে পাট চাষ করেছেন। কিন্তু পানির অভাবে জাগ দেওয়ার ব্যবস্থা করতে না পারায় খেতেই কেটে রেখে দিয়েছেন। একই উপজেলার খানখানাপুর ইউনিয়নের খানখানাপুর গ্রামের কৃষক আবদুল গফুর ফকির (৫৬) ও সেলিম (৪০) জানান, তাঁরা আশপাশের কোথাও পানির ব্যবস্থা করতে না পারায় রাস্তার পাশে বাড়ির সামনে ছোট মজা পুকুরের পাড়ে একটি স্যালো মেশিন বসিয়েছেন পানি দেওয়ার জন্য। তাঁদের দেখাদেখি আশপাশের অন্তত আট-নয়জন কৃষক তাঁদের পাট এনে এখানে জাগ দিচ্ছেন।বালিয়াকান্দি উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের করিম শেখ (৪৫) ও হাসমত শেখ (৫৬) জানান, তাঁরা বেশি টাকার আশায় মাঠ ভরে পাট চাষ করেছেন। কিন্তু এখন পানির অভাবে জাগ দিতে না পারায় মাঠের নিচু এলাকায় স্যালো মেশিন ভাড়া করে পানি দিচ্ছেন।রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ফারুক আহাম্মেদ প্রথম আলোকে বলেন, এ বছর বৃষ্টি না হওয়ায় এবং খাল-ডোবায় পানি না থাকায় কৃষকদের পাট জাগ দিতে চরম সমস্যায় পড়তে হচ্ছে। যাদের অল্প পরিমাণে পাট আছে, তাদের ‘রিবন রেটিং’ পদ্ধতিতে পাট পচানোর পরামর্শ দেওয়া হচ্ছে। বেশি পাট থাকায় খরচ বেশি হলেও তাঁদের এই পদ্ধতি অবলম্বন করা উচিত। কৃষকেরা জমি থেকে পাট কাটতে না পারলে আমনসহ অন্যান্য রবি ফসলের আবাদ ব্যাহত হতে পারে।