রাজবাড়ীতে বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪০
রাজবাড়ীর গোয়ালন্দে আজ শুক্রবার বিকেলে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রমজান মাতুব্বরপাড়া এলাকায় বাসের ত্রিমুখী সংঘর্ষে বাসের সহকারীসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৪০ জন। নিহত হওয়া ব্যক্তিরা হলেন, সোহাগ পরিবহনের বাসের সহকারী মো. সরওয়ার (৩২)। অপরজনের পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের রাজবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়েছে। সেখানকার কর্তব্যরত চিকিত্সক মির্জা মোহাম্মদ আসিফ আকবর জানান, আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আহত হওয়া যাত্রীরা ও পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সুরভী পরিবহনের একটি বাসের সঙ্গে খুলনা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি বাসই দুমড়েমুচড়ে সড়কের দুই পাশে পড়ে যায়। সংঘর্ষের পর সোহাগ পরিবহনের বাসটি পেছনে থাকা ঈগল পরিবহনের বাসের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঈগল পরিবহনের বাসটির সামনের অংশ ভেঙে যায় এবং বাসটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় প্রায় আধাঘণ্টা ওই মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও রাজবাড়ী থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলী নূর হোসেন জানান, উদ্ধারকাজ এখনো চলছে। তবে রাজবাড়ী জেলায় কোনো রেকার না থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।